ঢাকায় ইরানের জুরখানে কুস্তি হচ্ছে ২৮-৩০ জুলাই। ২৬টি দেশের এই প্রতিযোগিতা ছাড়াও ইরানের কুস্তি নিয়ে কথা বললেন বাংলাদেশ দলের ইরানি কোচ মোহাম্মদ আলী হাসান বখতিয়ারি। দোভাষীর ভূমিকায় বাংলাদেশের কুস্তি নিয়ে বছর খানেক ধরে কাজ করা ইরানেরই আরেক কোচ ইরাজ আলী পোরে কীভাবে এলেন বাংলাদেশে?আলী হাসান বখতিয়ারি: ইরানের জুরখানে ফেডারেশন আমাকে এখানে পাঠিয়েছে। আন্তর্জাতিক জুরখানে স্পোর্টস ও এশিয়ান জুরখানে স্পোর্টস কনফেডারেশন আয়োজন করছে টুর্নামেন্টটা, বাংলাদেশ দলকে সহায়তা করাই আমার কাজ। এ দেশে কেমন লাগছে?হাসান: ভালোই। নয়-দশ দিন হলো এসেছি, একটুও একাকী বোধ করছি না। অনেক মানুষ, সবার আতিথেয়তায় আমি মুগ্ধ। ইরান টুর্নামেন্টটা করার জন্য ভেন্যু হিসেবে বাংলাদেশকে বেছে নিল কেন?হাসান: বেশ কয়েকটি দেশই আগ্রহী ছিল। বাংলাদেশকে পছন্দ করার কারণ, এখানে অনেক মানুষ খেলাটা ভালোবাসে। তা ছাড়া বাংলাদেশ একটি মুসলিম দেশ। সবকিছু বিচার-বিশ্লেষণ করেই বাংলাদেশকে বেছে নেওয়া। কুস্তিতে ইরান এত ভালো হওয়ার কারণ কী?হাসান: ফ্রি স্টাইল কুস্তিতে আমরা বিশ্বের অন্যতম বড় শক্তি। এটা আমাদের জাতীয় খেলা। ছোটবেলা থেকেই অনেক ছেলে এই খেলার প্রতি আকৃষ্ট হয়। যে কারণে আমরা কুস্তিতে এত ভালো। জুরখানে কুস্তি বা জুরখানে স্পোর্টস বলতে কী বোঝায়?হাসান: জুরখানে মানে শক্তির জায়গা। স্কিল, টিম ওয়ার্ক ও সিনক্রোনাইজড কুস্তি হচ্ছে জুরখানে স্পোর্টস। এটা ইরানের ঐতিহ্যবাহী এবং শারীরিক কসরতের একটা খেলা। এই কুস্তিতে আসা কুস্তিগিররা পরে প্রথাগত কুস্তিতে ভালো করে। শরীরটাকে ফ্রি স্টাইলের জন্য তৈরি করতে জুরখানে ভালো ভূমিকা রাখে। তবে জুরখানে কুস্তি অলিম্পিকভুক্ত নয়। ইরানে কুস্তিগিরের সংখ্যা কেমন হবে?হাসান: এক মিলিয়নের (১০ লাখ) বেশি কুস্তিগির আছে। এত কুস্তিগির আসার কারণ, প্রতিভাধর উদীয়মানদের সরকার ভালো অনুশীলন করার সুযোগ-সুবিধা দেয়। এরপর বিশ্ব পর্যায়ে ভালো করলে বড় বড় প্রতিষ্ঠান চাকরি দেয়। সরকারও চাকরি পেতে সহযোগিতা করে। ঢাকায় এই জুরখানে কুস্তি থেকে আপনার প্রত্যাশা কী? বড় কোনো কুস্তিগির কি আসছেন?হাসান: এটা দলগত ও ব্যক্তিগত নৈপুণ্যের খেলা। টিম গেমে ইরান সেরা। এরপর আফগানিস্তান, ইরাক আছে। নতুন দেশের মধ্যে নেপাল ভালো করছে। ব্যক্তিগত বিভাগে গদা নাচানোসহ চারটি বিভাগে খেলা হবে। আশা করি, এখানে ইরানের মূল জাতীয় দলটাই আসবে। তবে এখন পর্যন্ত জানি না, কারা কারা আসছে। জুরখানে ফেডারেশন এই টুর্নামেন্টের জন্য ছয় কোটি টাকা খরচ করছে। প্রতিষ্ঠানটির অর্থের উৎস কী?হাসান: এটা আন্তর্জাতিক ফেডারেশন। এর সদস্যদেশ ৬৬-৬৭টি। ইরানের বহু বেসরকারি প্রতিষ্ঠান আর্থিক সাহায্য করে। সরকারও বাজেটে টাকা রাখে। দুই বছর পর পর তাই টুর্নামেন্টটা অনায়াসে হয়ে যায়। আগের দুটি জুরখানে টুর্নামেন্ট হয়েছে তেহরান ও কাঠমান্ডুতে। বাংলাদেশের কুস্তিগিরদের কেমন দেখছেন?হাসান: প্রাথমিক অবস্থায় আছে। তবে শেখার আগ্রহ প্রবল। ভবিষ্যতে অনেক ভালো করবে, আমার বিশ্বাস। শোনা যাচ্ছে, জুরখানে ফেডারেশন বাংলাদেশে একটা জুরখানে কমপ্লেক্স করে দিতে পারে?হাসান: আমি যদ্দুর জানি, বাংলাদেশ সরকার জায়গা দিলে জুরখানে ফেডারেশন এখানে একটা কমপ্লেক্স করে দেবে। তবে এই প্রতিযোগিতার সফলতা-ব্যর্থতা বাংলাদেশের জন্য সাংগঠনিকভাবে একটা পরীক্ষা।