‘ইউসুফের নেতৃত্বে প্রথম রাজাকার বাহিনী গঠিত হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. মতিউর রহমান গতকাল মঙ্গলবার জেরায় বলেছেন, একাত্তরের মে মাসে এ কে এম ইউসুফের নেতৃত্বে খুলনায় প্রথম রাজাকার বাহিনী গঠিত হয়। পরে প্রজ্ঞাপন জারি করে এই বাহিনীকে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল মতিউর রহমানকে পঞ্চম দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। আসামির কাঠগড়ায় এ সময় গোলাম আযম হাজির ছিলেন।পবিত্র ঈদুল আজহার ছুটির পর গতকাল ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম বলেন, তদন্ত কর্মকর্তাকে অনন্তকাল ধরে জেরা চলতে পারে না। বিধি অনুসারে জবানবন্দির বিষয়বস্তুর মধ্যে জেরা সীমাবদ্ধ থাকতে হবে। এ ছাড়া সাক্ষ্য গ্রহণকালের সময় ব্যবস্থাপনার ক্ষমতা ট্রাইব্যুনালের আছে। এ সময় মিজানুল ইসলাম বলেন, আইন ও বিধি অনুসারে জেরা অনন্তকাল ধরে চালানোর সুযোগ নেই। কোনো প্রশ্ন অপ্রাসঙ্গিক মনে হলে তা বাদ দেওয়ার ক্ষমতা ট্রাইব্যুনালের আছে। ট্রাইব্যুনাল বলেন, ‘প্রয়োজন মনে হলে এ বিষয়ে আদেশ দেওয়া হবে।’এরপর জেরা শুরু হয়। একাত্তরে রাজাকার বাহিনী সরকারি নিয়ন্ত্রণে যাওয়ার আগে এর প্রধান কে ছিলেন—আসামিপক্ষের আইনজীবীর এ প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, সরকারি নিয়ন্ত্রণে যাওয়ার আগে রাজাকার বাহিনীর প্রধান কে ছিলেন, তা না জানলেও তিনি এটা জানেন যে মে মাসে খুলনার খানজাহান আলী রোডের আনসার ক্যাম্পে এ কে এম ইউসুফের নেতৃত্বে ৯৬ জন সদস্য নিয়ে রাজাকার বাহিনী গঠন করা হয়। এই তথ্যের সূত্র কী—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় মানুষের বক্তব্য ও তদন্তে তিনি এ তথ্য পেয়েছেন। এ প্রসঙ্গে কোনো পত্রিকা বা সংবাদ সংস্থার প্রতিবেদন কি সংগ্রহে আছে—এর জবাবে তিনি বলেন, এ মুহূর্তে মনে নেই। পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজাকার বাহিনী সরকারি নিয়ন্ত্রণে যাওয়ার পর এর প্রধান ছিলেন জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট মোহাম্মদ ইউনিছ। তিনি ইসলামী ব্যাংকসহ বিভিন্ন সংস্থার উচ্চপদে কর্মরত আছেন।মিজানুল ইসলাম রাজাকার বাহিনী গঠন-সম্পর্কিত বেশ কয়েকটি প্রশ্ন করেন। একপর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, ‘জেরায় বেশি ডালপালা ছড়িয়ে গেছে। মামলা কার বিরুদ্ধে, সেটাই ভুলে গেছি।’আসামিপক্ষের আইনজীবী বলেন, প্রজ্ঞাপন জারির মাধ্যমে রাজাকার বাহিনী সরকারি নিয়ন্ত্রণে যাওয়ার পর এর প্রধান ছিলেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুর রহিম। তদন্ত কর্মকর্তা বলেন, এটি তাঁর জানা নেই। পরে আইনজীবী মত (সাজেশন) দেন, গোলাম আযম রাজাকার বাহিনীর প্রধান ছিলেন না। তদন্ত কর্মকর্তা বলেন, এটি সত্য নয়।পরে একাত্তরে শান্তি কমিটি গঠন নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন আসামিপক্ষের আইনজীবী। এক প্রশ্নের জবাবে মতিউর রহমান বলেন, একাত্তরের ৯ এপ্রিল ঢাকায় খাজা খয়েরউদ্দিনের নেতৃত্বে ১৪০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় শান্তি কমিটি গঠন করা হয়।মতিউর রহমানকে আজ বুধবার আবার জেরা করবে আসামিপক্ষ।