‘ইব্রাহিম আমার পিস্তলের গুলিতেই নিহত হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইব্রাহিম আহমেদ আমার পিস্তলের গুলিতেই নিহত হয়েছে। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা আমি বিস্তারিত জানি না। আমিও চাই, মূল রহস্য উদ্ঘাটিত হোক।’ইব্রাহিমের মৃত্যুর পর অনেকটা আত্মগোপনে চলে যাওয়া ভোলা-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ নুরুন্নবী চৌধুরী গতকাল শনিবার প্রথম আলোকে এ কথা বলেন।ইব্রাহিমের মৃত্যুর পর থেকে সাংসদ নুরুন্নবী প্রকাশ্যে আসছেন না। তাঁর ব্যক্তিগত মুঠোফোন বন্ধ রেখেছেন। দলীয় কর্মসূচিতেও যাচ্ছেন না তিনি। অন্য একটি মাধ্যমে গতকাল তাঁর সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক।ইব্রাহিমের মৃত্যুর পর কেন প্রকাশ্যে আসছেন না—জানতে চাইলে সাংসদ নুরুন্নবী বলেন, ‘ইব্রাহিম আমার নিবেদিতপ্রাণ কর্মী ছিল। তার মৃত্যুতে আমি এমনিতেই স্তব্ধ হয়ে গেছি। তার ওপর পত্রপত্রিকায় আজেবাজে লেখার কারণে আমি বিব্রত। ইব্রাহিমের পরিবারকে সান্ত্বনা দিতে গেলাম। সেটা নিয়েও অনেক কথা উঠেছে। সব মিলিয়ে আমি হতভম্ব হয়ে গেছি।’ইব্রাহিমের মৃত্যুর জন্য কে বা কারা দায়ী, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। তবে ইব্রাহিমের স্ত্রী রীনা ইসলাম অভিযোগ করেছেন, তাঁর স্বামী একটি প্রকল্পের জন্য সাংসদ নুরুন্নবীকে ১০ লাখ টাকা দিয়েছিলেন। তাঁর সঙ্গে ইব্রাহিমের আরও লেনদেন থাকতে পারে। এসব কারণে ইব্রাহিম খুন হয়ে থাকতে পারেন।এ বিষয়ে জানতে চাইলে নুরুন্নবী বলেন, ‘ইব্রাহিম আমার নিবেদিত কর্মী ছিল। অর্থনৈতিকভাবে অসচ্ছল থাকায় ভোলায় তাকে একটি কাজ দিই। ওই কাজ সে ভোলার তজুমদ্দিন উপজেলার চেয়ারম্যান মোশারেফ হোসেনের কাছে সাড়ে চার লাখ টাকায় বিক্রি করে। আমাকে ১০ লাখ টাকা দেওয়ার প্রশ্নই আসে না। এত টাকা সে পাবে কোথায়?’তবে নুরুন্নবী দাবি করেছেন, ‘আওয়ামী লীগের অনেকেই আছে, যাদের কাছে আপনি জিজ্ঞেস করলেই জানতে পারবেন, ইব্রাহিম আমার কাছ থেকে ১০০, ২০০, ৫০০ টাকা নিয়ে চলত। সে তো আমার প্রতিদ্বন্দ্বী নয়। ওর তো ঠিকাদারি কাজ করার কোনো লাইসেন্সও নেই। ওর সঙ্গে কেন আমার দ্বন্দ্ব হবে। এগুলো ভিত্তিহীন অভিযোগ।’১৩ আগস্ট রাতে আওয়ামী লীগের কর্মী ইব্রাহিমের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ফেলে পালিয়ে যান কয়েকজন লোক। কিন্তু ওই রাতেই সাংসদ নুরুন্নবীর গাড়িচালক কামাল হোসেনের অভিযোগের ভিত্তিতে একটি অপমৃত্যু মামলা নেয় শেরেবাংলা নগর থানার পুলিশ। গত বুধবার নিহত ইব্রাহিমের ভাই মাসুম আহমেদ বাদী হয়ে সাংসদ নুরুন্নবী, চালক কামাল হোসেনসহ আটজনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন।সাংসদ নুরুন্নবীর মতো তাঁর গাড়িচালক কামাল হোসেনও প্রকাশ্যে আসছেন না। গতকাল সাংসদের সঙ্গে গিয়ে সরাসরি কথা বলতে চাইলে তিনি রাজি হননি। মুঠোফোনেই তাঁর সঙ্গে বিস্তারিত কথা হয়। তিনি দাবি করেন, গাড়িচালক কামালের সঙ্গে কয়েক দিন ধরে তাঁর যোগাযোগ নেই।ওই দিনের ঘটনাটি কীভাবে ঘটল—জানতে চাইলে নুরুন্নবী চৌধুরী বলেন, ‘আমি সংসদ ভবনের চত্বরে গাড়িটি রেখে সেখানে আমার কার্যালয়ে এলাকার লোকজনের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। তাড়াহুড়োর কারণে পিস্তলটি নিতে মনে ছিল না। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জানতে পারি, ইব্রাহিম গুলিবিদ্ধ হয়েছে। কিছুক্ষণ পর নিচে নেমে আসি। কিন্তু এসে ইব্রাহিম বা গাড়িচালককে পাইনি। পরে নিজে গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাই।’আপনাকে কে খবর দিয়েছে—জানতে চাইলে তিনি বলেন, ‘ওখানে কর্মীরা ছিল। তারা জানিয়েছে।’নুরুন্নবী চৌধুরী বলেন, ‘মেডিকেলে গিয়ে কনফার্ম (নিশ্চিত) হই আমার পিস্তলের গুলিতেই ইব্রাহিম মারা গেছে। পিস্তল নাড়াচাড়া করার সময় গুলি লাগে। তবে আমি দেখি নাই।’পিস্তল কি প্রতিদিন গাড়িতে রেখেই যান?‘পিস্তল নিজের কাছেই থাকে। তবে ওই দিন তাড়াহুড়োর কারণে রেখে গিয়েছিলাম।’পিস্তলের ম্যাগাজিনে কত রাউন্ড গুলি ছিল?‘কত রাউন্ড গুলি ছিল, তা মনে নাই। তবে ইব্রাহিমের গায়ে গুলি একটাই লেগেছিল। আর ওই ঘটনার পর আমি পিস্তল সরাইনি। ড্রাইভার সেটি সিটকভারে রেখেছিল।’কবে এই পিস্তল নিয়েছেন?‘২০০০ সালের শেষের দিকে।’পিস্তল রাখার প্রয়োজনীয়তা অনুভব করলেন কেন?‘আমার বাসাটা মগবাজারের মধুবাগে। এই এলাকায় জামায়াতের অফিস। সেটার সামনে দিয়ে রাত-বিরাতে আমাকে চলাচল করতে হয়েছে। জামায়াতের কর্মীরা কেমন, সেটা তো আপনি জানেনই। তাদের ভয়ে নিজের জীবনের নিরাপত্তার কারণে আমাকে পিস্তলটি নিতে হয়েছে।’ইব্রাহিমের পরিবার অভিযোগ, সাংসদ তাঁর গাড়ির চালককে দিয়ে অপমৃত্যুর মামলা করিয়েছিলেন। এতে এক ঘটনায় দুই মামলা হয় না জানিয়ে পুলিশ ইব্রাহিমের পরিবারের মামলা নেয়নি। আদালতে মামলা করতে হয়েছে তাদের। এ বিষয়ে জানতে চাইলে নুরুন্নবী সরাসরি কোনো জবাব দেননি। তিনি বলেন, ‘ঘটনার পর গাড়িচালক থানায় গিয়েছিল জানাতে। এরপর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ঘটনাস্থলে গিয়ে কথা বলেছেন। আমিও চাই, ঘটনা প্রকাশ পাক। সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য আমি উদগ্রীব হয়ে আছি।’ইব্রাহিমের পরিবার আপনার বিরুদ্ধে কেন অভিযোগ করছে?‘আমার দলের সবাই তো আমার পক্ষে না। অনেকেই মনোনয়ন চেয়েছিল (ভোলা-৩ আসনের উপনির্বাচন)। কিন্তু আমি পেয়েছিলাম। এখন সুযোগ বুঝে অনেকেই ইব্রাহিমের পরিবারকে বিভ্রান্ত করছে। প্রলোভন দেখাচ্ছে। ইব্রাহিমের মৃত্যুর পর আমি তার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়েছি। সেটা নিয়েও অনেকে ষড়যন্ত্র করেছে।’ইব্রাহিমের জানাজায় গেলেন না কেন?‘আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম।’আপনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আপনি প্রকাশ্যে আসছেন না। মামলা মোকাবিলা করবেন কীভাবে?‘রাজনীতি করতে গেলে বিপদ আছে। আমি পরীক্ষার মধ্যে পড়েছি। তবে দলের মধ্যে এ নিয়ে কোনো ভুল বোঝাবুঝি নাই। সবাই বিষয়টি জানে।’আপনার সঙ্গে দলের কার কার কথা হয়েছে?‘নির্দিষ্ট করে কারও নাম বলব না। সবার সঙ্গে কথা হয়েছে।’ইব্রাহিম হত্যা মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ওই দিন ঘটনাস্থল ও হাসপাতালে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের সঙ্গে তাঁরা কথা বলেছেন। গাড়িচালককেও জিজ্ঞাসাবাদ করেছেন। এখন তাঁরা ব্যবহূত অস্ত্রটি সম্পর্কে সিআইডির বিশেষজ্ঞ প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন। প্রতিবেদন পেলে তদন্তের আরও অগ্রগতি হবে।মাহাবুবুর রহমান জানান, এখন পর্যন্ত তাঁরা এ ঘটনায় নুরুন্নবী চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেননি। তবে নুরুন্নবী চৌধুরী প্রথম আলোকে বলেছেন, পুলিশের সঙ্গে তাঁর এ ঘটনা নিয়ে কথা হয়েছে।এদিকে গত পরশু ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ থেকে ময়নাতদন্ত প্রতিবেদন গোয়েন্দাদের হাতে পৌঁছেছে। সেখানে মৃত্যুর কারণ ‘হত্যাজনিত কারণ’ উল্লেখ করা হয়।সাংসদ নুরুন্নবী প্রথম আলোকে বলেছেন, সন্ধ্যা ছয়টার দিকে ঘটনা ঘটেছে। ১৫ মিনিট পর তিনি জানতে পেরেছেন। এরপর নিচে নেমে এসে দেখেন, কেউ নেই। আর ইফতারের পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে কর্মীদের সঙ্গে তাঁর কথাও হয়েছে।তবে হাসপাতাল ও পুলিশের তথ্য অনুযায়ী, গুলিবিদ্ধ ইব্রাহিমকে হাসপাতালে নেওয়া হয় রাত পৌনে আটটায়। ইব্রাহিম গুলিবিদ্ধ হয়েছেন ছয়টার দিকে। মাঝের পৌনে দুই ঘণ্টা ইব্রাহিম কোথায় ছিলেন, তারও কোনো কিনারা করতে পারেননি গোয়েন্দারা। তবে তাঁরা বলছেন, ‘খতিয়ে দেখা হচ্ছে।’