‘ইতিহাস কন্যা’ নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির (ছাত্র-শিক্ষক কেন্দ্র) মোড়ে প্রর্দশিত হচ্ছিল চলচ্চিত্রটি। এ রকম ব্যস্ত আর হই-হুল্লোড়ময় এলাকায় হঠাৎ নেমে আসে পিনপতন নীরবতা। সন্ধ্যার অন্ধকারে দর্শকেরা কেউ কারও চোখের পানি দেখতে পাচ্ছিল না। কিন্তু সবার মনেই তখন একই অনুভূতি কাজ করছে। একই সঙ্গে এতগুলো মানুষের মনে আলোড়ন তুলতে পারার চেয়ে বড় আর কিছু হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ এর আয়োজন করে। এ রকম নানা অভিজ্ঞতা আর অনুভূতির জন্ম দিয়েছিল ইতিহাস কন্যা। ১৯৯৮ সালের দিকে হঠাৎ করে যুদ্ধশিশুদের নিয়ে আলোচনা শুরু হয়। সে সময় ব্রিটেনের একটি টেলিভিশন চ্যানেলের হয়ে আমি ওয়্যার ক্রাইমস ফাইল নামে অনুসন্ধানীমূলক প্রামাণ্যচিত্রের কাজ করছিলাম। তখনই কয়েকজন বীরাঙ্গনার সঙ্গে পরিচয় হয়। তাদের সঙ্গে কথা বলতে গিয়ে মুক্তিযুদ্ধের সময় গর্ভে ধারণ করা সন্তানদের প্রসঙ্গ আসে। আমার মনে হয়, এ রকম গল্প নিয়ে তো চলচ্চিত্র তৈরি করা যেতে পারে। সংলাপ-চিত্রনাট্য লিখে ফেললাম। বন্ধুদের সহযোগিতায় শুরু করলাম ইতিহাস কন্যা। ১৯৯৯ সালে জাতীয় জাদুঘরের একটি মিলনায়তনে এর প্রথম প্রর্দশনী হয়। মনে আছে, লোকে-লোকারণ্য হয়েছিল। বসার জায়গা ছিল না। কেউ কেউ দাঁড়িয়ে দেখেছেন। পুরো চলচ্চিত্রটি দেখার পর সবাই আবেগাপ্লুত হয়েছিলেন। সেদিন দেশবরেণ্য অনেক কৃতী ব্যক্তিত্ব এসেছিলেন। অধ্যাপক আনিসুজ্জামান, নীলিমা ইব্রাহীম, ওয়াহিদুল হক খুব প্রশংসা করেছিলেন। এরপর বাংলাদেশ টেলিভিশন এটি প্রচার করার কথা জানায়। তখন বিটিভির কর্তৃপক্ষ জানায় যে সামান্য কাটাকাটি করে এটি দেখানো হবে। এর ঘোর বিরোধিতা করেছিলেন কবি শামসুর রাহমান, তারেক মাসুদ, ওয়াহিদুল হকসহ অনেকে। পরে বিটিভি সম্পূর্ণ চলচ্চিত্রটি প্রচার করেছিল। সব বয়সের সব প্রজন্মের মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিলাম। সবাই আবেগতাড়িত হয়েছিল। সেই সময় অস্ট্রেলিয়া থেকে একটি চিঠি আসে। সেখানকার অধিবাসী এক নারী একটি প্রদর্শনীতে ইতিহাস কন্যা দেখেছিলেন। সেটি দেখে তিনি তার আবেগ ধরে রাখতে পারেননি। অনেক কষ্ট করে আমার ঠিকানা জোগাড় করে চিঠি পাঠায়। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কিছু লিখতে চায়। আমি উত্তর দিয়েছিলাম। এ ছাড়া দেশের বাইরে, যেমন—লন্ডন, টরন্টোতে এটি প্রদর্শিত হয়েছে। সেখানেও সবার কাছ থেকে শ্রদ্ধা ও অভিনন্দন পেয়েছিলাম। এখনো সব মনে পড়ে। একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এর প্রদর্শনী হবে। দলে দলে শিক্ষার্থীরা এসেছে। তারা এটি দেখে বলেছিল, ‘আমরা আরও এ ধরনের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করতে চাই।’ সে সময় পত্রপত্রিকার পাতাজুড়ে ইতিহাস কন্যা নিয়ে অনেক লেখা হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘরেও প্রদর্শিত হয়েছে ইতিহাস কন্যা। মানুষের যে আবেগ, আন্তরিকতা দেখেছি, তা আসলে ভোলার নয়।