‘ইয়ার চেয়ে হামার কাঁচা আস্তাই ভালো আছিল’
‘হামার কষ্ট কাইও দ্যাখে না। এই আস্তা দিয়া ভ্যানে করি মালামাল নিতে জানটা বাড়ে যাবার চায়। দুই বছরের মাথাত পাকা আস্তাটা একবারে নষ্ট হওয়ায় হামার বিপদ দেখা দিছে। তোমরায় কন এইদ্যান (এমন) আস্তা দিয়া ক্যামন করি যাওয়া আইসা করা যায়। ইয়ার চেয়ে হামার কাঁচা আস্তাই (রাস্তা) ভালো আছিল।’ ভ্যানচালক আবদুল কুদ্দুস আক্ষেপ করে কথাগুলো বলছিলেন। সরেজমিনে কুড়িগ্রামের উলিপুর পৌরসভা থেকে ১ কিলোমিটার দূরের উলিপুর-রানীগঞ্জ পাকা রাস্তাটির করুণ দশা দেখে আবদুুল কুদ্দুসের কথাই যেকোনো পথচারীর মনে ঘুরপাক খাবে। তিন কিলোমিটার দীর্ঘ রাস্তাটির পুরোটাতেই গর্ত। বিভিন্ন স্থান ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। জনগুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে প্রতিদিন দুই সহস্রাধিক লোক ও দুই শতাধিক যানবাহন চলাচল করে। গত ২০০৪-০৫ ও ২০০৫-০৬ অর্থবছরে চারটি প্যাকেজে ৭৮ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে এলজিইডি, উলিপুর রাস্তাটির কার্পেটিং করে। ঠিকাদার জিল্লুর রহমান, নুর ইসলাম সরকার, রেদোয়ানুল হক এবং টি এন্টারপ্রাইজ বোয়ালিয়া রাজশাহী রাস্তার কাজ করে। এলাকাবাসীর অভিযোগ, টি এন্টারপ্রাইজ এবং নুর ইসলাম সরকার নিম্নমানের কাজ করায় কার্পেটিংয়ের পরপরই যানবাহন চলাচলের ফলে রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়। তবে উপজেলা প্রকৌশল কার্যালয়ের দাবি, ওই সড়ক দিয়ে চিলমারীর ব্রহ্মপুত্র নদের তীর সংরক্ষণের জন্য বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার কর্তৃক অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক চলাচল করায় রাস্তাটি বিধ্বস্ত হয়। এই রাস্তায় চলাচলকারী ধামশ্রেণী ইউনিয়নের আলেফ মিয়া জানান, তাঁর এলাকায় কেউ অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। রিকশাচালক ছাইফুল জানান, এই রাস্তা দিয়ে যাত্রী পরিবহনে খুব কষ্ট হয়। রিকশায় যাত্রী তুলে পুরোটা রাস্তা রিকশার সঙ্গে হেঁটে যেতে হয়। এ ছাড়া খানাখন্দে ভরে যাওয়ায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে।মাইক্রোবাসচালক মাসুম জানান, উলিপুর সদর থেকে রানীগঞ্জ বাজার পর্যন্ত এ রাস্তাটি যানবাহন চলাচলের অযোগ্য হওয়ায় বিকল্পপথে যাতায়াত করতে হয়। এতে যাত্রীদের সময় ও অর্থের অপচয় হয়। ধামশ্রেণী ইউনিয়নের মাদ্রাসা শিক্ষক শাহীন বলেন, ‘আমার বাড়ি যাওয়ার রাস্তা এটি। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।’ উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, শুধু তিনিই নন, তাঁর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রাস্তাটির অবস্থা সম্পর্কে অবগত আছেন। রাস্তাটি সংস্কারের জন্য চিঠি চালাচালি করেও কোনো সাড়া পাননি।কুড়িগ্রাম এলজিইডির ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী রায়হানুল হক জানান, রাস্তাটির উন্নয়ন ও সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে।