‘এ নির্বাচন ইসির প্রতি জনগণের আস্থা তৈরি করবে’
রংপুর সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষ হওয়ার পর নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কমিশন সচিবালয় থেকে জানানো হয়, রংপুরে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং সীমিত আকারে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার সাফল্য পেয়েছে। সিইসি জানান, যে চারটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়েছে, সেখানে ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যে ফল ঘোষণা করা হয়েছে এবং এ চারটি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে গড়ে ৮৫ শতাংশ। তবে বর্তমান কমিশনের অধীনে রংপুর সিটির নির্বাচনকে মডেল হিসেবে ধরতে রাজি নন সিইসি কাজী রকিব। তিনি বলেন, ‘রংপুরে মাত্র তিন লাখ ভোটার। বরং ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ভালোভাবে করতে পারলে সেটাকে মডেল নির্বাচন হিসেবে গ্রহণ করা যাবে।’রংপুরে ব্যবহূত ইভিএমে প্রথমবারের মতো দেশে তৈরি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সিইসি বলেন, ইভিএমে দেশে তৈরি ব্যাটারি ব্যবহার করে সুফল পাওয়া গেছে। এ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতেও দেশীয় ব্যাটারি ব্যবহার করা হবে। ব্রিফিং শেষে কমিশনার আবদুল মোবারক বলেন, রংপুর সিটিতে প্রথমবারের মতো ভোট হওয়ায় ভোট গ্রহণের হার ৭০ থেকে ৭৫ শতাংশ হতে পারে। এ নির্বাচন ইসির প্রতি জনগণের আস্থা তৈরি করবে।