‘ইচ্ছা আছে মিডিয়ায় কিছু করার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে ক্রিকেটার হিসেবেই চেনেন সবাই, তবে জুনায়েদ সিদ্দিকের শখ, তিনি হবেন একজন অভিনেতা, অন্তত মডেল! তা শোবিজে যাওয়ার আগের শর্তটাও খুব ভালোভাবেই পূরণ করছেন জাতীয় দলের এই বাঁহাতি ব্যাটসম্যান। মডেলরা যেমন পোশাক-আশাক আর ফ্যাশনের ব্যাপারে সচেতন তিনিও তেমন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার তাঁর এক কলামে আপনাকে খুব ফ্যাশন-সচেতন বলেছেন। আসলেই কি তাই?জুনায়েদ সিদ্দিক: এটা আসলে ওনার মনে হয়েছে। এমনিতে আমি ভালো কাপড়-চোপড় পরতে পছন্দ করি...এই আর কি! আপনাকে দেখেও কিন্তু মনে হয় পোশাক-আশাকের ব্যাপারে আপনি বেশ সচেতন... জুনায়েদ: ওই তো বললাম...ভালো কাপড়-চোপড় পরতে পছন্দ করি। কোন পোশাকে আমাকে ভালো লাগে সেটা খেয়াল রাখি জামা-কাপড় পরার সময়, কেনার সময়ও। ছোটবেলা থেকেই আমার এদিকে খেয়াল। প্রিয় পোশাক কী?জুনায়েদ: সে রকম কিছু নেই। যখন যেটা ভালো লাগে। কখনো পাজামা-পাঞ্জাবি পরতে ভালো লাগে। কখনো জিন্স, টি-শার্ট, ফতুয়াও পরি। তবে চেষ্টা করি, আবহাওয়া এবং যদি কোনো অনুষ্ঠানে যাই সেটার কথা মাথায় রেখে পোশাক পরতে। সাদা প্যান্ট তো একটু ‘আনকমন’। আপনাকে প্রায়ই সাদা প্যান্ট পরতে দেখা যায়। বিশেষ কোনো দুর্বলতা আছে নাকি সাদা রঙে?জুনায়েদ: ঠিক ধরেছেন। সাদা ও কালো এই দুটি রং আমার খুব প্রিয়। এই দুই রঙের পোশাক পরতে পছন্দ করি আমি। মানুষ বলেও এই দুটি রং আমাকে মানায়। বিদেশে গেলে কি অনেক কাপড়-চোপড় কেনেন?জুনায়েদ: শপিং আমার শখ। যা-ই পছন্দ হয় কিনে ফেলি। বিদেশে গেলে অনেক সময় আনকমন জিনিস খুঁজি, আবার কখনো কখনো চোখের দেখায় ভালো লাগলে কিনে ফেলি। তবে সবার আগে খেয়াল রাখি কোন পোশাকটা পরে আরাম পাব। শুধু কি পোশাকের ব্যাপারেই সচেতন? ঘড়ি, জুতা, পারফিউম...জুনায়েদ: ঘড়ির প্রতি অতটা দুর্বলতা নেই। ঘড়ি পরিও না খুব একটা, ব্রেসলেট পরি। তবে পারফিউম আমার ভীষণ পছন্দের একটা জিনিস। অনেক দামি-দামি ব্র্যান্ডের পারফিউম আছে আমার কাছে। তবে সবচেয়ে পছন্দের জর্জিও আরমানি। জুতার মধ্যে স্নিকার্স পরে আরাম পাই, জিনসের মধ্যে লিভাইস। তবে কোনটা আমাকে মানায় সেটাই আসল কথা। সবচেয়ে দামি শখের জিনিস কি কিনেছেন?জুনায়েদ: শখের জিনিসের মধ্যে তো গাড়িও আছে! তবে একবার পাকিস্তানে গিয়ে শহীদ আফ্রিদির দোকান থেকে কয়েকটা পাঞ্জাবি কিনেছিলাম, অনেক দামি। এ ছাড়া পারফিউম, অন্যান্য পোশাক তো আছেই। বিশ্বকাপ উপলক্ষে কিছু কেনেননি? সানগ্লাস বা অন্য কিছু?জুনায়েদ: যে ব্যস্ত সময় যাচ্ছে, কিনব কখন! আর এখন তো মাথার মধ্যে কেবলই বিশ্বকাপ, খেলার কথাই চিন্তা করি বেশি। তবে দেখি, চট্টগ্রামে গিয়ে একদিন শপিংয়ে বের হব। আর সানগ্লাসের প্রতি আমার দুর্বলতা নেই। মাঝেমধ্যে ম্যাচে পরি, সেটাও খুবই কম। ভবিষ্যতে ফ্যাশন-ট্যাশন নিয়ে কিছু করার ইচ্ছা আছে নাকি?জুনায়েদ: আমার খুব ইচ্ছা মিডিয়ায় কাজ করব। পেশা হিসেবে নয়, ওটা তো ক্রিকেটই। তবে শখ পূরণ করতেই ছোটখাটো কিছু কাজ করার ইচ্ছা আছে। মডেলিং, নাকি নাটক-সিনেমায় অভিনয় করতে চান?জুনায়েদ: যেটাই হোক...একটা কিছু। আসলে বড় বড় পোস্টার, বিলবোর্ডে যখন কারও ছবি দেখি, মনে হয়, ইশ্! আমারও যদি এ রকম থাকত। সে কারণেই ইচ্ছা আছে মিডিয়ায় কিছু করার।