‘ইচ্ছে হয় আবারও যুদ্ধ করি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঘের দুপুরে শাহবাগে শীত যেন একেবারে উধাও। সূর্যের উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্রতিবাদী মানুষের স্লোগানও টগবগ করছে। এই গণজোয়ারে গুটিয়ে ঘরের কোণে বসে থাকেননি হাসান মাহমুদ। ষাট ছুঁই ছুঁই বয়সেও পাঁচ দিন ধরে শাহবাগের জনতার মঞ্চের কাছে আসছেন। মিডফোর্ড এলাকায় ব্যবসায়িক কাজ কর্মচারীদের কাঁধে ফেলে সকাল হতে না হতেই এখানে আসছেন তিনি। নেচে-গেয়ে, উচ্চকণ্ঠে স্লোগান দিচ্ছেন একের পর এক। এ যেন ক্লান্তিহীন লড়াই তাঁর। কষ্ট হচ্ছে না? জিজ্ঞেস করতেই হাসান মাহমুদ বলে উঠলেন, ‘নাহ, মোটেই না। আমাদের সন্তানেরাই তো আজ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি করছে। ওরা যেন ক্লান্ত না হয় তাই এখানে আসছি। আর যারা যুদ্ধাপরাধী, ওরা তো ধর্মকে পুঁজি করে মানুষ মেরেছে একাত্তরে। ওরা কেবল দুনিয়াকে ভালোবাসে। দুনিয়ার পাশাপাশি আখেরাতকেও আমরা ভালোবাসি। আমি দেখেছি, একাত্তরে ওরা কীভাবে আমার মা-বোনকে নির্যাতন করেছে। তাই যুদ্ধাপরাধীদের মারতে আবারও শহীদ হতে প্রস্তুত। ইচ্ছে হয়, আবারও যুদ্ধ করি।’ তিনি জানালেন, আজ তাঁর দুই ছেলেও শাহবাগে এসেছেন।শাহবাগ চত্বরে আসছেন রূপসী বাংলা হোটেলের কর্মচারী শাহরিয়ার জাহাঙ্গীর। ৫৮ বছর বয়সী এই মানুষটির প্রতিবাদের ধরন একটু ভিন্ন। স্লোগান দেওয়ার মাঝে খাতা কলম নিয়ে বসেছেন তিনি, লিখছেন কবিতা। পাশে যাঁকেই পাচ্ছেন, শোনাচ্ছেন কবিতার লাইনগুলো। তারুণ্যের উল্লাস ধরে রাখতে শাহরিয়ার জাহাঙ্গীরের একটি কবিতার কিছুটা ছিল এ রকম: ‘...এরা ফিরে যাবে না ঘরে,/ না আদায় করে দাবি,/ ফাঁসি ফাঁসি ফাঁসি,/ রাজাকারের ফাঁসি’। কবিতাংশ আবৃত্তি করে শাহরিয়ার জাহাঙ্গীর দাবি করলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করলেই হবে না, ওদের সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম বন্ধ করতে হবে। না-হলে ওরা আবারও মানুষ হত্যা করবে।’পেছনে দাঁড়িয়ে স্বামী মাহবুবুল আলমের (৬০) সঙ্গে শাহবাগের সবকিছু দেখছিলেন শাহনাজ পারভীন। রান্নাবান্না ফেলে তিনি ক্যান্টনমেন্টের বাসা থেকে সাতসকালে শাহবাগে চলে এসেছেন। তিনি বললেন, ‘এসব দেখে বাসায় থাকতেই ইচ্ছে করছিল না।’ এটুকু বলেই হাততালি দেওয়া শুরু করলেন শাহনাজ।