বাংলাদেশে আগামী মৌসুম খেলবেন কি না, নিশ্চিত নয়। তবে আপাতত কাল শেষ টানলেন লাল কার্ড দেখে। এসব এক পাশে রেখেই সনি নর্দে বললেন তাঁর বাংলাদেশ-অধ্যায় নিয়ে। শেখ রাসেলকে ‘ট্রেবল’ জিতিয়ে হাইতিয়ান প্লেমেকার ইংল্যান্ডে ট্রায়াল দিতে যাচ্ছেন কয়েক দিনের মধ্যে এই মৌসুম শেষ করলেন। আগামী মৌসুমেও বাংলাদেশে দেখা যাবে আপনাকে?সনি নর্দে: এটা আমি এখনই নিশ্চিত করে বলতে পারছি না। কয়েক দিনের মধ্যে ইংল্যান্ডে দ্বিতীয় বিভাগের একটি দলে ট্রায়াল দিতে যাব। সেখানে টিকে গেলে থেকে যাব। সই করব। তবে না টিকলে বাংলাদেশে ফিরতে পারি। তাহলে তো বাংলাদেশে ফেরাটা অনিশ্চিতই বলা যায়। ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগে খেলার ব্যাপারে আসলে কতটা আশাবাদী আপনি?নর্দে: আমি আশাবাদী। কারণ, ওরা আমার ভিডিও দেখে ট্রায়াল দিয়ে যেতে বলেছে। আমার এজেন্ট একসময় স্টোক সিটি ও টটেনহামে খেলেছেন। তিনি চান, আমি যেন ইংল্যান্ডে সুযোগ পাই। আমার নিজেরও স্বপ্ন ইউরোপে খেলা। ঢাকায় যদি ফেরেন, তাহলে শেখ রাসেলেই খেলবেন, নাকি অন্য কোনো দলে?নর্দে: শেখ রাসেলে খেলাটাকেই অগ্রাধিকার দেব। কারণ, রাসেলের সভাপতি বেশ আন্তরিক, দলীয় ব্যবস্থাপনাও ভালো। রাসেলের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আমার। তবে শেখ জামাল ও মোহামেডানের কাছ থেকেও প্রস্তাব পেয়েছি। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়। শেখ জামাল আপনাকে মাসে ১০ হাজার ডলার প্রস্তাব করেছে বলে শোনা যাচ্ছে। পাঁচ মাসে ৫০ হাজার ডলার আগামও নাকি দিতে চেয়েছে?নর্দে: আমি বড় অঙ্কের প্রস্তাবই পেয়েছি। তবে এসব নিয়ে এখন কথা বলতে চাই না। এখন আমার ধ্যানজ্ঞান ইংল্যান্ডে যাওয়া। তাই বাংলাদেশের কোনো প্রস্তাব নিয়ে মাথা ঘামাচ্ছি না। এটা পরে দেখা যাবে। বোকা জুনিয়র্সের একাডেমি থেকে বেরিয়ে মেক্সিকোয় খেলেছেন। তার পরই বাংলাদেশে। এ দেশে আপনার কেমন কাটল?নর্দে: খুব ভালো কেটেছে। আমি উপভোগ করেছি। বাংলাদেশে এসেছিলাম আসলে কাকতালীয়ভাবে। মেক্সিকোয় দ্বিতীয় বিভাগের দলে খেলা শেষ করে বাংলাদেশে আসার প্রস্তাব পেয়ে চলে আসি। এখানকার সবকিছুই আমার অজানা ছিল। এসে খারাপ লাগেনি। কয়েকটা মাস আনন্দেই কাটিয়ে দিয়েছি। শেখ রাসেলকে ট্রেবল জেতাতে বড় অবদান রেখেছেন আপনি। লিগে ছয়টি গোলও করেছেন। আপনার চোখে বাংলাদেশের ঘরোয়া ফুটবল কেমন?নর্দে: ভালোই বলব। প্রতিদ্বন্দ্বিতা আছে। তবে একটা জিনিসের অভাব বোধ করেছি বেশি। এখানে যত ভালো খেলাই হোক, ফুটবলারদেরও নীরবেই খেলতে হয়। মানে, দর্শক থাকে না গ্যালারিতে। দর্শক না এলে খেলোয়াড়েরা প্রেরণা পায় না। আশা করব, আগামী মৌসুমে এই ঘাটতি দূর হবে। ফুটবলারদের কেমন দেখলেন?নর্দে: এ দেশে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। যেমন জাহিদ, এমিলি, মামুনুল। ওদের সঙ্গে খেলে আমি দারুণ আনন্দ পেয়েছি। এই কজন তো শেখ রাসেলের খেলোয়াড়। অন্য দলের কারও নাম বলবেন?নর্দে: অন্য দলের কারও নাম আমি এই মুহূর্তে বলতে পারব না। তবে অন্য দলেও ভালো খেলোয়াড় আছে, এটা বলতে পারি। খেলোয়াড়দের প্রয়োজন আরও সমর্থন। তাহলে তারা আরও সামনে এগোতে পারবে।