মেঝের ওপর আঁকাবাঁকা সর্পিল ভঙ্গিতে বিছিয়ে রাখা মাটির স্তূপ। তার ওপর তরঙ্গায়িত ধাতব একটি কাঠামো। বিজ্ঞানের ব্যাপারে যাঁরা আগ্রহী, তাঁরা সহজেই চিনবেন কাঠামোটি। মানবদেহের কোষে ডিএনএর ফিতায় মুদ্রিত রয়েছে সব বৈশিষ্ট্য; কাঠামোটি তারই প্রতিরূপ। সেটিকে জড়িয়ে রাখা ‘১৯৭১’ লেখা লাল রঙের সরু ফিতা দিয়ে। এই তরঙ্গায়িত কাঠামোর মাঝে মাঝেই কমপিউটার মনিটর। মোট ১০টি। তার কোনোটিতে ক্রমান্বয়ে ভেসে উঠছে মুক্তিযুদ্ধের সময় বিশ্বের বিভিন্ন দেশের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন, কোনোটিতে প্রজ্বলিত প্রদীপ হাতে শিশুদের মুখ। ছাদ থেকে চারটি রুপালি রঙের স্তম্ভ ঝুলছে কাঠামোটির ওপর। রুপালি স্তম্ভের গায়ে রক্তের বিন্দু। দেয়ালে আটকানো ছবি। তার কোনোটিতে অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়া অকুতোভয় মুক্তিযোদ্ধা। মাতৃভূমির পরাধীনতার গ্লানি মোচনের দৃঢ়প্রত্যয় তার দৃষ্টিতে। কোনোটিতে আশ্রয়শিবিরে বিপন্ন জননীর পাশে দাঁড়ানো উদ্বাস্তু শিশু। একটি ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তর্জনী উঁচিয়ে বজ্রনির্ঘোষ ভাষণ দেওয়ার মুহূর্ত। আর বড় বড় ক্যানভাসে শিশুদের রংমাখা হাতের ছাপ। মৃদুস্বরে ভেসে আসছে জাতীয় সংগীত। তার সঙ্গে প্রহর ঘোষণার মতো মাঝে মাঝে একটি করে ঘণ্টাধ্বনি। কক্ষজুড়ে আলোছায়ার দ্বন্দ্বে একটি স্বপ্নিল আবহ। শিল্পী অশোক কর্মকারের ‘উৎসারিত আলোয়’ শীর্ষক স্থাপনাকর্মটি মোটামুটি এ রকম। ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে গতকাল সোমবার শুরু হলো স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে ছয় দিনের এ স্থাপনাকর্মের প্রদর্শনী। সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ কে খন্দকার। উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রাবন্ধিক মফিদুল হক। স্বাগত বক্তৃতা করেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। শিল্পী অশোক কর্মকার তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মুক্তিযুদ্ধ নিয়ে অশোক কর্মকার ১৫ বছর আগে ১৯৯৬ সালে আরও একটি স্থাপনাকর্ম করেছিলেন শিল্পকলা একাডেমীর প্রদর্শনীকক্ষে। ‘কালরাত্রি’ নামের সেই স্থাপনায় তিনি প্রাধান্য দিয়েছিলেন পাকিস্তানি হানাদারদের ধ্বংসযজ্ঞ। অগ্নিদাহন, গণহত্যা—এসব অতীত থেকে তুলে এনেছিলেন বর্তমানে। ব্যাপক সাড়া জাগিয়েছিল তাঁর সেই কাজ। দেড় দশক পর এবার বিজয়ের মাসে অশোক নজর ফেরালেন ভবিষ্যতের দিকে। তবে শিকড় থেকে যে উন্মূল হয়নি তাঁর এই ভবিষ্যৎ দৃষ্টি, দেশের মাটিতে দৃঢ়বদ্ধ ডিএনএ-চক্রই দর্শকদের তা স্পষ্ট জানিয়ে দেয়।শিল্পী জানালেন, স্থাপনার মাটি আনা হয়েছে নির্মাণাধীন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রাঙ্গণ থেকে। ‘১৯৭১’ লেখা ফিতা জড়ানো ডিএনএ-চক্রটি এসেছে মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক হিসেবে, যা প্রবাহিত হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে। তার সঙ্গে মনিটরে আছে আলো হাতে ৪০ শিশুর মুখ। স্তম্ভ চারটি বিগত চার দশকের স্মারক। ছবিগুলো আঁকা হয়েছে সাদা-কালো ও লাল মাটির সঙ্গে আঠা ও পানি মিশিয়ে। পুরো স্থাপনাতেই মাটি, আলো, হাওয়া—প্রকৃতির এই প্রধান উপাদানগুলোই ব্যবহার করা হয়েছে। আর তাতে অগ্নিশিখার মতো বহমান ওই রক্তিম ডিএনএ-তরঙ্গ। ডিএনএতে মুদ্রিত জীবনের বৈশিষ্ট্য যেমন মানুষ অস্বীকার করতে পারে না, বাঙালির জীবনের মুক্তিযুদ্ধের চেতনাও তেমনি। সেই চেতনারই উত্তরাধিকার বহন করবে আলোকিত ভবিষ্যতের নির্মাতা নবীন প্রজন্ম—‘উৎসারিত আলোয়’ স্থাপনাকর্মের প্রত্যাশা এটাই। শিল্পী অশোক কর্মকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ১৯৮৮ সালে এমএফএ ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত তিনি বহু একক ও দলবদ্ধ প্রদর্শনী ও কর্মশালায় অংশ নিয়েছেন। সেরা বইয়ের ডিজাইনের জন্য বাংলাদেশ শিশু একাডেমীর ‘অগ্রণী ব্যাংক লিটারেচার অ্যাওয়ার্ড’, ‘সাজু আর্ট গ্যালারি অ্যাওয়ার্ড’সহ অনেক পুরস্কার পেয়েছেন। বর্তমানে তিনি দৈনিক প্রথম আলোর মুখ্য শিল্পনির্দেশক। স্থাপনাকর্মটিতে শিল্পীকে সহায়তা করেছেন ঠান্ডু রায়হান, সমিরণ দত্ত, আবু হাসান, অসীম নট্ট, রফিক আহমেদ, বিশংক কর্মকার ও জাহিদ মুস্তফা। প্রদর্শনী চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। স্থাপনাকর্ম একটি দেখার জিনিস; কথায় এর আবেদন ও নান্দনিকতা কতটুকুই বা প্রকাশ করা যায়! কাজেই প্রদর্শনীতে এলে দেখার আনন্দে ভরে উঠবে মন।