‘উচ্চবিত্ত পরিবারের কেউ আসছে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা শেষের কয়েক সেকেন্ড আগে শেখ রাসেলের বিপক্ষে মাঠে নামলেন ফেনী সকারের মিডফিল্ডার তাবিথ আউয়াল। বাবা আবদুল আউয়াল (মিন্টু) শিল্পপতি। তবে বাবার পরিচয়ে নন, নিজের পরিচয়েই ক্রীড়াঙ্গনে পরিচিত তিনি। ফেনী সকার ক্লাবের মূল উদ্যোক্তাদের একজনও। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে কাল তিনি বললেন নিজের ফুটবল ও ক্লাব নিয়ে একই সঙ্গে দলের খেলোয়াড় ও মালিক। কোন পরিচয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন?তাবিথ আউয়াল: নিজেকে খেলোয়াড় হিসেবে ভাবতেই বেশি ভালো লাগে। ফুটবলার পরিচয়টা আমার কাছে অনেক গর্বের। এত কিছু থাকতে কেন ফুটবল ক্লাব গড়লেন?তাবিথ: একটা ফুটবল ক্লাব গড়ার পরিকল্পনা আমার অনেক আগে থেকেই ছিল। সেই আশি-নব্বইয়ের দশকে আবাহনী-মোহামেডানের জোয়ারের সময় থেকেই খেলা দেখতাম। জোয়ারটা হঠাৎ করেই যেন কোথায় হারিয়ে গেল। তবে আশা করি, ফুটবলে আবারও জোয়ার ফিরবে। এসব চিন্তাধারা থেকেই ফেনী সকার ক্লাব গড়া। ফুটবল দেখতে দেখতেই কি খেলার নেশা হলো?তাবিথ: হ্যাঁ, ছোটবেলা থেকেই ফুটবলের নেশা আমার। তখন ধানমন্ডিতে থাকতাম। নিয়মিত আবাহনী ক্লাবে যেতাম। আসলাম ভাইয়েরা প্র্যাকটিস করতেন। ওনাদের দিকে তাকিয়ে থাকতাম। মনে হতো, যদি ওনাদের মতো খেলতে পারতাম। ওই সময় থেকেই আসলে ফুটবলের নেশাটা জাগল। পরে আর এটা থামাতে পারলাম না। ফুটবলের জন্য নিশ্চয়ই মা-বাবার সাহায্য পান? তাবিথ: আমার মা-বাবা সব সময় আমাকে সহযোগিতা করেছেন, করেন। আমি স্কুল ফুটবলে দলের অধিনায়কত্ব করেছি। যখন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গেলাম, তখনো ফুটবল খেলেছি। খেলাধুলা করে যত আনন্দ পাই, অন্যকিছুতে ততটা পাই না। বাবার সঙ্গে কি ফুটবল নিয়ে কথাবার্তা হয়? তাবিথ: কথাবার্তা তো হয়ই। উনি সব সময় দলের খোঁজখবর নেন। আমার দলের ফল আমি দেওয়ার আগেই কীভাবে যেন পেয়ে যান। কে কেমন খেলল, কার কতগুলো গোল সব খবর রাখেন। আবার আমার ক্লাব সম্পর্কে অনেক সময় পরামর্শ দেন।  দল চালানোর জন্য সব টাকাপয়সা কি আপনিই দেন? তাবিথ: আমাদের মতো এমন ক্লাব ভালোভাবে চালাতে চাইলে খুব বেশি টাকা লাগে না। আমাদের ক্লাব কর্মকর্তারা তো কেউ বেতনভুক্ত নন। খরচ যা লাগে তার একটা বড় অংশ আমি নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে দিই। কিছু দেয় এলাকাবাসী। দলটা তো আসলে ফেনীর। এটিকে নিয়ে এলাকাবাসীর খুব গর্ব। বন্ধুবান্ধব এই ক্লাব নিয়ে কি কিছু বলেন?তাবিথ: সেভাবে কেউ আমার ক্লাব নিয়ে কিছু বলে না। তা ছাড়া এসব নিয়ে আমার কোনো সমস্যা কখনো হয়নি। আমি সবার সঙ্গেই মিশতে পারি। তবে একটা ব্যাপার মনে রাখি, খেলার সময় খেলা, ব্যবসার সময় ব্যবসা। ব্যবসাপ্রতিষ্ঠানে সময় দিয়ে তবেই আমাকে আসতে হয়। তবুও খেলার টানে আসি। কিন্তু দুঃখজনক হলো, এখন উচ্চবিত্ত পরিবার থেকে সেভাবে কেউ আসছে না। খারাপ লাগে দেখে। ফেনী সকার মাঝেমধ্যেই বড় দলকে হারিয়ে চমকে দেয়। কিন্তু শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকতে পারে না কেন?তাবিথ: আমাদের ক্লাবের বয়স মাত্র তিন বছর। আমাদের এখনো অনেক কিছু শিখতে হবে। যখন লম্বা মেয়াদে খেলা হয় তখন গতিটা ধরে রাখতে পারি না। তখন বাড়িভাড়ার প্রশ্ন আসে, মাঠের প্রশ্ন আসে। খেলোয়াড়দের ছুটি-ছাটার প্রশ্ন আসে। এসব কারণে পিছিয়ে পড়ি।  এই মৌসুমে আপনাদের কী লক্ষ্য?তাবিথ: এবার আমরা লিগে সেরা ছয়ের মধ্যে থাকতে চাই। যাতে কোটি টাকার সুপার কাপে খেলতে পারি।