‘উগ্র ধর্মনিরপেক্ষতার’ বলয় থেকে বেরিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘উগ্র ধর্মনিরপেক্ষতার’ বলয় থেকে বেরিয়ে এসে তৌহিদি জনতার কাতারে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের লালখান বাজারে জমিয়াতুল উলুম মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, হেফাজতের ১৩ দফা দাবির মধ্যে রাজনৈতিক কোনো উচ্চাভিলাষ নেই। সারা দেশে যে ধর্মীয় মনোভাব জাগ্রত হয়েছে, তা গুরুত্বের সঙ্গে সরকারের উচ্চপর্যায় থেকে অনুধাবন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। এ সময় সংগঠনের নায়েবে আমির তাজুল ইসলাম, ইজহারুল ইসলাম চৌধুরী, যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহি প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ধর্ম অবমাননাকারীদের জন্য নতুন আইন করা হবে না এবং হেফাজতের যেসব দাবি গ্রহণযোগ্য নয়, সেগুলো গ্রহণ করা হবে না বলে প্রধানমন্ত্রী বিবিসিকে বলেছেন। এ থেকে বোঝা যায়, প্রধানমন্ত্রীর কাছে লাখ লাখ মানুষের মনোভাবের মূল্য নেই। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত সোমবার চট্টগ্রামের ওয়াসা মোড়ে শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি চলাকালে সরকারি দলের ক্যাডার ও সন্ত্রাসী বাহিনী উদ্দেশ্যমূলকভাবে হেফাজতের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের গুলিতে হেফাজতের ৫০ জন কর্মী আহত হন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহত কর্মীদের একজন লালখান বাজার মাদ্রাসার ছাত্র, যিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ ঘটনার জন্য যুবলীগের নেতা দিদারুল আলম ও তাঁর বাহিনীকে দায়ী করা হয়। চট্টগ্রাম, ফটিকছড়ি, পটিয়া, আনোয়ারাসহ সারা দেশে হেফাজতের কর্মীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।সিলেটের সমাবেশ পেছাল: সিলেট থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, আগামীকাল বৃহস্পতিবার ইসলামী ছাত্রশিবিরের হরতালের কারণে সিলেটে হেফাজতে ইসলামের প্রথম বিভাগীয় সমাবেশ পেছানো হয়েছে। এ সমাবেশ আগামী সোমবার সিলেটের কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হবে বলে গতকাল সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। ৬ এপ্রিল ঢাকার মহাসমাবেশ থেকে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির প্রথমটি ছিল বৃহস্পতিবার সিলেটে সমাবেশ। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছিল। গতকাল থেকে সমাবেশ সফল করতে প্রচার শুরুর কথা ছিল। জানতে চাইলে হেফাজতে ইসলামের সিলেট বিভাগীয় সদস্যসচিব ও সাবেক সাংসদ শাহীনুর পাশা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অনিবার্য কারণেই মহাসমাবেশ পেছানো হয়েছে। সোমবার একই জায়গায় একই সময়ে অনুষ্ঠিত হবে এবং কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত থাকবেন।’