আবাহনী-মোহামেডান দুই দলেই খেলেছেন। সেই সুবাদে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বহু ফাইনালে ছিলেন। আজ সুপার কাপের ফাইনালে আবাহনী-মোহামেডান আবার মুখোমুখি। ইমতিয়াজ সুলতান জনিও ফিরে যাচ্ছেন অতীতে কাল (আজ) তো আবাহনী-মেহামেডান ফাইনাল। দেখবেন নিশ্চয়ই? ইমতিয়াজ সুলতান জনি: অবশ্যই মাঠে গিয়ে দেখব। অনেক দিন পর এমন একটা ফাইনাল হচ্ছে। মিস করা যায় না। এ ম্যাচ এখনো দোলা দেয়। মোহামেডান-আবাহনীর সেই আবহ, আমি তো অপেক্ষায় আছি। আপনি তো অনেক আবাহনী-মোহামেডান ম্যাচ খেলেছেন। সেসব স্মৃতি মনে পড়ছে? ইমতিয়াজ: খুব মনে পড়ছে। আবাহনী-মোহামেডান প্রতিটি ম্যাচেরই আলাদা গুরুত্ব ছিল সব সময়ই। এখনো আছে। কিন্তু গত কয়েক বছর, বিশেষ করে এই মৌসুমটা আবাহনী-মোহামেডান কেউই দেশের সেরা দল করেনি। তার পরও দুই দলের নামের ওজন অনেক। বলা হচ্ছে, এই ম্যাচটা মাঠে দর্শক ফেরানোর বিজ্ঞাপন হতে পারে। আপনার কী মনে হয়?ইমতিয়াজ: নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই দু-দল ফাইনাল খেলছে। সেমিফাইনালে দুই দলই নিজেদের তুলনায় শক্তিশালী দলকে হারিয়েছে। ফুটবলের জন্য এটা ইতিবাচক। কিন্তু দুই দলেই তো আগের মতো আর তারকা নেই...ইমতিয়াজ: এটা ঠিক, এই দুই দলেই এখন আর আগের মতো তারকা নেই। থাকলেও খুবই কম। তবে সেটিকে একপাশে রেখেও বলব, এই টুর্নামেন্টে তারা ভালো করেছে। পরিচ্ছন্ন খেলা হলে ফল সব সময়ই টিম স্পিরিটের ওপর নির্ভর করে। যদি ফেয়ার খেলা হয়, তাহলে দলীয় সমন্বয় যে মূল মন্ত্র, সেটা এই দু-দল সুপার কাপে প্রমাণ করে দিয়েছে। আপনি তো ক্যারিয়ার শেষ করে মোহামেডানের সঙ্গে আছেন। আজ মোহামেডানের জয়টাই বড় চাওয়া, নাকি জমাট একটা ফাইনাল?ইমতিয়াজ: আমি মোহামেডানের পক্ষে। তবে চাইব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল। কিন্তু এই ম্যাচটা তো আগের মতো মাদকতা ছড়ায় না। কারণটা কী?ইমতিয়াজ: মাদকতা হারানোর বড় কারণ, নব্বইয়ের মাঝামাঝি থেকে খেলাটা অনিয়মিত হয়ে পড়া। ১৫টা লিগের জায়গায় হয়তো ৮-১০টা হয়েছে। এ জন্যই মানসম্মত খেলোয়াড় এখন অনেক কম। কী করলে আগের জমাট পরিবেশটা ফিরে আসবে?ইমতিয়াজ: খেলার ধারাবাহিকতা রাখা দরকার। সমস্যাটা হলো, ফুটবল যখন খুব জনপ্রিয় ছিল, তখন এটিকে কাজে লাগিয়ে কোনো ভিত্তি করা হয়নি। ভবিষ্যতে ভালো করতে চাইলে এই দিকটায় অবশ্যই বাড়তি নজর দিতে হবে। এখানে দুই ক্লাবের দায় কতটুকু?ইমতিয়াজ: ক্লাবের তো দায় আছেই। দুই দলকেই পেশাদার হতে হবে। আবাহনী-মোহামেডানের সেরা দল গড়ার বিকল্প নেই। আধা পেশাদার, আধা বাণিজ্যিক মানসিকতা ছাড়তে হবে। বাফুফের ভূমিকাকে কীভাবে দেখতে চান?ইমতিয়াজ: ফুটবল নিয়ে যদি বাণিজ্য করতে হয়, তাহলে পারিপার্শ্বিক সমস্যাগুলো দূর করতে হবে ফেডারেশনকেই। ফুটবলের বর্ষপঞ্জিটা আরও সুনির্দিষ্টভাবে হওয়া উচিত। মাঠে দর্শক না আসার বিশেষ কোনো কারণ কি আছে?ইমতিয়াজ: দর্শকের আগ্রহ বাড়াতে হলে ম্যাচের সময়সূচিটা ঠিক করতে হবে। দুপুরের কড়া রোদে দর্শক আসবে না। অফিস ছুটির পর খেলা দিতে হবে। সপ্তাহান্তে খেলা হলে দর্শক বেশি আসবে। প্রচার ভালো হওয়া চাই। আপনাদের সময়টা ছিল ফুটবলের সোনালি সময়। আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই সারা দেশ দুই ভাগে বিভক্ত...ইমতিয়াজ: তা তো অবশ্যই। ১৪ বছরে অন্তত ৩৫টির বেশি আবাহনী-মোহামেডান ম্যাচ খেলেছি। আবাহনীতে ছিলাম ’৮২ থেকে ’৮৭। ’৮৮ থেকে ’৯৪ মোহামেডানে। ম্যাচগুলোতে খুবই এক্সাইটেড থাকতাম। তখন ম্যাচের ফল খারাপ হলে রাস্তায় বেরোতে পারতাম না।