আজ দেশ টিভির পর্দায় রাত ৯টা ৪৫ মিনিটে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম সেরা রিয়েলিটি গেম শো ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়র’-এর বাংলাদেশি সংস্করণ—‘কে হতে চায় কোটিপতি’। বাংলাদেশে অনুষ্ঠানটির স্বত্ব কিনেছে ডেল্টা বে। অনুষ্ঠানটির উপস্থাপক আসাদুজ্জামান নূর। কথোপকথন তাঁর সঙ্গে।আজ আপনি ‘কে হতে চায় কোটিপতি’র উপস্থাপক হিসেবে মঞ্চে আসছেন। অনুভূতি কেমন?প্রথম যখন আমি এ দায়িত্বটা কাঁধে নিই, আমার ধারণা ছিল, আমি মানুষটা আদতে যে রকম, সেভাবেই মঞ্চে আসব। আমার নিজের ব্যক্তিত্ব, আমার কথা বলার নিজস্ব যে স্টাইল, বেশভূষা—সব অবিকল থাকবে। কিন্তু রিহার্সেল করতে গিয়ে মনে হলো, এ অনুষ্ঠানটা আসলে একদম আলাদা। এখানে অনেক কিছু পারফর্ম করতে হয়। ফলে যেটা দাঁড়িয়েছে, আমি এই অনুষ্ঠানে শুধু আসাদুজ্জামান নূর ব্যক্তি মানুষটা নই, যদিও এটি রিয়েলিটি শো, আমাকে একটি চরিত্রে কাজ করতে হচ্ছে। ‘কে হতে চায় কোটিপতি’র উপস্থাপকের চরিত্র।‘কে হতে চায় কোটিপতি’ আমাদের দেশে কী ধরনের ভূমিকা রাখতে পারে?আমরা বলছি, এই আয়োজন জীবন বদলে দেওয়ার আয়োজন। ধনী-গরিব, নারী-পুরুষ—সবাই সমান আমাদের এ আয়োজনে। তবে এটা শুধু টাকা জেতার ব্যাপার নয়, এই খেলার মাধ্যমে দেশব্যাপী জ্ঞানচর্চার যে সুযোগ তৈরি হবে, সব বয়সের, সব মানুষের মাঝে যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হবে, এটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উপস্থাপক হিসেবে চাপটা কি অনেক বেশি মনে হচ্ছে?‘কে হতে চায় কোটিপতি’ বিশ্বের অন্যতম সেরা রিয়েলিটি গেম শো ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়র’-এর বাংলাদেশি সংস্করণ। পুরোপুরি বিশ্বমানের একটা অনুষ্ঠান। বাংলাদেশ ছাড়াও বাইরের দেশের বেশ কিছু মানুষ এই অনুষ্ঠানে কাজ করছেন। সব মিলিয়ে একটা চাপ তো থাকেই। প্রতিদিনই নতুন কিছু একটা করার চেষ্টা রাখতে হয়। অনুষ্ঠানের একটা বাঁধাধরা ছাঁচ বা ফরম্যাট তো আছেই। কিন্তু এর সঙ্গে আরও অনেক কিছু লাগে। বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে মেশার অভিজ্ঞতা কেমন?আমাকে তো সব সময়ই মানুষের সঙ্গে মিশতে হয়। পুরোনো দিনের মানুষ যাঁরা, তাঁরা আমার নাটক বা সিনেমা দেখেছেন। কিন্তু এই অনুষ্ঠানে এসে আমি নতুন প্রজন্মের সঙ্গে মেশার সুযোগ পাচ্ছি। এটা একটা বড় পাওয়া।