‘উপজাতি’র পক্ষে বক্তব্য রাখলেন আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের স্বীকৃতি কেন ‘উপজাতি’, তার পক্ষে বক্তব্য রেখেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেছেন, আইএলও কনভেনশন ১৬৯-এ দুটি অংশ আছে—একটি উপজাতিদের (ট্রাইবাল) অংশ এবং অন্যটি আদিবাসী (ইন্ডিজিনিয়াস) অংশ। আইএলও কনভেনশন ১৬৯-এ উপজাতি সম্পর্কে যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটির সঙ্গে বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার অবস্থান মিলে যায়। এ জন্য সংবিধানে তাদের উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে।আজ মঙ্গলবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে ‘আইএলও কনভেনশন ১৬৯ এবং বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার’ শীর্ষক জাতীয় সেমিনারে আইনমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ আদিবাসী ফোরাম, আইএলও ও জাতীয় মানবাধিকার কমিশন যৌথভাবে সেমিনারের আয়োজন করে। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে কোনো ধরনের বৈষম্য বা সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়নি। এ জন্যই বাংলাদেশ ১৬৯ অনুসমর্থন করেনি।জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বাংলাদেশে দৃঢ় বিশ্বাস ও প্রচারণা আছে যে আদিবাসী এবং এর সঙ্গে আইএলও ১৬৯ অনুসমর্থনের যে দাবি, এটি বিদেশি অর্থায়নে পরিচালিত এজেন্ডা। অনেকে মনে করেন, আদিবাসীদের ভূমির ওপর সমষ্টিগত অধিকার প্রতিষ্ঠা হলে পার্বত্য চট্টগ্রাম পূর্ব তিমুর বা বসনিয়া হয়ে যেতে পারে। রাষ্ট্র সব সময় কাল্পনিক শত্রু তৈরি করে রাখতে পছন্দ করে। কারণ, সেটি না হলে রাষ্ট্রের গুরুত্ব কমে যাবে।উদ্বোধনী পর্বে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। বিশেষ অতিথি ছিলেন ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জা মুলার হেনস্যান এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন আইএলওর এ দেশীয় প্রতিনিধি আন্দ্রে বগুই।