‘ইরান বসন্ত’র স্বপ্নে বিভোর ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যে চলমান ‘আরব বসন্ত’ ইরানেও দেখা দেবে। আর তাতে উল্টে যাবে তেহরানের বর্তমান ক্ষমতাসীনদের মসনদ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক এমন স্বপ্নই দেখছেন বলে জানিয়েছেন। গতকাল রোববার তিনি এ কথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।এহুদ বারাক জানান, ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে ইরানে আরব বসন্তের স্থানান্তর দেখতে তাঁর ভালো লাগবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ইরানের এই শাসকেরা, আয়াতুল্লাহরা, আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে আর সেখানে থাকবেন না। বিষয়টি ইরানের জনগণের প্রকৃতি বিরোধী এবং সারা বিশ্বেই যখন এটা ঘটছে।’একই সঙ্গে এহুদ বারাক বলেন, ইরানের ক্ষমতাসীনরা তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে। এ ধরনের অস্ত্র ব্যবহার থেকে বিরত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইরানের এই উদ্যোগকে থামাতে সক্ষম এমন অবরোধ আরোপ করা।আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে এহুদ বারাক বলেন, ইরানের তেল রপ্তানি ও এর কেন্দ্রীয় ব্যাংককে লক্ষ্য করে সমন্বিতভাবে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া খুবই জরুরি।ইরানের ওপর অবরোধ প্রসঙ্গে এহুদ বারাক বলেন, ‘এর চেয়ে ছোট অবরোধ কোনো কাজে আসবে না।’ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সিরিয়ার ক্ষমতাসীন আসাদ সরকারের পতন ঘটবে বলেই তিনি অনুমান করছেন। এবং তা হলে সেটা হবে মধ্যপ্রাচ্যের জন্য আশীর্বাদ স্বরূপ।