‘এই খেলায় অনেক মজা’
পল্টন ময়দানে কাল শুরু হয়েছে কুলাইন এসি রাগবি প্রতিযোগিতা। বছর তিনেক আগে বাংলাদেশে এই খেলার যাত্রা, তবে এখনো জয়-পরাজয়ের চেয়ে মাঠে পাওয়া আনন্দটাই খেলোয়াড়দের কাছে বড়। উদ্বোধনী দিনের জয়ীদল যাত্রাবাড়ীর জে স্পোর্টসের অধিনায়কজাহাঙ্গীর আলমের কথায় সেটাই বোঝা গেল সবাই খুব মজা করছেন দেখছি। খেলার কোনো ক্লান্তিই নেই...জাহাঙ্গীর আলম: এটা একটা মজার খেলা। বুঝলে এবং খেললে এর চেয়ে মজা আর নেই। মজাটা কেমন?জাহাঙ্গীর: ধরেন, একজনকে ডজ দিয়ে ঢুকতে পারলে পয়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকে। আর হলো গতি। বল নিয়ে যত গতিতে সামনে যাবেন, তত ভালো। আসলেই খেলাটা মজার। খেলার নিয়মটা কী?জাহাঙ্গীর: তিনভাবে পয়েন্ট হয়। দৌড়ে গিয়ে দাগের বাইরে বল বসাতে পারলে সবচেয়ে বেশি ৫ পয়েন্ট। ৫ পয়েন্ট পেলে পেনাল্টি পাওয়া যায়। গোলপোস্টের ওপরে থাকা বাঁশের ওপর দিয়ে মারলে ২ পয়েন্ট। আর ফ্রি-কিকে তিন পয়েন্ট। এই খেলায় তো সামনে পাস দেওয়া যায় না...জাহাঙ্গীর: এটাই আসল মজা। ফুটবলে সামনে পাস দেওয়া যায়, রাগবিতে পেছনে পাস দিতে হয়। ফুটবল পায়ে মারতে হয়, রাগবি হাতে। সামনে পাস দিলে ফাউল। নিয়ম ভিন্ন হলেও অনেকটা ফুটবলের মতো। কীভাবে এই খেলায় এলেন?জাহাঙ্গীর: এই যে দেখলেন আমরা সব খেলোয়াড়ই আসলে ফুটবলার। আমরা পাইওনিয়ার লিগে খেলছি। তৃতীয় বিভাগেও খেলেছি। বছর তিনেক আগে মৌসুম ভাই (মৌসুম আলী) এই খেলাটা শুরু করেন বাংলাদেশে, তখন ঝটিকা ক্লাবে আমাদের কোচ ছিলেন হাবিব। উনি আমাদের এই খেলায় নিয়ে এসেছেন। মানুষ জিজ্ঞেস করে না, এটা কী খেল? একজনের গায়ের ওপর গিয়ে সবাই পড়ো...জাহাঙ্গীর: করে না আবার! আমার মা-বাবাই তো জিজ্ঞেস করে, কিরে তোরা দেখি ৭-৮ জনে মাঠে একসঙ্গে গড়াগড়ি খাস। সবাই জাপ্টাজাপ্টি করস, ঘটনাটা কী? ব্যথা পান না? পল্টনের এই মাঠ তো অনেক শক্ত।জাহাঙ্গীর: সব সময়ই ব্যথা লাগে। আজও ৪-৫ জনের লাগছে। কারও হাত ছিলে গেছে, কারও পা। এর আগে কারও হাত মচকে গেছে, কারও দাঁতই পড়ে গেছে। খেলার সময় কখন বেশি আনন্দ পান? জাহাঙ্গীর: ধরেন বল নিয়ে দৌড়ে যাচ্ছি, আমার পেছনে ম্যান আছে, ওকে ডজ দিয়ে বল পেছনে দিয়ে দিলাম। সে ঢুকল। সে না পারলে হয়তো আরেকজনকে দিল। এই সময়টা খুব মজা লাগে। প্রতিপক্ষ খেলোয়াড়দের বোকা বানানো যায়। অন্য খেলায় এটা করা যায় না। এখানে সব নিয়মকানুন আপনারা মেনে চলেন?জাহাঙ্গীর: সব মানা যায় না। যেমন এটা ১৫ জনের খেলা। মাঠ ছোট বলে আমরা প্রতি দলে ৭ জন করে খেলছি। খেলে কিছু পান? জাহাঙ্গীর: জার্সি-বল দেয় রাগবি অ্যাসোসিয়েশন। প্রতিদিন যাতায়াত খরচ দেয় ৫০ টাকা। আর কিছু পাই না। তবে কিছু পাওয়ার আশা আছে। কর্মকর্তারা আমাদের বলেছেন, ‘তোমরা খেলো, পরে কিছু একটা পাবা।’ তাহলে আপনারা চলেন কীভাবে?জাহাঙ্গীর: আমাদের সবারই ব্যবসা-ট্যবসা আছে। কোনো রকমে চলে যায় আর কি! প্র্যাকটিস করেন কোথায়?জাহাঙ্গীর: আমরা সবাই একই গ্রুপ। ফোন করলে সবাই চলে আসি মাহুতটুলীতে। সেখানে সপ্তাহে ৪-৫ দিন প্র্যাকটিস করি।