‘ইজি বাইকে বিজি’ নগর!
কিনব্রিজ হয়ে সিলেট নগরে প্রবেশের মুখে প্রধান ফটক। প্রতিদিনি সকালবেলা এ ফটকসহ সুরমামার্কেট পয়েন্টের আশপাশে সারি সারি রিকশা থাকে। রিকশার ওই সারি ভেদ করে জায়গা করে নিচ্ছে নতুন এক গণপরিবহন। নাম— ‘ইজি বাইক’। কেন এমন নামকরণ? প্রশ্ন শুনে চালক কথা বলার আগেই আগ বাড়িয়ে এক যাত্রী এক মুখ হাসি দিয়ে বললেন, ‘ইজি মানে ওঠা-নামা-চলা-ফেরা সবই সাধারণ...!’ নিজের মনগড়া অভিজ্ঞতায় যাত্রীর মুখে এমন ব্যাখ্যায় চালক এবার চিন্তাখাটিয়ে ভিন্নভাবে বলার চেষ্টা করলেন। তাঁর ভাষ্য— ‘শব্দ-টব্দ নাই। নিঃশব্দে চলে বলে যারা বানাইছে, তারা লেইখা দিছে ইগু অইল ইজি বাইক!’ এই যে ‘ইজি বাইক’ চালাচ্ছেন, এর কোনো রুট পারমিট বা চালক হিসেবে লাইসেন্স আছে কি না? চালকের কাছে জানতে চাইলে ‘আফনে কে ভাই, অততা জিগাইন?’ বলে পাল্টা প্রশ্ন ছুড়ে দৃশ্যের আড়াল হওয়ার চেষ্টা করলেন তিনি। এভাবে কৌশলে তাঁর চলে যাওয়া দেখে পাশ থেকে সুরমামার্কেট পয়েন্টের দোকানদার শাহ সুহেল এবার তিক্ততা নিয়ে মুখ খুললেন। নিত্যদিনের প্রত্যক্ষ করার কথা বর্ণনা করতে গিয়ে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘আর কইয়া কিতা অইত। হে (চালক) আগে রিকশা বাইত। অনে ইঞ্জিন ধরছে। কোনো কাগজপত্রও নাই। সাড়া নাই শব্দ নাই, টাউনটারে একেবারে বিজি বানাই দিছে...!’ নগরের ব্যস্ততম একটি মোড়ে গণপরিবহন চিত্রে নিত্যদিনের এ অবস্থা প্রত্যক্ষ করে একজন সাধারণ নাগরিকের ‘ইজি বাইকে বিজি’ বলে মূল্যায়ণ যত্রতত্র যান চলাচলের ব্যস্ততা এখন গোটা নগরজুড়ে। কিনব্রিজ হয়ে নগরে প্রবেশমুখ সহ অভ্যন্তরীণ সকল মোড় ও নগরের বাইরেও দেদারছে চলছে ‘ইজি বাইক’ নামের নতুন পরিবহন। অটোরিকশার আদলে এ যানের কোনো রুট পারমিট নেই। বিআরটি থেকে নেই কোনো অনুমোদনও। তবু দেদার চলছে। চলাচলের আধিক্য দেখে যে কোনো নাগরিকের এমন প্রশ্ন উঠা স্বাভাবিক।‘ইজি বাইক’ চলাচলে গত প্রায় এক সপ্তাহের পর্যবেক্ষন সূত্রে দেখা গেছে, যত্রতত্র চলাচলই এ যানের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সিএনজিচালিত অটোরিকশার মতো হলেও তিন চাকার এ বাহন আরও হালকা ও পাতলা। লাল, নীল, বেগুনি কিংবা বহু রঙা এ যানের কোনোটিতে লেখা ‘বিদ্যুৎচালিত’ আবার কোনোটিতে ‘ব্যাটারিচালিত’ কথার উল্লেখ রয়েছে। বাহনের তুলনায় যাত্রী আসনও সমপ্রসারিত। কোনোটিতে আটজন আবার কোনোটিতে তিনজনের আসন দেখা গেছে। গণপরিবহনে এ যান ক্রমে বেড়ে যাওয়ায় অন্য যানবাহনগুলোর সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা করেন খোদ চালকেরাই। কর্তৃপক্ষ প্রশ্নে পাল্টাপাল্টি : নগরে অনুমোদনহীন নতুন এ বাহনের যথেচ্ছ চলাচল সম্পর্কে বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক আবদুস সাত্তার আগন্তুকের মতোই মন্তব্য করলেন। তিনি প্রথমে তাঁর দেখার মধ্যে নেই বলে দাবি করছিলেন। এক পর্যায়ে তাঁর দপ্তরে বসেই রাস্তায় এ যান চিহ্নিত করে দেখাতেই তিনি বলেন, ‘এখন পর্যন্ত নতুন এ বাহনের জন্য নীতিমালা চূড়ান্ত হয়নি। তাছাড়া এটা রিকশা না অটোরিকশা— তাও নির্ণীত হয়নি। শুনেছি এটি রিকশা না অটোরিকশা— এ প্রশ্নে উচ্চ আদালতে মামলা চলছে। এটি রিকশা হলে তদারক করবে সিটি করপোরেশন আর অটো রিকশা হলে বিআরটিএ দেখভাল করবে।’ তবে ‘ইজি বাইক’ সম্পর্কে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেন, ‘এগুলো আসলেই পরিবেশবান্ধব। যেহেতু ওগুলো ইঞ্জিনচালিত নয়, তাই বিএআরটিএর কোনো অনুমোদন দরকার পড়বে না। তবে সিটি করপোরেশনের অনুমোদন অবশ্যই লাগবে। নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে নিবন্ধন ও অনুমোদন দুটোই প্রচালন করা হবে।’ পরিবেশকই ‘ভরসা’!: গত ১৮ আগষ্ট দুপুরবেলা টুকেরবাজার থেকে আটজনের আসনে ১১জনকে নিয়ে এসে চৌহাট্টা থামলেন একটি ইজি বাইকের চালক। ট্রাফিক আইন সম্পর্কে চালকের অজ্ঞতার কারণে পেছনে আটকা পড়ে অন্যান্য যানবাহন। ট্রাফিক যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চালককে বাহনসহ কিছুক্ষন আটকে রেখে পরে রাস্তার যান পরিস্থিতি স্বাভাবিক করেন। ওই বাহনে পরিবেশক ‘আল আমিন এন্টারপ্রাইজ, কদমতলী সিলেট’ দেখে মুঠোফোনে যোগাযোগ করলে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবস্থাপক পরিচয়দানকারী ব্যক্তি রুট পারমিট প্রশ্নে জানালেন, সিটি করপোরশেন থেকে প্রায় এক বছর পূর্বে ‘পরীক্ষামূলক’ চালুর অনুমতি নিয়ে এ যান বাজারজাত করা হয়েছে। তাঁর অভিযোগ, স্বাচ্ছন্দে চলছে বলে এর বিরোধিতা করছে একটি চক্র। কোন ‘চক্র’ বিরোধিতা করছে— এর অবশ্য তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। জানা গেছে, সিলেট নগরে চলাচলকারী সহস্রাধিক ‘ইজি বাইকের’ পরিবেশক সিলেটের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা কদমতলীতে। আল-আমিন এন্টারপ্রাইজের মুঠোফেনের সূত্র ধরে কদমতলীতে গিয়ে কার্যালয় পাওয়া যায়নি। এ ব্যাপারে পরিবহনব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট একাধিকজন জানান, রুট পরমিট বা বিআরটির অনুমোদন না থাকায় এভাবেই চলছে ইজি বাইক সরবরাহ। তবে এ ক্ষেত্রে ব্যবসায়িকভাবে পরিবেশকই সকল দায়-দায়িত্ব বহন করছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই নিয়ে সিটি করপোরেশনের লাইসেন্স শাখা ও বিআরটিএ কার্যালয়েও রয়েছে অর্থিক যোগাসাজশ। বিআরটিএ সিলেটের আঞ্চলিক কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেও এ সর্ম্পকিত কোনো তথ্য পাওয়া যায়নি। কর্মকর্তারা জানান, ইজি বাইক কিংবা অটোরিকশা সর্ম্পকিত কোনো তথ্য বিআরটিএ কার্যালয়ে সংরক্ষিত থাকে না। তাহলে এসব তথ্য কোথায় পাওয়া যাবে—এ প্রশ্নের জবাবে বিআরটিএর এক কর্মকর্তা সহকারী পরিচালকের দপ্তরে খোঁজ করার কথা বলেন। এভাবে খোঁজাখুঁজির মধ্যে তাঁদের জবাবদিহিতা আর দায়িত্বশীলতা। এ ব্যাপারে সহকারী পরিচালককে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।সিলেট সিটি করপোরেশনের কর কর্মকর্তা হেলাল আহমদ অনুমোদনবিহীন চলাচলের বিষয়টি স্বীকার করেন। তবে পরীক্ষামূলক অনুমতি দেওয়ার কথা তিনি এ মূহুর্তে স্মরণে নেই বলে জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এগুলো নিবন্ধনের আওতায় নিয়ে আসা হবে।’ অনুমোদন ছাড়া এখন কীভাবে চলছে— প্রশ্নের জাবাব তিনি এড়িয়ে যান। গণপরিবহন চিত্র অরাজক: সিলেট নগরে অন্তত ৫০ হাজার রিকশা চলাচল করে। এরমধ্যে নিবন্ধিত (লাইসেন্স) রিকশার সংখ্যা ২৩ হাজার। আর অনিবন্ধিত সংখ্যা এর প্রায় দ্বিগুন। এই নিয়ে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট দপ্তরে গড়মিল রয়েছে। সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা প্রায় ১০ হাজার। সিটি করপোরেশন কেবল রিকশা চলাচল বিষয়টি নিয়ন্ত্রণ করলেও ১০ হাজার সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের চলাচলের বিষয়টি বিআরটিএ সরাসরি নিয়ন্ত্রণ করে। এর সঙ্গে টাউনবাসের চলাচলের ওপর বিআরটিএর পর্যবেক্ষন থাকার কথা। কিন্তু বাস্তবে এ দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট দপ্তর রীতিমত উদাসীন। অটোরিকশার ভাড়া নির্ধারণে ট্রাফিক পুিলশেরও নজরদারি থাকার কথা থাকলেও এ ব্যাপারে নির্লিপ্ত থাকতে যেন উভয় পক্ষের মধ্যে অলিখিত সম্পর্ক রয়েছে। ‘ইজি বাইক’ অটোরিকশা নির্ধারিত ভাড়ায় চলাচল করছে। অটোরিকশার ভাড়া মিটার দেখে নির্ধারণ করার নিয়ম থাকলেও চালকরা তা মানছেন না। নিজেদের খেয়াল খুশি মতো তাঁরা আদায় করে চলছেন ভাড়া। এ নিয়ে প্রায়ই নগরে অটোরিকশা চালক ও যাত্রীদের মধ্যে অনভিপ্রেত ঘটনা ঘটে থাকে। মহানগর পুলিশের অধীন ট্রাফিক বিভাগও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।জানা গেছে, ২০০৮ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রায় ১০ হাজার সিএনজি অটোরিকশায় মিটার সংযোজন করা হয়। ওই বছরের জুন থেকে মিটারে ভাড়া আদায়ের জন্য মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ থেকে অটোরিকশা চালকদের নির্দেশ দেওয়া হয়িছিল। এ নির্দেশনা অনুযায়ী নগরের ভেতরে প্রথম কিলোমিটারের জন্য সাড়ে ১৩ টাকা ও পরবর্তী প্রতি কিলোমিটারে সাড়ে পাঁচটাকা ভাড়া নির্ধারিত হয়। কিন্তু এ নির্দেশের দু’বছর সময় চলে গেলেও অটোরিকশার মিটার চালু হয়নি। নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা জানান, কোনো চালক এক দিনের জন্যও মিটার দেখে ভাড়া আদায় করেননি। মিটার চালু না হওয়ায় অটোরিকশা চালকরা তাদের খেয়াল খুশি মতোই ভাড়া আদায় করছেন যাত্রীদের কাছ থেকে। কাজীটুলার এক যাত্রী জানান, অটোরিকশাযোগে তিনি কাজীটুলা থেকে রিকাবীবাজার গিয়ে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা। অথচ এক কিলোমিটারের এ রাসত্মার জন্য মিটারের নির্ধারিত ভাড়া মাত্র ১৩ টাকা। একইভাবে চৌকিদেখীর এক নারী যাত্রী জানান, তাঁর বাসা থেকে জিন্দাবাজারের দুরত্ব এক থেকে সোয়া কিলোমিটার। গত কয়েক দিন আগে বৃষ্টির সময় ওই রাস্তা যেতে অটোরিকশার ভাড়া দিতে হয়েছে ১২০ টাকা। সিএনজিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় করার কৌশলটি রপ্ত করে চলাচল করছে ইজি বাইক। সিলেট নগরে কর্তব্যরত একাধিক ট্রাফিক সার্জেন্ট তাঁদের সামপ্রতিক নজরদারি থেকে ইজি বাইক যান চলাচল পরিস্থিতিকে নাজুক করছে বলে জানান। একজন ট্রাফিক সার্জেন্ট জানান, এগুলোর চালকেরা মূলত রিকশাচালক। কোনো নিয়ম-নীতি না জেনে এভাবে চলাচল নগরের যানজট পরিস্থিতির জন্য নাজুক বলে তাঁরা মনে করেন। নগরের ট্রাফিক ব্যবস্থাপনা পর্যবেক্ষনে থাকা মহানগর পুলিশের উপকমিশনার আহসান হাবীব বলেন, জনবল সংকটের কারণে অতিরিক্ত ভাড়া আদায়কারী অটোরিকশা ও অনুমোদনহীন যান চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। অতিরিক্ত ভাড়া নেওয়া এবং ঝুঁকি না নিয়ে অনুমোদনহীন গাড়িতে যাতায়াতে তিনি যাত্রীদের সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে জানান।