সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বহিষ্কার করেছে ভারতকে। আগামী বছর নির্ধারিত সময়ে ভারতে তাই এসএ গেমস নাও হতে পারে। তবে এসএ গেমসের ক্যাম্পে থাকা বাংলাদেশের দ্রুততম মানব মোহন খান এসব নিয়ে ভাবছেন না। নিজের মতোই চালিয়ে যাচ্ছেন প্রস্তুতি এসএ গেমসের ক্যাম্প কেমন চলছে?মোহন খান: ক্যাম্প ভালোই চলছে। তবে এখন মাঠে চলছে ফুটবল লিগ, তাই মাঠ ঠিকমতো পাই না। এ জন্য আমরা শুধু সকালেই প্র্যাকটিস করছি। বিকল্প কোনো ব্যবস্থা নেই?মোহন: না। এ বিষয়ে এখনো আমরা কিছু জানি না। কোথায় কী করা হবে, না হবে, সেটা কর্মকর্তারা নিশ্চয়ই ভালো জানেন। তাঁরা যেটা ভালো বোঝেন, সেটাই করবেন। এসএ গেমস যথাসময়ে হবে কি না, সেটা নিয়ে সংশয় আছে। আপনাদের অনুশীলনে এর কোনো প্রভাব পড়ছে না?মোহন: আমার মনে হয় না এসব কারণে আমাদের অনুশীলনে কোনো প্রভাব পড়বে। যদি ক্যাম্প এভাবে নিয়মিত চলতে থাকে, তাহলে অবশ্যই ভালো করব। তবে অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ক্যাম্পটা চালু রাখতে হবে। তাহলেই আস্তে আস্তে একটা লক্ষ্যে পৌঁছাব আমরা। আর যদি এখান থেকে চলে যাই, তাহলে আবার সেই শূন্যতে ফিরে যাব। ক্যাম্প না থাকলে আবার আমাদের নিজেদের বাহিনীতে চলে যেতে হবে। অলিম্পিক থেকে ফিরে তো সেভাবে খেলাধুলা ছিল না। সময় কীভাবে কাটত?মোহন: ফিরেই আমি সেনাবাহিনীতে প্র্যাকটিস করতাম। মাঝে আমরা আন্তইউনিট খেলতে যশোরে গিয়েছিলাম। সেখান থেকে এসে আবারও ট্রেনিংয়ে ছিলাম। এরপর ক্যাম্পে এসেছি। লন্ডনে অলিম্পিক থেকে ফেরার পরের অভিজ্ঞতাটা কেমন ছিল?মোহন: যেখানেই যেতাম, দেখা যেত আগে আমাকে যারা চিনত না, তারা অনেকেই চিনেছে। সবাই বলত, আমাদের বান্দরবানের ওই ছেলে অলিম্পিকে গিয়েছিল। আর্মিতে আমার ইউনিট থেকে সবাই বলত, পুরো আর্মির মধ্যে আমি একমাত্র সৈনিক, যে অলিম্পিকে গিয়েছি। উনারা সবাই গর্ববোধ করত আমাকে নিয়ে। মোট কথা, সবাই আমাকে ডেকে কথা বলত। অলিম্পিকে গিয়ে একটা বিষয় বুঝতে পেরেছি, সোনা জিতলে কেন সারা বিশ্ব এমন মাতামাতি করে। আমার স্বপ্ন এসএ গেমসেও আমাকে নিয়ে সবাই এমন মাতামাতি করুক। অলিম্পিকে নিজের সেরা টাইমিং (১১.২৫ সেকেন্ড) করেছিলেন। এমন ঢিমেতালের ক্যাম্প চলতে থাকলে কি ভবিষ্যতে এই টাইমিংটা ধরে রাখতে পারবেন? মোহন: বর্তমানে কোচ কিতাব আলী স্যারের কাছে যে প্র্যাকটিস করছি, এর আগে এমন ট্রেনিং আমরা আগে কখনো করিনি। এই বিশেষ ধরনের ট্রেনিংটা ধরে রাখলে আশা করি পারফরম্যান্স আরও ভালো হবে। এসএ গেমস নিয়ে আপাতত সংশয় থাকলেও বাংলাদেশ গেমস হওয়ার সম্ভাবনা আছে। সেসব নিয়ে কী ভাবছেন?মোহন: আমিও শুনেছি। আমাদের আর্মি টিম থেকে এ জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা যেহেতু ক্যাম্পে আছি, সবাই সাফ গেমসের লক্ষ্য নিয়েই ট্রেনিং করছি। তবে বাংলাদেশ গেমসও আমাদের পরিকল্পনায় আছে। গেমসটা হলে নিজের পারফরম্যান্সটা আবারও যাচাই করতে পারব।