জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক উপপরিচালক (টেকনিক্যাল) মেজর (অব.) এম লিয়াকত হোসেন ১০ ট্রাক অস্ত্র আটকের রাতে সিইউএফএল জেটি ঘাটে উপস্থিত ছিলেন। সেই সময় তিনি নিজেকে উলফা নেতা আবুল হোসেন পরিচয় দিয়ে অস্ত্র খালাসের কাজ তদারক করছিলেন। এ ছাড়া এনএসআইয়ের সাবেক পরিচালক (নিরাপত্তা) উইং কমান্ডার (অব.) সাহাবুদ্দিন আহাম্মদের নির্দেশে চট্টগ্রামে এসে অস্ত্র পরিবহনের জন্য সাতটি ট্রাক ভাড়া করেছিলেন এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান। গতকাল রোববার আদালতে দেওয়া সাক্ষ্যে এসব কথা বলেন ১০ ট্রাক অস্ত্র মামলার পঞ্চম তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী। চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ ও চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে মনিরুজ্জামানের সাক্ষ্য অসমাপ্ত রেখেই আজ সোমবার পর্যন্ত কার্যক্রম মুলতবি করা হয়। আদালতে সাক্ষ্যে মনিরুজ্জামান বলেন, ‘গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় দেওয়া আকবর হোসেনের জবানবন্দি পর্যালোচনা করি। ওই জবানবন্দিমতে সাহাবুদ্দিন আহাম্মদের নির্দেশেই আকবর হোসেন চট্টগ্রামে এসে নগরের দেওয়ানহাট এলাকার গ্রিন ওয়েজ ট্রান্সপোর্ট থেকে সাতটি ট্রাক ভাড়া করেন। মনিরুজ্জামান বলেন, সাহাবুদ্দিনের জবানবন্দিতে এনএসআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইয়ের সাবেক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহিম ও এনএসআইয়ের সাবেক উপপরিচালক (টেকনিক্যাল) মেজর (অব.) এম লিয়াকত হোসেনের নাম পাওয়া যায়। এই তিনজনকে পরে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার করা হয়। ২০০৯ সালের ২৭ মে আবদুর রহিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে উল্লেখ করেন মনিরুজ্জামান। তিনি আদালতে বলেন, ‘মেজর (অব.) লিয়াকত হোসেন দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়ার ইচ্ছা পোষণ করায় তাঁকে আদালতে পাঠানো হয়। কিন্তু আদালতে তিনি জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। পরে শনাক্তকরণ মহড়ায় (টিআই প্যারেড) হাজির করলে সাক্ষীরা লিয়াকত হোসেনকে শনাক্ত করেন। সাক্ষীরা জানান, অস্ত্র খালাসের রাতে ঘটনাস্থলে উপস্থিত থেকে তিনি তদারক করছিলেন এবং নিজেকে উলফা নেতা আবুল হোসেন হিসেবে পরিচয় দেন।’