আস্তা নোয়ায় এটা খালি ইট বাড়ি। খড়খড়া এই আস্তাটা দিয়া হাঁটা যায় না। ইটের টুকরা ঘুতা নাগে, পাও কেল্টি (কেটে)যায়’। বাইদ্য হয়া হামরা আস্তা ছাড়ি ভুঁইয়ের আইল দিয়া যাওয়া আইসা করি। একটি সড়ক দিয়ে চলাচল করার দুর্ভোগের কথা এভাবেই বলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার বিচিবাড়ি গ্রামের শ্রমিক আব্দুল হাকিম(৪৫)। জানাগেছে উপজেলার ওই সড়কটি ওসমানপুর—কচুবাড়িরহাট নামে পরিচিত। সড়কটি বিষ্ণপুর হাইওয়ে সড়কের সঙ্গে যুক্ত। দূরত্ব প্রায় চার কিলোমিটার। বর্ষার সময় কাঁদাপানি এবং শুকনো মৌসুমে ধুলোবালুর কারণে যাতায়াত করা কষ্ট সাধ্য হয়ে পড়ে। এ সড়ক দিয়ে উপজেলা সদরে যাতায়াত করেন অন্তত ৩০ গ্রামের মানুষ। মানুষের দীর্ঘ দিনের দাবি ছিলো সড়কটি পাকাকর। ২০০৬ সালে সাবেক সাংসদ মোহাম্মদ আলী সরকারের প্রচেষ্টায় রাস্তাটি পাকা করার সিদ্ধান্তও হয়। এ লক্ষে প্রথম পর্যায়ে সড়কের সম্মুখভাগে এক হাজার ১৭০মিটারে বিছানো হয় ইটের খোয়া। কিন্তু ওই পর্যন্তই। তখন থেকে ইটের টুকরোর কারণে ওই সড়ক দিয়ে হেঁটে যাতায়াত করাতো দূরের কথা যানবাহন চলাচল করাও দরূহ হয়ে পড়েছে।এলাকার ইউপি সদস্য আব্দুল হাই বলেন, ‘ইটের খোয়া বিছানো ওই রাস্তাটুকু দীর্ঘদিন ধরে জন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পথচারি অনেকে পা কেটে যাওয়ার ভয়ে রাস্তা ছেড়ে জমির আইল দিয়ে যাতায়াত করেন। অনেক চেষ্টা করেও রাস্তাটি কার্পেটিং করানো সম্ভব হয়নি।’সংশ্লিষ্ট ফকিরগঞ্জ এলাকার সাবেক ইউপি সদস্য মনজুল হোসেন বলেন, ‘আগে যখন পুরো রাস্তাটি কাঁচা ছিলো তখন যানবাহন চলাচল না করলেও কষ্ট করে হেঁটে যাতায়াত করা যেতো। কিন্তু ইটের খোয়া বিছানোর পর থেকে হাঁটাও যায় না, যানও চলে না। রাস্তায় বাইসাইকেল ও মোটর সাইকেল চালাতে গিয়ে কত মানুষ যে পড়ে আহত হয়েছে তা বলে শেষ করা যাবে না।’কচুবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেরাব হোসেন বলেন, ‘সড়কে ছড়িয়ে থাকা ধারালো ইটের টুকরায় খালি পায়ে হাঁটলেই কেটে যায়। আবার জুতা স্যান্ডেল পায়েও হাঁটা যায় না। এ রাস্তা যে কত দুর্ভোগ সৃষ্টি করেছে তা কাউকে বলে বুঝানো মুশকিল।’ রিকশা ভ্যান চালক তহিদুল ইসলাম(৪৫)বলেন,‘রাস্তাটা দিয়া রিকশা ভ্যান টানলে ইটোত নাগি খালি পিছলি যায়।’উপজেলা প্রকৌশলী(এলজিইডি)এক এম সাদেকুর রহমান বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি রাস্তাটির সম্মুখভাগের কিছু অংশ ২০০৬সালে জি আর ডি আইপি প্রকল্পের আওতায় পাকা করার উদ্দেশ্যে ইটের খোয়া বিছানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কার্পেটিং করা সম্ভব হয়নি। এ কারণে জনদুর্ভোগের কথা চিন্তা করে রাস্তাটুকু কার্পেটিং করার জন্য প্রস্তাবনা গত আগষ্টে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্র চলতি অর্থবছরে অগ্রাধিকার ভিত্তিতে তা কার্পেটিং করা হবে।’