‘এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে খেলা হলে দুই দলের কোচ-অধিনায়ক ছাড়া আরও একজনের সংবাদমাধ্যমের সামনে আসাটা মোটামুটি নিশ্চিত। তিনি বিসিবি পরিচালক ও গ্রাউন্ডস কমিটির প্রধান শফিকুর রহমান (মুন্না)। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কর্দমাক্ত মাঠ কালও দাঁড় করাল তাঁকে মাইক্রোফোনের সামনে। গ্রাউন্ডস কমিটির প্রধান অবশ্য নতুন কিছু বলেননি। সবই চর্বিত চর্বণ বারবার একই সমস্যা হচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একটু বৃষ্টিতেই খেলা হচ্ছে না? সমস্যাটা কেন হচ্ছে?শফিকুর রহমান: মিরপুর স্টেডিয়ামের মতো এই স্টেডিয়ামেও পানিনিষ্কাশন-ব্যবস্থা করার কথা। বিশ্বকাপের আগে এ নিয়ে এনএসসির সঙ্গে কথাও হয়েছিল। এনএসসির বাজেট ছিল এর জন্য। কিন্তু বিশ্বকাপের আগে সেটা করা যায়নি, কারণ মাঠের উচ্চতা অন্তত ৩ ফুট বাড়াতে হতো এবং নতুন পিচও বানাতে হতো। নতুন পিচ হলে অত তাড়াতাড়ি বিশ্বকাপের ম্যাচ দেওয়া যেত না এখানে। বিশ্বকাপের পরও তো ছয় মাস চলে গেল। অথচ এখনো কাজ শুরু হয়নি...শফিকুর: বিশ্বকাপের পর এনএসসির কাজ করার কথা। পরে জানা গেল বাজেটে কুলাচ্ছে না। বাজেট ছিল ২ কোটি ৮৩ লাখ টাকা, কিন্তু লাগবে প্রায় ৪ কোটি টাকা। এনএসসি তাই এটাকে পরবর্তী বাজেটের মধ্যে রেখেছে। তবে বিসিবির সভাপতি বলেছেন, আগামী মার্চ-এপ্রিলের মধ্যে এনএসসি বাজেট না দিলে বোর্ডের অর্থায়নেই মাঠের কাজ হবে। সময়মতো কাজ না হওয়ায় এনএসসির বাজেট ফিরে গেছে। সেটার কী ব্যাখ্যা?শফিকুর: সেটার ব্যাখ্যা তো আমি দিতে পারব না। এনএসসির কাছ থেকে জেনে নেন। এ ব্যাখ্যা আমার কাছে নেই। এনএসসির সঙ্গে এ ব্যাপারে বোর্ড কোনো যোগাযোগ করেনি?শফিকুর: বিশ্বকাপ শেষে এনএসসিকে আমরা অনেক চিঠিপত্র লিখে বলেছি, মাঠের কাজটা ধরেন। তারা চিঠি দিয়ে বলেছে বাজেট নেই। অক্টোবরে বৃষ্টির সম্ভাবনা থাকে। সে ক্ষেত্রে চট্টগ্রাম বাদ দিয়ে অন্য কোনো মাঠে কি এই সিরিজের ম্যাচ করা যেত না?শফিকুর: এসবের জন্য লজিস্টিক সাপোর্টের ব্যাপার থাকে। চট্টগ্রামে যে রকম সাপোর্ট দেওয়া যায়, সেটা অন্য কোথাও পাওয়া যায় না। সেজন্যই ভেবেছি, চট্টগ্রামে খেলা হোক। বাংলাদেশের একটা টেস্ট ভেন্যুতে বারবার একই ঘটনা ঘটছে। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের জন্য কতটা অপমানজনক?শফিকুর: আমি অপমান বলব না। এটা আবহাওয়ার কারণে হয়েছে। এ সমস্যা আছে বলে আমরা পুরো মাঠ কাভার করার ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু কাভারের মাঝের ফাঁক দিয়ে পানি ঢুকে গেছে। এত বৃষ্টির পরও মাত্র কয়েকটা জায়গায় মাটি ভিজেছে। দেশের দ্বিতীয় প্রধান ভেন্যু এটা। পানিনিষ্কাশন-ব্যবস্থা বা যেকোনো কারণেই হোক এ মাঠে খেলা না হওয়াটা কতটা বিব্রতকর?শফিকুর: এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। আশা করি, ভবিষ্যতে এ রকম হবে না। মূলত এনএসসির সঙ্গে বিসিবির সম্পর্কের টানাপোড়েনের কারণেই মাঠগুলো উন্নত হচ্ছে না বলে অভিযোগ। কী বলবেন?শফিকুর: এ ব্যাপারে কিছু বলব না। নো কমেন্টস। কক্সবাজার ও সিলেটে নতুন স্টেডিয়াম নির্মাণের চিন্তা করছেন। যেখানে বর্তমান স্টেডিয়ামগুলোই সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে খেলা আয়োজনের মতো অবস্থায় নেই, নতুন মাঠ বানিয়ে বাড়তি অপচয় কেন?শফিকুর: সংস্কার তো এনএসসি করবে বলেছিল। তারা করলে তো আমাদের করার দরকার নেই। এটা তাদের দরপত্রে ছিল। এখন তারা যদি না করে, বিসিবিকে বলে লাভ নেই। মাঠের জন্য বিসিবিকে এনএসসির কাছে নির্ভরশীল থাকতে হবে কেন?শফিকুর: সব মাঠের মালিকই এনএসসি। সব চুক্তিতেই লেখা থাকে বিসিবি ব্যবহার করলেও মালিক কিন্তু এনএসসি। এক শেরেবাংলা স্টেডিয়াম ছাড়া বাংলাদেশে আর কোনো মাঠ নেই যেখানে বিসিবি ক্রিকেট ম্যাচ আয়োজনের নিশ্চয়তা দিতে পারে। এটা কি দুর্ভাগ্যজনক নয়?শফিকুর: আমরা খুলনা স্টেডিয়ামের মাঠ সংস্কার করে আধুনিক পানিনিষ্কাশনের ব্যবস্থা করেছি। নতুন উইকেটও করা হয়েছে। সামনে সেখানে আমরা খেলতে পারব। বগুড়াও ভালো ভেন্যু। সেখানে খেলা হচ্ছে।