গত দুই দশকের চর্চায় বাংলাদেশের শিল্পকলা যে নানামাত্রিক বাঁক, ভাষা ও অভিমুখগুলোর দিকে অগ্রসর হয়েছে, তার ভেতর থেকে একটি সংলাপ তৈরির ভাবনা আশ্রয় করে আয়োজন করা হয়েছে ‘উদিত দুঃখের দেশ’ নামের প্রদর্শনী। একই সঙ্গে এখানে শিল্পচর্চার বিভিন্ন মাধ্যম, যেমন—চিত্রকলা ও আলোকচিত্র, ভিডিও এবং স্থাপনা—পাশাপাশি অবস্থান করে একে অপরের সঙ্গে সংলাপে অগ্রসর হয়ে বাংলাদেশের শিল্পচর্চার একটি নতুন ভূগোল দৃশ্যমান করে তুলতে সচেষ্ট। গতকাল বুধবার ঢাকা আর্ট সেন্টারে এই প্রদর্শনী শুরু হয়েছে।কবি আবুল হাসানের কবিতা ‘উদিত দুঃখের দেশ’-এর আর্তিই বিরাজ করছিল ঢাকা আর্ট সেন্টারের এই প্রদর্শনীর বিশেষ স্থাপনা শিল্পকর্মগুলোতে। এর আয়োজন করেছে সামদানি আর্টস ফাউন্ডেশন।গতকাল থেকে শুরু হওয়া দুই দিনের এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য সামদানির আমন্ত্রণে লন্ডনের বিখ্যাত ‘টেট মডার্ন মিউজিয়াম’-এর প্রতিনিধি জেসিকা মর্গান ও ফ্রান্সেস মরিসের ঢাকা সফর। অতিথিদের মধ্যে জেসিকা মর্গান মিউজিয়ামের ‘ডাসকালোপুলোস কিউরেটর’ হিসেবে দায়িত্ব পালন করছেন আর ফ্রান্সেস মরিস জাদুঘরটির আন্তর্জাতিক শিল্প সংগ্রাহক বিভাগের প্রধান। তা ছাড়া এ প্রদর্শনী দেখতে এসেছেন ফ্রান্সের বিখ্যাত কিউরেটর জুন স্টেফান জুন্ড। তিনি ফ্রান্সের ‘অরেঞ্জ কিউব’ গ্যালারির সঙ্গে কাজ করেন। তাঁরা এসেছিলেন এক দিনের সফরে।গতকাল ঢাকা আর্ট সেন্টারে সব কটি প্রদর্শনীকক্ষ ঘুরে দেখেন অতিথিরা। প্রদর্শনীতে রয়েছে শিল্পী নিসার হোসেন, শিশির ভট্টাচার্য্য, ঢালী আল মামুন, দিলারা বেগম, তরুণ ঘোষ, তৈয়বা বেগম, ইয়াসমিন কবির, রণি আহমেদ, মুস্তাফা জামান, আতিয়া ইসলাম, মাহবুবুর রহমান প্রমুখের কাজ।ঢাকা আর্ট সেন্টার আয়োজিত এই প্রদর্শনী ছাড়াও অতিথিরা দুপুরে বেঙ্গল শিল্পালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদ এবং গত এশিয়ান দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীতে স্বর্ণপদকপ্রাপ্ত শিল্পী ওয়াহিদের স্টুডিও পরিদর্শন করেন। বেঙ্গল গ্যালারি পরিদর্শন: গতকাল দুপুরে জেসিকা মর্গান, ফ্রান্সেস মরিস ও জুন স্টেফান জুন্ড ধানমন্ডিতে বেঙ্গল গ্যালারি পরিদর্শন করেন। সেখানে তাঁরা শিল্প সংগ্রাহক ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়েরের সংগ্রহ করা বরেণ্য চিত্রশিল্পীদের শিল্পকর্ম উপভোগ করেন।অতিথিরা তাঁদের জাদুঘরের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন এবং শিল্পকর্ম নিয়ে শিল্পীদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।এ সময় শিল্পী আবু তাহের, সৈয়দ জাহাঙ্গীর, শহীদ কবির, হামিদুজ্জামান খান, অলক রায়, বীরেন সোম, স্বপন চৌধুরী, গুলশান হোসেনসহ নবীন-প্রবীণ শিল্পীরা উপস্থিত ছিলেন।আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘বেঙ্গল ফাউন্ডেশন কুড়ি বছর ধরে বহির্বিশ্বে বাংলাদেশের শিল্পকলার পরিচিতি তুলে ধরতে চেষ্টা করছে। দেশে এই সময়ে প্রায় ২৫৬টি প্রদর্শনী হয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়া, জার্মানি, ব্রাসেলস, জেনেভা, নিউইয়র্কসহ বিভিন্ন দেশে বাংলাদেশি শিল্পীদের ২০টি প্রদর্শনীর আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। এবারই প্রথম ভেনিস আন্তর্জাতিক দ্বিবার্ষিকে বাংলাদেশের শিল্পীদের কাজ প্রদর্শিত হলো। এ ছাড়া ইতালির বিখ্যাত প্রকাশনা সংস্থা স্কিরার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে প্রকাশনায় অংশ নিয়েছে। এই চুক্তির আওতায় আলোকচিত্রী ড. শহিদুল আলম, শিল্পী শাফিউদ্দিন আহমেদ ও কাজী গিয়াসের কাজ নিয়ে গ্রন্থ প্রকাশিত হয়েছে। এসব বইয়ে বিদেশে বাংলাদেশের শিল্পীদের প্রদর্শনীর একটি ইতিবাচক ভূমিকা সৃষ্টি হয়েছে। সেই সূত্রেই যুক্তরাজ্যের বিখ্যাত টেট মিউজিয়ামের কর্তারা আমাদের দেশের শিল্পীদের কাজ সম্পর্কে আগ্রহী হয়েছেন। তাঁরা এসেছেন আমাদের দেশের শিল্পী এবং তাঁদের কাজ সম্পর্কে আরও ভালোভাবে জানতে। আমরা চেষ্টা করছি, ভবিষ্যতে হয়তো টেট মিউজিয়ামে আমাদের শিল্পীদের একক বা যৌথ প্রদর্শনী করা যাবে।’শেষে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী অতিথিদের বেঙ্গলের বিভিন্ন প্রকাশনা উপহার দেন।