সিটিসেল প্রিমিয়ার বাস্কেটবল লিগ খেলতে পরশু ঢাকায় এসেছেন ভারতীয় খেলোয়াড় বি এস গৌতম। আলাপচারিতায় ভারতের সাবেক অধিনায়ক ফিরে গেলেন তাঁর বাংলাদেশ-সম্পর্কের পুরোনো দিনে বাংলাদেশে তো অনেক দিন পর এলেন?বি এস গৌতম: হ্যাঁ। প্রায় আট বছর পর এলাম। সেবারও এই ইউরোপা ইয়ুথ ক্লাবের হয়েই খেলেছিলাম। জিতেছিলাম সেরা খেলোয়াড়ের পুরস্কার। ক্লাবের সঙ্গে কি যোগাযোগটা ধরে রেখেছিলেন?গৌতম: এখান থেকে খেলে যাওয়ার পর আর কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ করে কিছুদিন আগে ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সেলিম চৌধুরীর ফোন পেয়ে তো অবাক। বললাম, কীভাবে আমাকে পেলেন? উনি বললেন, ইন্টারনেটে প্রোফাইল থেকে ঠিকানা নিয়েছি। এরপরই ফোন করেছি। তা এসে কেমন লাগছে?গৌতম: ভালোই লাগছে। সব সময়ই আমার মনে হয়েছে, বাংলাদেশের মানুষ অনেক বেশি অতিথিপরায়ণ। তবে এবার এসে দেখছি ঢাকা শহরটা অনেক বদলে গেছে। চারপাশে শুধু দালান আর দালান। আগে এত বেশি দালানকোঠা ছিল না। রাস্তাঘাট সবই ঠিক আছে, (হেসে) শুধু যানজট ছাড়া। কোনো দলের খেলা দেখেছেন?গৌতম: হ্যাঁ, দেখেছি। সত্যি কথা বলতে, আমি যখন খেলেছি তখনকার চেয়ে মনে হয় খেলার মান অনেক পড়ে গেছে। কারণটা কী মনে হয়?গৌতম: আমি মাত্রই এলাম। আগে ছেলেদের সঙ্গে, কোচের সঙ্গে কথা বলতে হবে। তাহলেই আসল কারণটা বলতে পারব। অবশ্য এসেই শুনলাম, কয়েক বছর লিগ হয় না। আজই ইউরোপা কোচ ওয়াসিফ আলীর সঙ্গে কথা বলেছি। শুনেছি, মাঝখানে লিগ বন্ধ ছিল পাঁচ-ছয় বছর। এই দুই বছর নাকি ধারাবাহিক হচ্ছে। আসলে খেলার মধ্যে না থাকলে খেলোয়াড়দের মান পড়ে যাওয়াই তো স্বাভাবিক। ভারতে বাস্কেটবলের অবস্থা কেমন?গৌতম: ভারতে বাস্কেটবলের অবস্থা ভালো। ওখানে স্কুল ও কলেজ পর্যায়ে বাস্কেটবল খুব জনপ্রিয়। বাংলাদেশে বিদেশ থেকে খেলোয়াড় আসছে। কিন্তু ভারতের খেলোয়াড়েরা বাংলাদেশ, নেপাল, ভুটানে খেলতে যাচ্ছে। এখানে খেলোয়াড়দের কোনো আর্থিক নিরাপত্তা নেই, চাকরির নিশ্চয়তা নেই। এ দেশে পেশাদারি বলে কিছু নেই। আপনি কি খেলোয়াড়ি প্রেক্ষাপটে কোথাও চাকরি করছেন?গৌতম: হ্যাঁ, খেলোয়াড় কোটায় একটি সরকারি ব্যাংকে যোগ দিয়েছি। বিজয় ব্যাংক। এই ব্যাংকের ম্যানেজার পদে আছি। ভারতে কি নিয়মিত খেলা হয়?গৌতম: কী যে বলেন! আমাদের ওখানে প্রচুর খেলা হয়। তবে আমি টুর্নামেন্ট বেছে বেছে খেলি। তামিলনাড়ুতে একটা টুর্নামেন্টে কদিন আগে খেলে এলাম। সেখানে নিয়মিত পাঁচ-ছয়টা টুর্নামেন্ট হয়। একটার পর একটা হচ্ছেই। বছরে ১৪-১৫টি টুর্নামেন্ট তো থাকেই। কত দিন ভারতীয় দলে খেলেছেন?গৌতম: ১৪ বছর ধরে খেলেছি। ৬ বার অধিনায়ক ছিলাম। আমার অধিনায়কত্বে সাফ আর স্বাধীনতা দিবস কাপে সোনা জেতে ভারত। পরিবারের আর কেউ কি খেলাধুলায় আছে?গৌতম: আমার পরিবারের সবাই ক্রীড়াপ্রেমী। আমি খেলা শুরু করি ১৫ বছর বয়স থেকে। আমার স্ত্রীও একজন বাস্কেটবল খেলোয়াড়। উনি কি এখনো খেলার মধ্যে আছেন?গৌতম: না। সে গৃহবধূ। আমার দুই মেয়ে খুব ছোট। ওদের সামলানো খুব কষ্টের কাজ। বাস্কেটবলে আপনার প্রিয় খেলোয়াড় কে?গৌতম: যুক্তরাষ্ট্রের কোবি ব্রায়ান্ট। তার খেলা খুবই ভালো লাগে। দক্ষিণ এশিয়ায় বাস্কেটবল ততটা জনপ্রিয় নয় কেন? গৌতম: আমরা যারা সার্ক দেশভুক্ত, সবাই অনেক বেশি ইংলিশ সংস্কৃতিতে অভ্যস্ত। যে কারণে আমরা ক্রিকেটের দিকে বেশি ঝুঁকে থাকি। কিন্তু এশিয়ার অন্যান্য দেশ যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, হংকংয়ে বাস্কেটবল দারুণ জনপ্রিয়।