‘এ দেশ অনেক পথ পাড়ি দেবে, সঙ্গী হবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতাকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। হিলারি ক্লিনটন গতকাল রোববার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকায় (আইএসডি) এক মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন। ‘বাংলাদেশের সাথে আড্ডা’ শিরোনামে এক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটিএন নিউজের বার্তাপ্রধান মুন্নী সাহা এবং বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের সভাপতি এজাজ আহমেদ।হিলারি বাংলাদেশ নিয়ে শুনিয়েছেন তাঁর মুগ্ধতার কথা। উল্লেখ করেছেন গ্রামীণ ব্যাংকসহ নাগরিক সমাজের কর্মপরিবেশ ও পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা। তিনি বলেছেন, দুর্নীতি দূর করার পাশাপাশি সুশাসনের কয়েকটি ক্ষেত্রে উন্নতি করলেই আগামী দিনে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়বে।দুই দিনের সফর শেষে হিলারি ক্লিনটন গতকাল দুপুরে ঢাকা ছেড়ে ভারতে গেছেন। বিমানবন্দরে তাঁকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।গণতন্ত্রের জন্য একসঙ্গে কাজ করা জরুরি: হিলারি ক্লিনটন বলেন, ‘মতপার্থক্য দূর করতে লোকজনকে আমি সব সময় একসঙ্গে কাজ করতে বলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে একসঙ্গে কাজ করতে বলেছি। এর ফলে আপনাদের গণতন্ত্র টেকসই হবে এবং দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।’ তিনি বলেন, এ দেশে দুটি শক্তিশালী রাজনৈতিক দল আছে, যারা পালাবদলের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আর শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের পথ অব্যাহত রাখতে কিছু চ্যালেঞ্জও রয়েছে। এক প্রশ্নের উত্তরে হিলারি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করে না, সহায়তা করে থাকে।গ্রামীণ ব্যাংক নিয়ে হস্তক্ষেপ নয়: গতকাল সকালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ও ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদের সঙ্গে বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেন হিলারি ক্লিনটন। বলেন, ‘অনেক বছর ধরেই তাঁদের সঙ্গে আমার পরিচয়। তাঁদের প্রয়াসের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। তাঁরা দুজন এ দেশের সম্পদ। আর যে প্রতিষ্ঠানগুলো তাঁরা গড়েছেন, তা বিশ্বের শ্রেষ্ঠ উন্নয়ন সংস্থা হিসেবে সমাদৃত।’ব্যক্তিগত বন্ধু ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাই না এমন কোনো পদক্ষেপ নেওয়া হোক, যাতে করে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ডকে খাটো করা হচ্ছে কিংবা প্রতিষ্ঠানের কাজে হস্তক্ষেপ করা হচ্ছে। কারণ, বিশ্বের দরিদ্র নারী জনগোষ্ঠীর প্রতিষ্ঠান হিসেবে এটি একটি আদর্শ প্রতিষ্ঠান। আমি ড. ইউনূসকে সম্মান করি এবং তাঁর কাজের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল। তাই আমি আশা করব, সরকার এমন কোনো কাজ করবে না যাতে করে তাঁর গড়া প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ব্যাহত হয়।’ফিরছেন সুখস্মৃতি নিয়ে: ১৭ বছর আগে মেয়ে চেলসিকে নিয়ে প্রথম এসেছিলেন হিলারি। তখন তিনি ফার্স্ট লেডি। সে স্মৃতি এখনো জ্বলজ্বল করছে। শুধু ঢাকা নয়, সেবার গিয়েছিলেন প্রত্যন্ত গ্রামে। পরিশ্রমী নারী-পুরুষ আর শিশুদের দেখে মুগ্ধ হয়েছিলেন। গ্রামীণ ব্যাংক ও ব্র্যাকের সদস্যদের সঙ্গে সম্ভাবনা দেখেছিলেন। সেই থেকেই বাংলাদেশের প্রতি তাঁর অগাধ আস্থা। এবার কী স্মৃতি নিয়ে ফিরছেন হিলারি? তাঁর উত্তর, ‘সঠিক পথেই আছে বাংলাদেশ। এ দেশ অনেক এগিয়েছে। আর এই অগ্রগতির মাঝে অনেক বৈচিত্র্য চোখে পড়ার মতো। তবে কিছু সমস্যা আছে। এ সমস্যাগুলো উত্তরণের জন্য এবং অগ্রগতি ধরে রাখতে হলে ঐক্য প্রয়োজন।’হিলারি বললেন, ‘শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে আমি বাজি ধরছি। এ দেশ অনেক পথ পাড়ি দেবে। আর এতে সঙ্গী হবে যুক্তরাষ্ট্র।’