‘এ রকম অনেক ইনিংসই আছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দুই ম্যাচে করেছেন ১৭ আর ১ রান। মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে এসে সময়টা ভালো যাচ্ছিল না পাকিস্তানের হাম্মাদ আজমের। তবে কাল ভিক্টোরিয়ার বিপক্ষে ৫০ বলে অপরাজিত ৮৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে নিজের জাত চেনালেন। খেলা শেষে বললেন, এই ব্যাটিংটাই তাঁর পছন্দ দারুণ একটা ইনিংস খেলে ম্যাচ জেতালেন। কেমন লাগছে?হাম্মাদ আজম: ভালো লাগছে। বলতে পারেন, এটা আমার খেলা অন্যতম সেরা ইনিংস। চাপের মধ্যে এ রকম ব্যাটিং করতে পেরে ভালো লাগছে। ঢাকার ক্লাব ক্রিকেটে এই চাপ সব সময়ই। সেটাও কি উপভোগ করছেন?হাম্মাদ: অবশ্যই। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে চাপের মধ্যেও আমাদের পারফর্ম করে যেতে হয়। এখানকার ক্লাব ক্রিকেটের মান খুবই ভালো। সবাই খুব পেশাদার। ঢাকায় খেলাটা এসব কারণেই বেশি উপভোগ্য। ভিক্টোরিয়ার বিপক্ষে খেললেন। মোহামেডানের সঙ্গে মাঠের বাইরেও তাদের একটা লড়াই আছে। সেটা কি জানতেন?হাম্মাদ: হ্যাঁ, আমাদের ম্যানেজার আমাকে বলেছেন, ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষও বেশ ভালো দল সন্দেহ নেই। ঈশ্বরকে ধন্যবাদ ম্যাচটা আমরাই জিতেছি। ঢাকায় এসে প্রথম দুই ম্যাচে রান পাননি। আজ (গতকাল) কি বাড়তি কোনো চাপ ছিল?হাম্মাদ: পাকিস্তানের কন্ডিশনের সঙ্গে এখানকার কন্ডিশনের অনেক পার্থক্য। মানিয়ে নিতে সমস্যা হওয়াতেই হয়তো প্রথম দুই ম্যাচে রান পাইনি। একটু চাপেই ছিলাম। তবে চেষ্টা করে গেছি এবং আজ (গতকাল) সফল হয়েছি। ম্যানেজারও বলছিলেন, ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। এ ম্যাচে প্রচুর শট খেললেন। এটাই কি স্বাভাবিক ব্যাটিং আপনার?হাম্মাদ: আসলে উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল। মাঠের সব জায়গাতেই বল পাঠাতে পেরেছি। এটাই আমার সহজাত ব্যাটিং। অনসাইডে ভালো ব্যাটিং করলেও আজ (গতকাল) অফেও অনেক শট খেলেছি। আমার মনে হয়েছে, এই কন্ডিশনে স্বাভাবিক ব্যাটিং করাই ভালো। প্রতিপক্ষের বোলিং সম্পর্কে কি মূল্যায়ন?হাম্মাদ: বোলিং খারাপ ছিল না ওদের। বোলাররা ভালো। সাকিব আল হাসান ভালো বল করেছে। এ ছাড়া অন্য একজন বাঁহাতি স্পিনার কিংবা পেসাররাও খারাপ বল করেনি। বোলাররা সবাই-ই অভিজ্ঞ। কেউ কেউ তো জাতীয় দলেও খেলে। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও এ রকম ঝোড়ো ইনিংস আছে আপনার?হাম্মাদ: হ্যাঁ, এ রকম অনেক ইনিংসই আছে। পাকিস্তান যেবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো ওই টুর্নামেন্টে আমার এ রকম কয়েকটা ইনিংস আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনালে ৯৩ রান করেছিলাম এভাবে ব্যাটিং করেই। পাকিস্তানের হয়ে পাঁচটি ওয়ানডে খেলেছেন এখন পর্যন্ত। দলে ফেরার ব্যাপারে কতটা আশাবাদী?হাম্মাদ: চেষ্টা তো করে যাচ্ছি। ইনশাআল্লাহ, দলে ফিরব...আপাতত এই বলতে পারি। ক্রিকেটে এলেন কীভাবে? পরিবারের আর কেউ কি ক্রিকেট খেলেন?হাম্মাদ: আমার বড় ভাই রাওয়ালপিন্ডির হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন। আমিও ছোটবেলা থেকে খেলাটা পছন্দ করতাম। অনূর্ধ্ব-১৯ দলে খেলেছি। এখন ঘরোয়া ক্রিকেট খেলছি ন্যাশনাল ব্যাংক দলের হয়ে। প্রথমবারের মতো জাতীয় দলে খেলি গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে।