‘উত্তরা ষড়যন্ত্র’ মামলায় আগাম জামিন পেলেন ১৩ কর্মকর্তা
সম্প্রতি বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে ‘উত্তরা ষড়যন্ত্রের’ ঘটনায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় বর্তমান ও সাবেক ১৩ জন সরকারি কর্মকর্তার চার মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিনাদেশ দেন।পাশাপাশি কেন তাঁদের স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।জামিন পাওয়া ১৩ জনের মধ্যে ১১ জন সরকারি কর্মকর্তা ও দুজন সাবেক সরকারি কর্মকর্তা।এই ১৩ জন হলেন উপসচিব মজিবুর রহমান, যুগ্ম সচিব এ কে এম জাহাঙ্গীর, জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুর রহমান তরফদার, যুগ্ম সচিব এ বি আবদুল বারী, উপসচিব জাকির হোসেন, যুগ্ম সচিব আবদুর সবুর, জ্যেষ্ঠ সহকারী সচিব এ বি এ সাহাবুদ্দিন নাগরী, উপসচিব মো. মতিন, সরকারি কর্মকর্তা সাজ্জাদ হোসেন ভূঁইয়া, কাজী এমদাদুল হক, শরাফত উদ্দিন আহমেদ এবং বিয়ামের সাবেক মহাপরিচালক শহিদুল আলম ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল কাইয়ুম।২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচন সামনে রেখে ২০০৬ সালের ২৪ নভেম্বর রাতে উত্তরায় মাহমুদুর রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠান আর্টিসান সিরামিকসে পুলিশসহ জনপ্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা গোপন বৈঠক করেন। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে গেলে বৈঠকে যোগ দেওয়া অনেক কর্মকর্তা মুখ ঢেকে ও দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ দৃশ্য ওই রাতে বেসরকারি কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচার করে এবং পরের দিন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়।তত্কালীন তত্ত্বাবধায়ক সরকারের কৃষিসচিব আবদুল আজিজের (বর্তমানে মন্ত্রিপরিষদের সচিব) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তে ১৩ জনকে দায়ী করে বলা হয়, উপস্থিত সরকারি কর্মকর্তারা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের দায়ে অভিযুক্ত। তত্কালীন উপদেষ্টা পরিষদের সভায়ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে দীর্ঘদিন এ ব্যাপারে সরকার প্রায় নীরব ছিল। ৭ জুন সরকারের উচ্চপর্যায় থেকে সিদ্ধান্ত পাওয়ার পর রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।৭ জুন রাতে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন সালেহ আহমেদ চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।