‘এ বছরটা ভালোই কাটবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুর্মিটোলা গলফ কোর্সে আজ শুরু হচ্ছে আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশ ওপেন পেশাদার গলফ। টুর্নামেন্টে সবচেয়ে ফেবারিট হিসেবে খেলবেন সিদ্দিকুর রহমান। নতুন বছর নিয়ে দারুণ আশাবাদী বাংলাদেশের এই গলফার পিজিটিআই টুর্নামেন্ট দিয়ে দেশের মাটিতে বছরটা শুরু করছেন। প্রস্তুতিটা কেমন হয়েছে?সিদ্দিকুর রহমান: এর আগেও ঢাকায় পিজিটিআই টুর্নামেন্টে খেলেছি। এটা তাই আমার জন্য নতুন কিছু নয়। তবে প্রস্তুতি অনেক ভালো। ইনশাল্লাহ ভালো করব। আপনার গত বছরের পারফরম্যান্স তো ততটা ভালো ছিল না। বাংলাদেশে গ্রামীণফোন মাস্টার্স আর মালয়েশিয়ায় নেগেরি সেমবিলান মাস্টার্স—উল্লেখ করার মতো সাফল্য এই দুটোই...সিদ্দিকুর: আমি বলব, আমার রেজাল্ট কিন্তু খারাপ হয়নি। ২০১০ সালে অনেক টুর্নামেন্টে খেলেছি। গত বছর সেভাবে খেলতে পারিনি। যেমন, ম্যাকাওতে খেলতে পারিনি। এ রকম অনেকগুলোতে কার্ড মিস করেছি। ইউএস ওপেনে খেলতে যাওয়ার জন্য ভিসাই পেলাম না। তার পরও সব মিলিয়ে বলব, গত বছর নিয়ে আমি সন্তুষ্ট। যা-ই হয়েছে, এটাকে খেলার অংশ হিসেবে ধরতে পারেন। নতুন বছরে প্রত্যাশা কী?সিদ্দিকুর: অনুশীলন ভালো হচ্ছে। কোথায় সমস্যা, সেটা নিয়েও গবেষণা করছি। কঠোর পরিশ্রম করছি। আমার বিশ্বাস, বছরটা ভালো কাটবে। বাংলাদেশের অন্য পেশাদার গলফারদের ব্যাপারে কী বলবেন?সিদ্দিকুর: দেখুন, আমি বেশির ভাগ সময়ই দেশে থাকি না। তবু জামাল, সোহেলদের মতো উদীয়মান ছেলেরা কোথায় কী করছে, সেই খবর রাখার চেষ্টা করি। যত দূর মনে হয়, ওরা ভালোই করছে। সময়ই বলে দেবে কে কতটুকু এগিয়েছে। এই টুর্নামেন্টটা কুর্মিটোলায় হচ্ছে। দেশের মাটিতে খেলার বাড়তি সুবিধাটা কাজে লাগাতে চাইবেন নিশ্চয়ই?সিদ্দিকুর: তা তো অবশ্যই। এই কোর্সেই আমার হাতেখড়ি। এখানেই সবকিছু। তাই আমার আত্মবিশ্বাসটাও একটু বেশি কাজ করবে এখানে। শুধু আমি নই, বাংলাদেশ থেকে যারা খেলছি, তাদের সবার জন্যই এটা বাড়তি সুবিধা। দেখবেন, আমিও ভালো খেলব। ভারতের এসএসপি চৌরাসিয়া, চিরাগ কুমার, মুকেশ কুমারের মতো গলফাররাও এখানে খেলছেন। ভালো করার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী?সিদ্দিকুর: আমি এদের সঙ্গে খেলেই প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেছি। এদের সম্পর্কে ভালো ধারণা আছে। সবাইকে চিনি, জানি। এমনকি চিরাগের সঙ্গে একই টুর্নামেন্টে অ্যামেচারেও খেলেছি। সামনে তো ঠাসা সূচি...সিদ্দিকুর: গত কিছুদিন বেশি ব্যস্ত সময় কাটাতে হচ্ছে। এই দূতাবাস, ওই দূতাবাসে দৌড়াদৌড়ি করছি। আজ (কাল) সারা দিন ফিলিপাইন দূতাবাসে ছিলাম। কাল (আজ) থেকে শুরু হবে আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশ ওপেন। এটা শেষ করে ২৩ জানুয়ারি যাব যুক্তরাষ্ট্রে। এরপর ম্যানিলা থেকে ফিরে দিল্লি। পরে ব্রিটিশ ওপেনের জন্যও কোয়ালিফাই খেলব। যুক্তরাষ্ট্রে কি কোনো টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন?সিদ্দিকুর: না। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১০ দিনের একটা ট্রেনিং কোর্সে অংশ নিতে যাচ্ছি। হঠাৎ করে এই ট্রেনিং কোর্সের কারণ?সিদ্দিকুর: আসলে এখন যেখানে আছি, সেখান থেকে আরও উন্নতি করার জায়গা আছে। আরও উন্নতি করতে হলে আমাকে আরও বিশেষ কিছু করা দরকার, কিছু শেখা দরকার। যুক্তরাষ্ট্রে যাচ্ছি...যদি কিছু শিখতে পারি। যুক্তরাষ্ট্রের টড জোনসের অধীনে ট্রেনিং করব। উনি খুব ভালো কোচ।