‘ইসলামের নামে নারী নির্যাতন করছে হেফাজতে ইসলাম’
যুদ্ধাপরাধীদের বিচার চলছে বলেই দেশে নৈরাজ্য তৈরি করছে জামায়াত-শিবির। এ নৈরাজ্য থেকে গণমাধ্যমের কর্মীরাও রেহাই পাচ্ছেন না। আর অন্যদিকে দেশে ইসলাম রক্ষার নামে ১৩ দফা দাবি নিয়ে নারী নির্যাতন করছেন হেফাজতে ইসলামের কর্মীরা। তাই দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে জামায়াত-শিবিরসহ সব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে সাম্প্রদায়িকতাবিরোধী সংহতি সমাবেশে এসব কথা বলেন বক্তারা। ‘সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়াও, আক্রান্তদের পাশে দাঁড়াও, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নাও’ শীর্ষক এ স্লোগানে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা আরও বলেন, ইসলাম রক্ষায় ১৩ দফা দাবি দিয়েছে হেফাজতে ইসলাম, যেগুলোর মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নেই। এ থেকেই বিষয়টি পরিষ্কার, এ দাবি হেফাজতের নয়। যুদ্ধাপরাধীদের বাঁচাতেই জামায়াত-বিএনপি পরিকল্পিতভাবে হেফাজতে ইসলামকে তৈরি করেছে।সমাবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম ওহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এম আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আশরাফ-উল-আলম, সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান, নীল দলের আহ্বায়ক মো. জাকারিয়া মিয়া, অধ্যাপক অজয় রায়, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ঝর্ণা বেগম প্রমুখ বক্তব্য দেন।এ ছাড়া ৬ এপ্রিল মতিঝিলে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলার শিকার একুশে টিভির প্রতিবেদক নাদিয়া শারমিন মুঠোফোনে অনুষ্ঠানের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।