‘ইইউ ঘৃণার বিপরীতে সহমর্মিতার নিদর্শন’
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তিতে ইউরোপের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা—সবাই উচ্ছ্বসিত। ইউরোপীয় পত্র-পত্রিকাগুলো শান্তি পুরস্কারের খবর তাত্ক্ষণিকভাবে তাদের অনলাইন সংস্করণের প্রধান শিরোনাম করেছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সভাপতি হোসে ম্যানুয়েল বারোসো বলেছেন, এই বিজয় পুরো ইউরোপের পাঁচ কোটি (৫০০ মিলিয়ন) মানুষের।জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলছেন, এটি একটি চমত্কার সিদ্ধান্ত। এতে ইউরোপীয় ইউনিয়নের বিগত ৬০ বছরের ধারণা সম্মানিত হল। পাশাপাশি শান্তি, মানবাধিকার আর গণতন্ত্রের পথে আমাদের দায়িত্বটা আরও বেড়ে গেল। ইউরোপীয় পার্লামেন্টের স্পিকার মার্টিন শূলজ বলছেন, ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধকে পিছনে ফেলে শান্তির সন্ধান আর ঘৃণার বিপরীতে সহমর্মিতার নিদর্শন হয়ে রইবে। ঐক্যবদ্ধ জার্মানি গড়ার অন্যতম কারিগর ৮২ বছর বয়সী সাবেক চ্যান্সেলর হেলমুট কোল। তিনি বলেছেন, শান্তির স্বপক্ষে ইউরোপীয় ইউনিয়নের যে বার্তা তা এই পুরস্কার প্রাপ্তিতে আরও বেশি মাত্রায় স্বীকৃত পেল। চীন সফররত জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভেলে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন দেখিয়েছে, কীভাবে প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসস্তুপ থেকে বেরিয়ে এসে মুক্তির আর শান্তির পথে এগিয়ে যাওয়া যায়। আর এক কালের শত্রু কীভাবে সহযোগী হতে পারে।১৯৫৭ সালে নিজেদের অর্থনৈতিক উন্নয়নের জন্য কয়লা আর ইস্পাত বিনিময়ের মাধ্যমে ছয়টি ইউরোপীয় দেশ একটি অর্থনৈতিক সমঝোতা জোট তৈরি করেছিল। এই জোটই পরে ইউরোপীয় ইউনিয়ন নামে ২৭ জাতির সমন্বয় আর সমঝোতার বিশ্বজনীন উদাহরণ হিসাবে দাঁড়িয়ে গেছে। এ সংস্থাটি ইউরোপীয় পার্লামেন্ট, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকসহ নানা যৌথ উদ্যোগের প্রবক্তা। ১৯৯৯ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১০টি দেশ ইউরো মুদ্রা চালু করে। পরে আরও সাতটি দেশ একক মুদ্রা ব্যবস্থার এ জোটে যোগ দেয়। অর্থনীতির পাশাপাশি ভিসামুক্ত যাতায়াত ব্যবস্থাসহ নানা ধরনের শিক্ষা, সাংস্কৃতিক গবেষণামূলক কার্যক্রম চালাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।