‘ইলিয়েভস্কি থাকলে তাঁকে দেখাতাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামালে এক মৌসুম প্রায় বসেই ছিলেন। তারপর জাতীয় দলের বিদায়ী কোচ ইলিয়েভস্কির খাতায় অপাঙেক্তয়। সাফ ফুটবল দলে সুযোগ পাননি। কিন্তু এই মুহূর্তে জাতীয় দল গড়লে জাহিদ হোসেনকে বাদ দেওয়া কঠিন। নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন মৌসুমে আবাহনীর জার্সি গায়ে দারুণ খেলছেন। পেশাদার লিগ ম্যাচে কালও দলের জয়ে ভূমিকা রাখলেন এই উইঙ্গার দারুণ খেলছেন। রহস্যটা কী?জাহিদ হোসেন: রহস্য একটাই। আমি আবার ভালোভাবে ফিরে আসতে চেয়েছি। মনে জেদ ছিল। এটাই ভালো খেলতে সাহায্য করছে। সবই আসলে আল্লাহর ইচ্ছা। ইলিয়েভস্কি নেই। থাকলে তো তাঁকে দেখাতে পারতেন নিজের পারফরম্যান্সটা। কী বলেন?জাহিদ: তা তো অবশ্যই। ইলিয়েভস্কি থাকলে তাঁকে দেখিয়ে দিতাম, আমি কেমন খেলি। অনেক অশান্তিতে একটা বছর কেটেছে আমার। শেখ জামালে বসে বসেই কাটালাম। তারপর ইলিয়েভস্কির দেওয়া শাস্তি। এবার মৌসুমের প্রথম তিনটা ম্যাচ নিষিদ্ধ থেকে মাঠে ফেরা। একটা দুঃসময় শেষ হয়েছে আমার। ঢাকায় লেবাননের বিপক্ষে ম্যাচে কোচ আপনাকে তুললে পানির বোতলে লাথি মেরেছিলেন ক্ষোভে। মনে পড়ে?জাহিদ: ওসব এখন আর মনে করতে চাই না। যা হওয়ার হয়ে গেছে। আমি যেটা করেছি, অত বড় শাস্তি পাওয়ার মতো ছিল না। আবাহনীর হয়ে ফেডারেশন কাপে একটি এবং দুটি লিগ ম্যাচেই গোল পেলেন। গোল করাচ্ছেনও। জাহিদের তো দুর্দান্ত কামব্যাক!জাহিদ: এটা আপনারা বলতে পারেন। আমার অনেক সমালোচনা হয়েছে, কিন্তু আমি ওসব কেয়ার করি না। কারও দয়ায়ও খেলি না। কোচ আমাকে বাদ দিয়েছিলেন জাতীয় দল থেকে, সমস্যা নেই। আমি থেমে থাকব না। দাপটের সঙ্গে আরও ১০ বছর খেলে যাব। বলা হয়, জাহিদ তাঁর মেধা কাজে লাগান না, খামখেয়ালিপনা করেন। এ থেকে বেরিয়ে আসছেন কীভাবে?জাহিদ: আবাহনী আমাকে অনেক সমর্থন দিয়েছে। বিশেষ করে, রুপুদা (আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ)। দাদা বলেছেন, ‘তুই খেল, আমি আছি। মন খুলে খেল।’ তাঁর দেওয়া এই ভরসায় নিজের ওপর আস্থা পাচ্ছি। মন খুলে খেলছি। কোচ আলী আকবর কতটা সাহায্য করছেন?জাহিদ: আমি যে রকম ফ্রি খেলতে চাই, কোচ সেই সুযোগ আমাকে দিচ্ছেন। তাঁর কথা হচ্ছে, আমি আক্রমণে যেমন থাকব, আবার নিচেও যেন নামি। নিচে নামার জন্য বেশি বেশি নির্দেশ দিচ্ছেন। এমিলি-জাহিদকে নিষিদ্ধ করেও ইলিয়েভস্কি সাফ দলে নিলেন শেষ পর্যন্ত। আপনাকে নিলেনই না। মনের মধ্যে নিশ্চয়ই একটা ক্ষত এখনো আছে?জাহিদ: সেটা কিছু হলেও আছে। অনেক রাতেই ঘুমাতে পারিনি। যখন আমার খেলার কথা, তখন আমি মাঠের বাইরে। বাবা-মা সব সময় বলতেন ধৈর্য ধরতে। ভালো খেললে জাতীয় দল বা নিজের ক্লাব দলে কেউ আমাকে বসিয়ে রাখবে না—এটা আমার বিশ্বাস। তাই জাতীয় দলে আবার ফিরতে চাই। ফেডারেশন কাপের সেমিতে আবাহনীর বিদায়ের পর ক্লাব সবাইকে ছুটি দিলেও আপনি ছুটিতে যাননি। আপনি নাকি একা একা অনুশীলন করেছেন।জাহিদ: হ্যাঁ, বাড়ি যাইনি। অনুশীলন করে নিজেকে ভালোভাবে ফিট করার চিন্তাই তখন মাথায় ছিল। কারণ, আমাকে ভালো খেলতে হবে। নিজে ঠিক থাকলে সব ঠিক। আল্লাহই আমাকে উদ্ধার করেছেন। আল্লাহর কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। ভালো সময়ে ফিরে আসছেন। শুনলাম, বিয়েও নাকি করতে যাচ্ছেন?জাহিদ: হ্যাঁ, বিয়েটা ঠিক করা আছে। টাঙ্গাইলের করটিয়ায় সে (নূপুর) অনার্সে পড়ছে। আমাদের পাশাপাশি বাড়ি। সামনে বড় বিরতি পেলেই বিয়ে করব।