‘ঈদ বকশিশ’-এর নামে চাঁদাবাজি
ঈদ সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল ও সোনারগাঁ উপজেলার কাঁচপুর মোড় এবং মদনপুর-জয়দেবপুর ঢাকা বাইপাস সড়কে যানবাহনে চাঁদাবাজি চলছে। পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মী পরিচয়ে একদল লোক ‘ঈদ বকশিশ’ আদায়ের নামে চাঁদাবাজি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গাড়ি থামিয়ে চাঁদা আদায়ের কারণে গুরুত্বপূর্ণ ওই মহাসড়কে যানজট অন্য সময়ের তুলনায় আরও বেড়ে গেছে।জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত যানবাহন নিয়ন্ত্রণ ও যানজট কমানোর জন্য শিমরাইল মোড়ে দুজন সার্জেন্টের নেতৃত্বে সাতজন ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত ১৫ জন পুলিশ সদস্য এবং কাঁচপুর হাইওয়ে থানার ওসির নেতৃত্বে ২৯ জন হাইওয়ে পুলিশ কর্মরত রয়েছেন।গত বুধবার থেকে শনিবার পর্যন্ত সরেজমিন মহাসড়কে অবস্থান করে দেখা যায়, শিমরাইল মোড়ে ওভারব্রিজের নিচে ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার পরিবহনসহ মালবাহী ট্রাক, যাত্রীবাহী পিকআপ, মাইক্রোবাস ও স্বল্পপাল্লার লোকাল বাস থামিয়ে চাঁদা আদায় করছে ট্রাফিক পুলিশ। প্রতিটি যানবাহন থেকে ১০ থেকে ৩০০ টাকা নেওয়া হচ্ছে। চাঁদা দিতে অস্বীকার করলে অনেক ক্ষেত্রে মিথ্যা মামলা করা হচ্ছে।ট্রাফিক পুলিশকে চাঁদা দিয়ে মাত্র ২০০ গজ যাওয়ার পর এসব যানবাহনকে আবার থামাচ্ছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা। সেখানে প্রতিটি যানবাহন থেকে ২০ থেকে ৫০ টাকা হারে চাঁদা নেওয়া হচ্ছে। এরপর কাঁচপুর সেতু পার হওয়ার সঙ্গে সঙ্গে যানবাহনগুলোকে আবার থামিয়ে দিয়ে ৫০ থেকে ১৫০ টাকা হারে চাঁদা নিচ্ছে হাইওয়ে পুলিশ।ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানের চালক আমির হোসেন জানান, শিমরাইল মোড় থেকে মেঘনা পর্যন্ত আসতে প্রথমে ট্রাফিক পুলিশ, তারপর একে একে আওয়ামী লীগের কর্মী ও হাইওয়ে পুলিশকে মোট তিন জায়গায় ৫৮০ টাকা চাঁদা দিতে হয়েছে।এদিকে মদনপুর-জয়দেবপুর ঢাকা বাইপাস সড়ক চালু হওয়ার পর উত্তরবঙ্গ ও চট্টগ্রামগামী মালবাহী ট্রাক ও লরিগুলো ঢাকার ওপর দিয়ে চলাচল না করে ওই সড়ক ব্যবহার করে। এক সপ্তাহ ধরে হাইওয়ে পুলিশ ওই সড়কের নারায়ণগঞ্জ বন্দর থানার মদনপুর ও সোনারগাঁয়ের পাকুন্দা সেতুর ওপর ট্রাক ও লরি থামিয়ে ১০০ থেকে ৪০০ টাকা হারে চাঁদা আদায় করছে বলে অভিযোগ করেছেন চালক ও শ্রমিকেরা। যানবাহন থামিয়ে চাঁদাবাজির কারণে এ সড়কের ভুলতা গাউছিয়া থেকে বস্তল পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।সাভার থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি ট্রাকের চালক হাফেজ মিয়া জানান, তাঁর গাড়ির কাগজপত্র ঠিক থাকার পরও ঈদ বকশিশের নামে ২০০ টাকা নিয়েছে হাইওয়ে পুলিশ।চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শিমরাইল মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট জিয়াউল হক বলেন, ‘আমাদের কনস্টেবলরা হয়তো কিছু অনিয়মের সঙ্গে জড়াতে পারে। সবার খোঁজ রাখা সম্ভব নয়। তবে আমরা অফিসাররা অনিয়ম করি না।’এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে শিমরাইল মোড়ে দায়িত্বরত এক কনস্টেবল বলেন, ‘আমরা হয়তো পেটের দায়ে কিছু বকশিশ নিই। কিন্তু দিনশেষে যে কর্মকর্তারা আমাদের সঙ্গে হিসাব করতে বসেন, তাঁদের তো কিছু হয় না। পত্রিকায় লিখলে আমাদের শাস্তি হবে। তাঁদের কিছুই হবে না।’হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে জানতে শনিবার কাঁচপুর হাইওয়ে থানায় গিয়ে দেখা যায়, যানবাহন ছাড়িয়ে নিতে সেখানে ভিড় জমিয়েছেন ৭০ থেকে ৭৫ জন চালক। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুল হক প্রকাশ্যে টাকা নিয়ে যানবাহন ছেড়ে দিচ্ছেন। এ টাকার ব্যাপারে জানতে চাইলে ওসি বলেন, ‘যানবাহনের চালকেরা এ টাকা আমার কাছে জমা রেখেছিলেন।’মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি সম্পর্কে মজিবুল হক বলেন, ‘রাস্তায় গিয়ে কোনো পুলিশ সদস্য চাঁদাবাজি করলে সব খবর আমার একার পক্ষে রাখা সম্ভব নয়।’সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান প্রথম আলোকে বলেন, ‘দলের কোনো সদস্য চাঁদাবাজি করছে না। কিছু পরিবহন শ্রমিক এবং সন্ত্রাসী দলের নাম ভাঙিয়ে এ কাজ করছে বলে আমরা শুনেছি।’সার্বিক বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) বিশ্বাস আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘পুলিশের কোনো সদস্য চাঁদাবাজির সঙ্গে জড়িত—এমন প্রমাণসহ পত্রিকায় খবর প্রকাশিত হলে অবশ্যই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’