‘এ সপ্তাহে সাঈদীর রায়ের সম্ভাবনা নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা চলতি সপ্তাহে হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়।সাঈদীর বিরুদ্ধে মামলার রায় এ সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে কি না—এ প্রশ্নের জবাবে আজ সোমবার বিকেলে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও মুখপাত্র এ কে এম নাসিরউদ্দীন মাহমুদ সাংবাদিকদের এ কথা বলেন।ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বলেন, ‘অন্য মামলা দুটির মতো এ মামলায়ও দু-এক দিন আগে রায় ঘোষণার তারিখ সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। রায় ঘোষণার দিন এখনো নির্ধারিত হয়নি। এ সপ্তাহে রায় ঘোষণার সম্ভাবনা নেই।’আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এখন পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার রায় ঘোষণা করেছেন। জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদ ওরফে বাচ্চুর বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হয় গত ২১ জানুয়ারি, এর দুই সপ্তাহ পর ৫ ফেব্রুয়ারি দেওয়া হয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে রায়। ট্রাইব্যুনাল-১ এখনো কোনো মামলার রায় ঘোষণা করেননি, তবে যেকোনো দিন সাঈদীর বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হতে পারে। গত ২৯ জানুয়ারি এই মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষ দ্বিতীয় দফায় যুক্তি উপস্থাপন শেষ করলে রায় অপেক্ষাধীন (সিএভি) রাখা হয়। এর আগে গত ৬ ডিসেম্বর প্রথমবারের মতো মামলাটি রায়ের অপেক্ষায় রাখা হয়েছিল। তবে ১৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ পুনর্গঠিত হওয়ায় দুই পক্ষকেই আবার যুক্তি উপস্থাপনের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।