তাঁকে সবাই ‘আর্মির নাসির’ নামে চেনে। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতেন বলে সে সময় জাতীয় দলের ডাক পেয়েও খেলতে পারেননি। গেছেন জাতিসংঘ মিশনে। সেই নাসির উদ্দিন চৌধুরী এখন দেশের শীর্ষ ফুটবলে দাপট নিয়ে খেলছেন। কাল মুক্তিযোদ্ধার জার্সি গায়ে গোল করার পর জানালেন, জীবনে এত দূর উঠে আসার নানা গল্প আপনি তো এখন ভালোই খেলছেন। অথচ একসময় সেনাবাহিনীতে ছিলেন বলে আড়ালেই ঢাকা পড়েন...নাসির উদ্দিন চৌধুরী: সবই আল্লাহর ইচ্ছা। সেনাবাহিনীতে আট বছর ছিলাম। ঢুকেছিলাম খেলোয়াড় কোটায়। ২০০৫ সালে জাতিসংঘ মিশনে লাইবেরিয়ায় যাই। ওই সময় জাতীয় দলে ডাক পেলেও সেনাবাহিনী আমাকে ছাড়েনি। তারপর সেনাবাহিনী ছাড়লেন কখন? নাসির: লাইবেরিয়া মিশন করে আসার পর সেনাবাহিনীর প্রধানকে বললাম, স্যার আমাকে ছেড়ে দেন। বাইরের দলগুলোতে খেলার প্রস্তাব আছে আমার। উনি বললেন, ঠিক আছে যাও। ২০০৭ সালে সেনাবাহিনী ছাড়ি। তারপর চট্টগ্রাম মোহামেডানের হয়ে প্রথম সুপার কাপ খেললাম। সেখান থেকে নতুন শুরু। সেনাবাহিনীর জীবনটা কেমন ছিল?নাসির: ভালোই। সেনা দলের হয়ে নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমারে ট্যুর করেছি। তখন সেনা ফুটবল টিমটা খুব ভালো ছিল। জাতীয় দল ফ্রেন্ডলি ম্যাচ খেললে সেনাবাহিনীর সঙ্গেই খেলত। আমিও ভালো খেলতাম। নিটল টাটা জাতীয় লিগে সেনাবাহিনীর হয়ে আমার হ্যাটট্রিক ছিল তিনটি। তারপর তো একটা সময় আপনি ‘আর্মির নাসির’ হয়ে গেলেন... নাসির: হ্যাঁ, এখনো মানুষ আর্মির নাসির বলে। সেদিন গোল করার পর পত্রিকায় লিখল, আর্মির নাসির গোল করেছে (হাসি)। নিটল টাটা, শেরেবাংলা কাপসহ ঘরোয়া সব টুর্নামেন্টে আমি ভালো খেলেছি। নিয়মিত গোল পেতাম। এভাবেই আমি নাসির হয়ে যাই। ২০০৩ সালে নাটোরে শেরেবাংলা কাপে টুর্নামেন্ট-সেরা হই। নোয়াখালীতে শেরেবাংলা কাপে ৮টি গোল করেছি। জাতিসংঘ মিশনে কীভাবে গেলেন?নাসির: সেনাপ্রধান বিশেষ বিবেচনায় আমাকে মিশনে পাঠান। মাত্র আট বছর চাকরি করে কেউ মিশনে সুযোগ পায় না। ভালো প্লেয়ার হওয়ায় সেনাপ্রধান স্যার আমাকে ওই সুযোগটা দেন। ওখানে আপনার দায়িত্ব কী ছিল?নাসির: নির্বাচনী দায়িত্ব। নির্বাচনের সব কাজ করতে হয়েছে। ওখানে লাইবেরিয়ার ফুটবল তারকা জর্জ উইয়াহ ছিলেন, তাঁকে বললাম আমি ফুটবল খেলি। আমাকে বললেন, খেলাটা চালিয়ে যেয়ো। ঊর্ধ্বতনদের বলতাম, আমাকে একটু ফুটবল প্র্যাকটিসের সুযোগ দিন। আমি ফিটনেস ট্রেনিংটা সব সময় করতাম। আসলে আমার চেষ্টা আমাকে এত দূর এনেছে। ওখান থেকে আপনি নিজেকে নিয়ে এলেন দেশের শীর্ষ ফুটবলে। এই উত্তরণটা কীভাবে হলো?নাসির: সে সময় জুয়েল ভাই, নকীব ভাই...সবাই আমাকে চিনত। তাঁরা বলতেন, সেনাবাহিনী থেকে বেরিয়ে আয়। কোচ মারুফুল হক ভাইয়ের এক ভাই ছিলেন, মেজর মাজহার, তাঁর সহায়তা পেয়েছি। আরও কয়েকজন সাহায্য করেছেন। বাংলাদেশে এখন একমাত্র ফুটবলার আপনিই, যাঁকে সব পজিশনেই খেলানো হয়। কখনো রক্ষণে, কখনো মাঝমাঠে, আক্রমণে...। এটার রহস্য কী?নাসির: এটা কোচদের ব্যাপার। জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কায় দুটি ম্যাচ খেলেছি এএফসি চ্যালেঞ্জ কাপে, কোচ টিটু ভাই আমাকে খেলান ডিফেন্সে। আমি মূলত স্ট্রাইকার। জাতীয় দলের সাবেক কোচ জোরান জর্জেভিচ আমাকে প্রথম ডিফেন্সে পছন্দ করেন। গতবার বাংলাদেশ লিগে মুক্তিযোদ্ধার হয়ে মারুফ ভাই খেলালেন স্টপার হিসেবে। তারপর রাইটব্যাক। তবে আমি ওপরে যাই সব সময়। তিনটা গোল করেছি এই লিগে। আপনার উঠে আসার কথা বলুন...নাসির: আমার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। আরমান আজিজ, ফরহাদও একই এলাকার। আমি ফুটবল শিখেছি কোচ মারুফ ভাইয়ের কাছে। তাঁকে আরও আগে পেলে হয়তো আজ দেশের অন্যতম সেরা স্ট্রাইকার থাকতাম। তবে আমি সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ।