ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের পর তেজস্ক্রিয়ার যে বিকিরণ ঘটেছে, তাতে ক্যানসার ছড়িয়ে পড়ার ঝুঁকি নেই। তবে দীর্ঘ মেয়াদে স্থানীয় লোকজনের স্বাস্থ্যের জন্য কতখানি সংকট তৈরি করবে, তা জানতে অপেক্ষায় থাকতে হবে।পূর্ব জাপানের ভয়াবহ ভূমিকম্পের পর পারমাণবিক বিস্ফোরণের প্রভাবে ফুকুশিমার লোকজনের স্বাস্থ্যঝুঁকি নিয়ে এমনটাই দাবি করলেন জাপানের চিকিৎসাবিজ্ঞানী শুনিছি ইয়ামাশিতা।গত শুক্রবার বিকেলে ফুকুশিমা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ১০টি দেশের গণমাধ্যমকর্মীদের ইয়ামাশিতা বলেন, ফুকুশিমার বিস্ফোরণে আন্তর্জাতিক মাত্রার চেয়ে কম তেজস্ক্রিয়ার বিকিরণ ঘটেছে। সেই তুলনায় অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষায় তেজস্ক্রিয়া বিকিরণের মাধ্যমে ক্যানসারের ঝুঁকি অনেক বেশি রয়েছে।টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) মালিকানাধীন ফুকুশিমা দাইচি বিদ্যুৎ প্রকল্পটি ২০১১ সালের ১১ মার্চ রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামির কবলে পড়ে। এরপর ওই দুর্ঘটনায় এক হাজার ৬০০ লোক প্রাণ হারায়। পারমাণবিক বিপর্যয়ের পর দুর্ঘটনাস্থলের আশপাশ থেকে সরিয়ে নেওয়া হয় এক লাখের বেশি মানুষকে।জাপানে ‘৩/১১’ বিপর্যয় নামে পরিচিত ওই দুর্ঘটনার প্রথম বার্ষিকীতে আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের ‘পূর্ব জাপানের ভয়াবহ ভূমিকম্প থেকে পরিত্রাণে জাপানের প্রয়াস’ শিরোনামে এক কর্মসূচির আয়োজন করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই কর্মসূচির আওতায় বাংলাদেশসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ১০টি দেশের গণমাধ্যমকর্মীরা দুই সপ্তাহের সফরে এখন জাপানে রয়েছেন।জাপানের ইতিহাসের ভয়াবহ দুর্ঘটনার পর তেজস্ক্রিয়ার বিকিরণ আর মানবশরীরে স্বাস্থ্যঝুঁকি নিয়ে এক সমীক্ষা পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল সায়েন্সের ডিন শুনিছি ইয়ামাশিতা। তিনি এখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন ফুকুশিমা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।ইয়ামাশিতা বলেন, দুর্ঘটনার পর ১৫ মার্চ শুরু হয়ে সমীক্ষা চলে জুন পর্যন্ত। সব মিলিয়ে ফুকুশিমার প্রায় ৩০ হাজার লোকের স্বাস্থ্য পরীক্ষার ভিত্তিতে এ গবেষণা চলে। আর এ গবেষণার ফল চূড়ান্ত হয় আগস্টে। তাঁর মতে, আন্তর্জাতিকভাবে ধরা হয়ে থাকে, মানবদেহে এক মাসে ১০০ মিলিসিয়েভার্টের (তেজস্ক্রিয়া বিকিরণের একক) বেশি তেজস্ক্রিয়া ছড়ালে ক্যানসারের ঝুঁকি থাকে। আর এ মাত্রা হচ্ছে ২০ মিলিসিয়েভার্ট। সমীক্ষায় দেখা গেছে, ‘দুর্ঘটনার পর ফুকুশিমার লোকজনের দেহে তেজস্ক্রিয়া বিকিরণ পাঁচ মিলিসিয়েভার্টের বেশি হয়নি। সমীক্ষায় অংশ নেওয়া ১ শতাংশের দেহে এ মাত্রা ছিল ১৫ মিলিসিয়েভার্ট। কাজেই আপাতত কোনো ঝুঁকি আমরা দেখছি না। তবে দীর্ঘ মেয়াদে এর প্রভাব কী হবে, তা এখনই বলা মুশকিল।’তেজস্ক্রিয়া বিকিরণের যথার্থ তথ্যের ভিত্তিতে গবেষণাটি হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে ইয়ামাশিতা বলেন, ‘চেরনোবিল পারমাণবিক বিস্ফোরণের অনেক পরেও এর প্রভাব ছিল। কাজেই ওই শিক্ষাও আমরা কাজে লাগাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় কীভাবে মোকাবিলা করতে হবে, সেটি আমাদের দেখতে হবে।’