‘ঈশ্বর কণা’র বাজিতে হেরে গেলেন হকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতিমান ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিং ‘ঈশ্বর কণা’খ্যাত হিগস বোসনের সন্ধান নিয়ে বাজি ধরে হেরে গেছেন। এতে হকিংকে ১০০ মার্কিন ডলার খোয়াতে হবে! গতকাল বুধবার এনডিটিভি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।বাজিতে হকিং বলেছিলেন, এ ধরনের কোনো কণা বা পদার্থের অস্তিত্ব পাওয়া যাবে না। গতকাল বুধবার ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের (সার্ন) বিজ্ঞানীরা সুইজারল্যান্ডের জেনেভায় হিগস বোসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অতিপারমাণবিক এক পদার্থ খুঁজে পান।ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক হকিং বলেন, প্রকৃতপক্ষে এই আবিষ্কারের ঘটনায় বাজিতে তিনি ১০০ ডলার হারাতে বসেছেন। গতকাল বিবিসির সঙ্গে এক সাক্ষাত্কারে হকিং বলেন, গুরুত্বপূর্ণ এই ফলাফল আসায় যার নামে এই কণার নামকরণ করা হয়েছে, সেই পিটার হিগসকে নোবেল পুরস্কার দেওয়া উচিত।হকিং বলেন, ‘মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী গর্ডন কেইনের সঙ্গে এক বাজিতে আমি বলেছিলাম, এ ধরনের কণার অস্তিত্ব নেই। এখন মনে হচ্ছে, আমাকে ১০০ ডলার হারাতে হবে।’প্রায় অর্ধশতাব্দী ধরে গবেষণার পর সার্নের পদার্থ বিজ্ঞানীরা গতকাল বুধবার হিগস বোসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অতিপারমাণবিক এক পদার্থ খুঁজে পান।