‘উজানের পানি ফসলের লগে হাসিও ভাসাইয়া নিয়া গেছে’
‘পলি পইড়া নদীগুলান যদি ভরাট হইয়া না যাইত, হাওরের মুখগুলাতে যদি বাঁধ থাকত আর মৌসুমের শুরুতে যদি বিদ্যুতের অভাবে সেচকাজ বাধাগ্রস্ত না হইত, তাইলে উজানের পানি হাওরের ফসল তলাইয়া নিতে পারত না। মাঠের ধান গোলায় উঠত, আমরার মুখে হাসি থাকত। এখন চেষ্টা কইরাও মন খুইলা হাসতে পারি না, উজানের পানি ফসলের লগে হাসিও ভাসাইয়া নিয়া গেছে।’ গতকাল সোমবার গণশুনানি অনুষ্ঠানে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলার কৃষকেরা এসব কথা বলেন। উপজেলার দেউগড় ইউনিয়নের হক সাহেব উচ্চবিদ্যালয় মাঠে এই গণশুনানির আয়োজন করা হয়। হাওর নিয়ে সরকারের ভাবনার সঙ্গে কৃষকদের ভাবনার সমন্বয় ঘটাতে গণশুনানি নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় চেতনা মানব উন্নয়ন ও সাদ বাংলাদেশ নামে দুটি সংগঠন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলার সহস্রাধিক কৃষক অংশ নেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বংশার হাওরের কৃষক ছিদ্দিক মিয়া বলেন, ‘আমরার জমি এক ফসলি। কোনো কারণে ফসল মারা পড়লে সারা বছর কষ্টে কাটে, আবার ফসল ঘরে তুলতে পারলে অভাব গ্রামছাড়া হয়। এবার আমরা মরছি। উজানের পানি সব ভাসাইয়া নিয়া গেছে। কেন ভাইসাইয়া নিয়া গেছে, এর কারণ বাইর করতে না পারলে সামনের বছরও একই অবস্থা হইব। আর তা যদি হয়, মরণ ছাড়া বাঁচন নাই।’কৃষক মেরাজ মিয়া বলেন, ‘হাওরের অনেক সমস্যা। সবাই শুধু সমস্যা হুনে আর খাতায় লেখে। কেউ আর সমাধান করে না।’কৃষক আমজাদ হোসেন হাওরের ফসল রক্ষার জন্য সেচের নিশ্চয়তা, সড়ক সংস্কার আর নদী খননের দাবি জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের হিসাব মতে, এবারে উজানের পানি অষ্টগ্রামের কয়েকটি হাওরের ফসল তলিয়ে নেওয়ার কারণে প্রায় ৯৬ কোটি টাকার ফসলহানি হয়েছে। কৃষকদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা খুব দ্রুত তাঁরা সরকারের সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেবেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমদ, স্থানীয় প্রেসক্লাব সভাপতি দেবপদ চক্রবর্তী, চেতনা মানব উন্নয়ন সংগঠনের সভাপতি মুছা মিয়া ও সাদ বাংলাদেশের সংগঠক জ্যোৎস্না আক্তার।