‘উইকেটে শট খেলা যাচ্ছিল না’
তাঁর আউটের পরই মনে হলো বাংলাদেশের জন্য ম্যাচটা শেষ! সবাই যেন ধরেই নিল এরপর আর জেতা সম্ভব না! তবে এক দিন আগেই উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাকের বর্ষসেরা হওয়া তামিম ইকবাল বলছেন, শেষ দিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটে ব্যাটিং করাটাই কঠিন ছিল ২৭০ রানের জবাবে হাতে ৫ উইকেট রেখে ২১০ রান—এই ব্যাটিংয়ে কি তৃপ্ত?তামিম ইকবাল: না। তবে কিছু করারও ছিল না। শুরুটা ভালো হলেও দ্রুত ২টি উইকেট পড়ে যাওয়ায় সেটা ধরে রাখা সম্ভব হয়নি। আর এই উইকেটে খেলা খুব কঠিন ছিল। বল নিচু হয়ে আসছিল, দেরিতে আসছিল। শট খেলা যাচ্ছিল না। সাকিব বললেন ৪০ ওভার পর্যন্ত উইকেটে থাকার পরিকল্পনা ছিল আপনাদের...তামিম: হ্যাঁ, সে রকমই চিন্তা ছিল। পরিকল্পনা ছিল ৪০ ওভার পর্যন্ত টিকে থেকে এরপর কিছু একটা করার চেষ্টা করব। কিন্তু অনেকক্ষণ ধরে বাউন্ডারি না আসাতে কাউকে না-কাউকে শট খেলতে যেতেই হতো। আমি গেলাম এবং মারতে গিয়ে আউট হয়ে গেলাম। বিশেষ করে আপনার আউটের পর ব্যাটিং দেখে মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচটা ছেড়েই দিয়েছে। ও-রকম ব্যাটিংয়ের কারণ কী?তামিম: দেখেন, সাকিব আর আমি আউট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা পুরোপুরি ব্যাকফুটে চলে যাই। ওরা ২৭০ রান করলেও শুরুতে কিন্তু আমাদের সম্ভাবনা ছিল। আমরা দুজন সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর অন্যদের পক্ষে রান করাটা কঠিন হয়ে পড়ে। আমি কখনোই উইকেট নিয়ে অভিযোগ করি না। কিন্তু এই ম্যাচের উইকেট আসলেই পরে ব্যাট করার জন্য কঠিন ছিল। তখন কি মনে হচ্ছিল টসে জিতে আগে ব্যাটিং করলেই ভালো হতো?তামিম: এ রকম মনে হয়নি। সকালে উইকেট দেখে মনে হচ্ছিল পেসারদের সাহায্য করবে। শুরুতে ২-৩টি উইকেট ফেলে দিতে পারলে আমাদের স্পিনাররা কিছু করতে পারবে। সেটা তারা করেছেও। কিন্তু রানটা বেশি হয়ে গেছে। ২৭০-এর জায়গায় ২৫০ হলেও আমাদের আত্মবিশ্বাসটা বেশি থাকত। উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাকের বর্ষসেরাদের একজন হওয়ার পর প্রথম ম্যাচ খেললেন। বিশেষ কিছু করার পরিকল্পনা নিশ্চয়ই ছিল?তামিম: এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। তবে এই অর্জনটা পাওয়ার পরও এই ম্যাচে আমার স্বাভাবিক প্রস্তুতিই ছিল। এমন না যে খুব বড় কিছু করে এটাকে স্মরণীয় করার ইচ্ছে ছিল। আর কাল (পরশু) রাতে ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান সিরিজ ভাই (এনায়েত হোসেন) হোটেলে আমার সৌজন্যে ছোট একটা ডিনার দেওয়ায় সেলিব্রেশনটা আগেই হয়ে গেছে। ওখানে আমি কেক কেটেছি। তবে হ্যাঁ, উইজডেনের বর্ষসেরা হওয়াটা আমার লক্ষ্য বাড়িয়ে দিয়েছে। কখন প্রথম পেয়েছেন খবরটা?তামিম: সত্যি বলতে কি, ৬-৭ মাস ধরেই একটু একটু করে জেনেছি। উইজডেনের বাংলাদেশ প্রতিনিধি আমার একটা সাক্ষাৎকার নেওয়ার সময় এটা বলেছিলেন। তখনই প্রথম বুঝতে পারি এটা অনেক বড় অর্জন। যখন শুনলেন এ রকম একটা কিছু আপনার জন্য অপেক্ষা করছে, কেমন লাগছিল?তামিম: এই অ্যাওয়ার্ডটা সম্পর্কে যখন প্রথম জানি, বারবার মনে হচ্ছিল, যদি আমি এ রকম একটা কিছু হতে পারতাম। হওয়ার পর মনে হলো, স্বপ্ন সত্যি হয়েছে। সব সময়ই বলেন ক্যারিয়ারে অন্তত একবার আইসিসির বর্ষসেরা পুরস্কার জিততে চান। আইসিসির পুরস্কারের সঙ্গে উইজডেনের বর্ষসেরাকে কীভাবে তুলনা করবেন?তামিম: যতটুকু বুঝি, দুটি প্রায় সমান। কোনো কোনো দিক দিয়ে হয়তো উইজডেনেরটাই বড়। তামিম ইকবাল বর্ষসেরা হয়েছে এটা বড় কথা নয়, ‘তামিম ইকবাল ফ্রম বাংলাদেশ’টাই আমার কাছে বড় মনে হচ্ছে।