অস্ত্রোপচার করাবেন কি না সে সিদ্ধান্ত এখনো হয়নি। তবে কাল টেলিফোনে একটা ব্যাপার নিশ্চিত করে দিলেন তামিম ইকবাল। হাতের সমস্যার জন্য অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে যাওয়ায় ঈদের আনন্দটা এবার মাটিই হয়ে গেল তাঁর এখন কোথায় আছেন? কাল (আজ) তো মেলবোর্নে ডাক্তার দেখানোর কথা...তামিম ইকবাল: আমি মেলবোর্নে চলে এসেছি। এখানে আমার পরিচিত একজন আছেন, বাবু ভাই। আপাতত ওনার এখানে আছি। কাল (আজ) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ডাক্তার গ্রে হোর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। সিডনির ডাক্তার কী বললেন?তামিম: সিডনিতে ডগলাস হোয়েন নামের একজন বিশেষজ্ঞকে দেখিয়েছি। পাঁচটা এমআরআই করিয়ে নিয়েছিলাম। ওগুলো দেখতে দেখতেই এক ঘণ্টার মতো চলে গেল। আর ডাক্তার আসলে নতুন কিছু বলেনওনি। বলেছেন অপারেশন করালে ভালো, তবে এই ব্যথা নিয়েও খেলা সম্ভব। অস্ত্রোপচার কি তাহলে করাবেন?তামিম: কাল (আজ) মেলবোর্নে ডাক্তার দেখানোর পরই সিদ্ধান্ত নেব অস্ত্রোপচার করাব কি করাব না। সিডনির ডাক্তার আমাদের ফিজিও মাইকেল হেনরির সঙ্গে কথা বলবেন। অস্ত্রোপচারের ব্যাপারে হেনরিই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। অস্ত্রোপচার করাতে হলে কি এবারই করিয়ে ফিরবেন?তামিম: সেটাও এখনই বলতে পারছি না। এটা তো আমার একার ওপর নির্ভর করছে না। ফিজিও আছে, বোর্ড কী বলে দেখতে হবে। পরিবারের সঙ্গেও আলাপ করতে হবে। আমার হাতের জন্য যেটা ভালো হবে, সেটাই করা হবে। কবে দেশে ফিরবেন তার তা হলে ঠিক নেই?তামিম: ঠিক তা না। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো পরশু রওনা দিতে পারব। আর যদি আরও থাকতে হয় থাকব। তার মানে ঈদ এবার কোথায় করবেন বলতে পারছেন না...তামিম: ঈদের আগে তো দেশে ফেরার কোনো চান্স নেই। আমি যদি পরশু রাতেও রওনা দিই, বাংলাদেশে আসতে আসতে মনে হয় ঈদ শেষ হয়ে যাবে। মালয়েশিয়ায় ট্রানজিটের সময়টা একটু বেশি। দেশের বাইরে এর আগে ঈদ করেছেন?তামিম: করেছি তো...নিউজিল্যান্ডে সিরিজ খেলতে গিয়ে করলাম না! কিন্তু এবার তো একদমই একা...তামিম: আসলে এখন ঈদ জিনিসটাই আমার মাথায় নেই। হাত নিয়েই যত চিন্তা...। আর একা একা আছি বলে টেনশনটাও বেশি হচ্ছে। কেউ সঙ্গে থাকলে হয়তো এতটা টেনশন করতাম না। তার পরও অস্ট্রেলিয়ায় যদি থাকতেই হয়, ঈদের দিন কিছু তো করবেন?তামিম: হ্যাঁ...বাবু ভাই আছেন। বন্ধুবান্ধব আছে অনেক। তাদের সঙ্গে সময় কাটবে। এ ছাড়া আর কি...। চিকিৎসকের কাছে যাওয়া-আসার সময়টা ছাড়া অন্য সময় কী করে সময় কাটছে অস্ট্রেলিয়ায়?তামিম: তেমন কিছু না। একা একা ঘুরতে তো আসলে ভালো লাগে না। বন্ধুবান্ধব যারা আছে, তাদের পড়াশোনা আছে, অনেকে সকাল-সন্ধ্যা কাজে ব্যস্ত থাকে। তার পরও ওদের সঙ্গে দেখা করব।