‘উত্তেজনার বশেই এটা হয়ে গেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলটা এক্সট্রা কাভারের দিকে চলে যেতেই জয়োৎসবে ফেটে পড়লেন ব্যাটসম্যানরা। ড্রেসিংরুম থেকেও মাঠে ঢুকে গেল বিজয়োল্লাসের স্রোত। অথচ ওই বলে চার হয়নি, ব্যাটসম্যানদের প্রান্ত বদলও হয়নি সম্পূর্ণ। যার কারণে ম্যাচ জিততে খেলতে হলো আরেকটা বল, সেই ইলিয়াস সানি বললেন তখনকার অভিজ্ঞতার কথা হঠাৎ করেই দলে এলেন। ভেবেছিলেন এ রকম একটা সাফল্যেও আপনিও অংশ হয়ে যাবেন?ইলিয়াস সানি: প্রথমে তো কোনো চিন্তাই ছিল না। তবে দলের বাইরে থেকেও দোয়া করেছিলাম যেন আমরা সিরিজ জিতি। পরে দলে এসে ভালো লাগছিল। সিরিজ জেতায় তো আরও বেশি ভালো লাগছে। জয়সূচক রানটা নিয়ে তো বড় বিভ্রান্তি হয়ে গেল। কী হয়েছিল আসলে?সানি: নাসির এমনভাবে মেরেছিল যে, আমি ভেবেছিলাম বাউন্ডারিই হয়ে গেছে। পেছনে ঘুরে ওর সেলিব্রেশন দেখেও তাই মনে হয়েছে। আমি রান নেওয়া শেষ করেছি ভেবে ও স্টাম্পই তুলে ফেলল। আমি তাই পপিং ক্রিজের কাছাকাছি গিয়েও ফিরে আসি। আমি যদি মনে না করতাম যে, চার হয়ে গেছে, তাহলে তো অবশ্যই রান শেষ করতাম। কেউ তো এমন করে না। আসলে উত্তেজনার বশেই এটা হয়ে গেছে। শুনেছি এ নিয়ে নাকি অনেকের কথা শুনতে হয়েছে আপনাকে?সানি: কথা টিমমেটরাই বলেছে। মুশফিক, রিয়াদ, মাশরাফি ভাই সবাই বকা দিচ্ছিল। তবে এটা মধুর অভিজ্ঞতাই। আর ঘটনাটা ভুল-বোঝাবুঝির কারণে হয়েছে। ইচ্ছাকৃত নয়। পরের বলে আবার নতুন করে নিতে হলো জয়সূচক রান। কেমন লাগছিল তখন?সানি: বাংলাদেশ দলের সবাই মাঠে ঢুকে পড়ায় বল ডেড হয়ে গিয়েছিল। আর আমি স্ট্রাইকে যাইনি, কারণ সেট ব্যাটসম্যান ছিল নাসির। রান আউটের ভয়ও ছিল কিছুটা। নাসির যখন সেলিব্রেট করছিল, এদিকে ক্রিস গেইল বারবার চাইছিল রানআউট করতে। ওই কারণে নাসিরকে ওই পাশে পাঠিয়েছি। আল্লাহ না করুক আমি যদি আউট হয়ে যাই, তাহলে তো শেষ উইকেট এসে যাবে।  বাউন্ডারি হয়নি, ওরা রানআউটের চেষ্টা করছে, এসব কখন খেয়াল করলেন?সানি: নাসির তো পুরোপুরি আনন্দে মেতে গিয়েছিল। এদিকে খেয়ালই ছিল না। আর আমিও আনন্দ করার জন্য পেছন ফিরে দেখি চার হয়নি। তখনই মাথায় ঢুকে গিয়েছিল, যদি বলটা এ পাশে মেরে দেয় তবে রানআউটের সুযোগ আছে। তাই নাসিরকে স্ট্রাইক প্রান্তে পাঠিয়ে দিয়েছি।  পরের বার নিশ্চিত হয়েই উৎসব করেছেন নিশ্চয়ই...সানি: (হাসি) হ্যাঁ, তখন ভালোভাবে দেখেছি ওটা চার হয়ে গেছে। জেতার পর ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়দের সঙ্গে হাত না মিলিয়েই সবাই মাঠ ছেড়ে যাচ্ছিলেন। পরে আবার ফিরে এসে হাত মেলালেন। রাগ করে চলে যাচ্ছিলেন নাকি?সানি: কার কাছে কেমন লাগছে জানি না। আমার কাছে এই সিরিজ জয় অনেক বড় ব্যাপার। বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়ে সিরিজ জিতেছি। আনন্দ আর উত্তেজনার কারণেই ওদের সঙ্গে হাত মেলানো হয়নি। অন্য কিছু নয়। রাতে হোটেলে ফিরে কেমন আনন্দ করলেন?সানি: হোটেলে ফিরছিলাম অনেক দেরি করে। এখানে সোনারগাঁও হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কেক কেটেছি। এরপর যে যার যার রুমে চলে গেছি।