‘ইনডোরে একা একাও ব্যাটিং করেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটের পর খারাপ সময় যাচ্ছিল প্রিমিয়ার ক্রিকেট লিগেও। তবে সর্বশেষ ম্যাচে সূর্যতরুণের বিপক্ষে করা অপরাজিত ৯১ রানের ইনিংসটা নতুন পথ দেখাল। এরপর ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষেও ফিফটি—ইমরুল কায়েস যেন পেলেন নতুন আলোর সন্ধান প্রিমিয়ার লিগের পর ‘এ’ দলের হয়েও ফিফটি পেলেন। পর পর দুই ম্যাচে পাওয়া ফিফটি কি আত্মবিশ্বাস বাড়াচ্ছে একটু?ইমরুল কায়েস: অবশ্যই। মনে হচ্ছে আবার ধারাবাহিকতা ফিরে পাচ্ছি। আত্মবিশ্বাসও ভালো হচ্ছে। রান আপনি যেখানেই করেন না কেন, সেটা মনের জোর বাড়ায়। মাঝখানে খারাপ সময় যাচ্ছিল। কঠোর পরিশ্রম করেও কিছুতেই কিছু হচ্ছিল না। খারাপ সময়ে যেটা হয় আর কি, সব করার পরও লাভ হয় না। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বছর এপ্রিলে ঢাকায় ৯৩ রানের ইনিংস খেলার পর গত ৯টি আন্তর্জাতিক ওয়ানডেতে একটিও ফিফটি নেই। সমস্যাটা কী বুঝতে পারছেন?ইমরুল: সমস্যা আসলে টেকনিক্যাল কিছু না। সবই ঠিক ছিল। আমিও চেষ্টার ত্রুটি করিনি। কিন্তু ওই যে বললাম, খারাপ সময়ে কিছুই হয় না। আমারও তাই কোনো চেষ্টাতেই কাজ হচ্ছিল না। তা ছাড়া কয়েকটা ইনিংসে রান না পেলেই আমি চিন্তিত হয়ে পড়ি। আমার মনে হয় এটাও একটা সমস্যা। এসব নিয়ে বেশি চিন্তা করলে আরও খারাপ হয়। ফর্ম ফিরে পেতে বাড়তি কিছু করেছেন?ইমরুল: অনেক ব্যাটিং করেছি। সকাল-সন্ধ্যা...ইনডোরে গিয়ে একা একাও ব্যাটিং করেছি অনেক দিন। এ ছাড়া জাতীয় দলের সাবেক ফিল্ডিং কোচ সালাউদ্দিন স্যারের সঙ্গে মালয়েশিয়ায় ফোন করে কথা বলতাম মাঝেমধ্যে। উনি মানসিকভাবে অনেক সাহস দিয়েছেন। ইংল্যান্ড ‘এ’ দলটাকে কেমন মনে হলো? দুটি ম্যাচ তো খেললেন...ইমরুল: খুবই ভালো দল। যারা ভেবেছে দলটা তেমন ভালো হবে না তারা ভুল ভেবেছে। এই দলের বেশ কয়েকজন ক্রিকেটার দেখবেন শিগগিরই জাতীয় দলে চলে আসবে। আর বাংলাদেশ ‘এ’ দল? জোড়াতালির দল নিয়েও তো প্রথম ওয়ানডেতে জিতে গেলেন...ইমরুল: আমাদের দলও ভালো। প্রথম ওয়ানডেতে আমরা যে দল নিয়ে খেললাম সেটাই আসল ‘এ’ দল। তবে এরপর যারা গেছে...জুনায়েদ, রকিবুল তারাও প্রিমিয়ার লিগে পারফর্ম করছে। সব মিলিয়ে ভালো দলই আমি বলব। এই দল নিয়েই ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সিরিজ জেতা সম্ভব। কিন্তু ‘এ’ দল নিয়ে যেটা হচ্ছে, প্রতি ম্যাচেই খেলোয়াড় অদলবদল। এটা কি দলের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে না?ইমরুল: আমার মনে হয় না। এটাও একটা চ্যালেঞ্জ। আমাদের কাজ খেলা। প্রতিকূলতার মধ্যেও ভালো পারফর্ম করা। পেশাদার ক্রিকেটার হিসেবে যেখানেই খেলি না কেন আমাদের পারফর্ম করতে হবে। আমার মনে হয় ‘এ’ দলে যে-ই খেলতে যাচ্ছে, ভালো করার ইচ্ছা নিয়ে যাচ্ছে। সবাই চিন্তা করছে, সুযোগ পেলে ভালো খেলব। দীর্ঘ পরিসরের ম্যাচ খেলার বেশি সুযোগ নেই আপনাদের। সে ক্ষেত্রে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে কয়েকটা চার দিনের ম্যাচ খেললেও কি ভালো হতো না?ইমরুল: তা তো হতোই। কিন্তু এবার যে পরিস্থিতি, তাতে আমার মনে হয় সমস্যা আরও বাড়ত। এমনিই খেলোয়াড় বদলে বদলে খেলানো হচ্ছে। চার দিনের ম্যাচ হলে সেটাও কঠিন হতো। তবে হ্যাঁ, ইংল্যান্ড লায়ন্সের মতো দলের বিপক্ষে চার দিনের ম্যাচ খেললে আমাদের অভিজ্ঞতা বাড়ত। বিশেষ করে জাতীয় দলের বাইরে থাকা এবং উঠতি খেলোয়াড়দের জন্য বেশি ভালো হতো। প্রিমিয়ার লিগে এবার নতুন দল মোহামেডানে খেলছেন। কেমন লাগছে?ইমরুল: মোহামেডানে এর আগেও এক মৌসুম খেলেছি। ভালো লাগছে। আমি, নাঈম বা রাজিন ভাই, আমরা যারা পুলের খেলোয়াড়, তাদের ওপর দায়িত্বটা একটু বেশি। প্রতি ম্যাচেই তাই আমাদের প্ল্যান থাকে, এই তিনজনের কেউ দায়িত্ব নেব। দলের জন্য বাড়তি কিছু করব।