‘এ হাটে ফসল বেচবার জায়গা নাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ বাজারটি এখন নানা সমস্যার পাশাপাশি অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে। রাস্তার ওপর হাট বসায় পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দালালদের তৎপরতা ব্যাপক বেড়ে যাওয়ায় পশু ক্রেতা-বিক্রেতারাও অতিষ্ঠ।উপজেলার মধ্যে সবচেয়ে বড় তারাগঞ্জ হাটে সপ্তাহে শুক্র ও সোমবার অনেক লোকের সমাগম হয়। বিশাল এলাকাজুড়ে হাটের বিস্তার হলেও বর্তমানে এর জায়গা প্রায় অর্ধেকে সংকুচিত হয়ে এসেছে। সীমিত জায়গার মধ্যে গাদাগাদি করে বসছে হাটটি।সরেজমিনে দেখা গেছে, ধান, পাট, আদা, আলু, বেগুন, পলিথিন, পুরোনো কাপড়সহ নানা পণ্যের অস্থায়ী দোকান বসে তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের ওপর। এতে যানজট তীব্র আকার ধারণ করে। দীর্ঘদিনেও এ সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।এ ছাড়া হাটের চারপাশে বাড়িঘর, মন্দির, স্কুল-কলেজ, ব্যাংক, বিমা কার্যালয় গড়ে উঠেছে। হাটবারে বিভিন্ন উপজেলা থেকে যখন বিক্রির জন্য গরু, ছাগল, ভেড়া আসতে থাকে, তখন উপজেলা সদরের সব সড়কে যানজটের সৃষ্টি হয়। ফলে পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পড়তে হয় সমস্যায়।তারাগঞ্জ ও-এ বালিকা স্কুল ও কলেজের ছাত্রী সোমা ও আয়শা খাতুন জানায়, যানজটের কারণে হাটের দিন হেঁটে কলেজে যাওয়া যায় না। উপজেলা পরিষদের সামনে দিয়ে এক কিলোমিটার ঘুরে কলেজে যেতে হয়।তারাগঞ্জ ও-এ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়, হাটের দিন যানজটে পথচারীদেরও দুর্ভোগে পড়তে হয়। অথচ এ সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসছে না।আদা বিক্রি করতে আসা জগদীশপুর গ্রামের কৃষক আজমল হোসেন বলেন, ‘এ হাটত হামার কষ্টের ফসল বেচবারও জায়গা নাই। রাস্তাত দাঁড়ে, কম দামে বেচবার নাগেছে।’ এদিকে ১৩ ডিসেম্বর হাট ঘুরে জানা গেল দালালদের ব্যাপক তৎপরতায় পশু ক্রেতা-বিক্রেতাদের অতিষ্ঠ অবস্থার কথা। দালালদের হাতে তাঁরা প্রতারণার শিকার হচ্ছেন।এদিকে মেনানগর গ্রামের দালাল জিয়ারুল হক, ঘনিরামপুর গ্রামের গৌতম রায় ঝামেলা করার অভিযোগ অস্বীকার করেন। জিয়ারুল বলেন, ‘আমাদের দোষ নাই। দ্যাশে যেমন ঘটক ছাড়া বিয়া হয় না, তেমন দালাল ছাড়াও দ্যাশের কোথাও পশু বেচাকেনা হয় না। তা ছাড়া আমাগো তো প্যাট আছে। ক্রেতা-বিক্রেতারা তা বোঝে না। সারা দিন ঘুরি ক্রেতা-বিক্রেতাগো পণ্য কেনাবেচা করে দিলেও তারা কোনো মজুরি দেয় না। তাই বাধ্য হয়াই আমরা নিজেগেরে মধ্যে সাংকেতিক ভাষা ব্যবহার করি ওগো (ক্রেতা-বিক্রেতা) কাছ থেকে লাভ করি।’মুঠোফোনে যোগাযোগ করা হলে হাটের ইজারাদার শওকত চৌধুরী বলেন, কৃষকদের পণ্য বিক্রিয়ের জায়গা না থাকায় তারা রাস্তায় দাঁড়িয়েই বিক্রিবাট্টা করছে। এ কারণে যানজট বাড়ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হক বলেন, তারাগঞ্জ হাটের এ সমস্যা দীর্ঘদিনের। পরিকল্পনা করে পর্যায়ক্রমে এ সমস্যার সমাধান করা হবে।