‘এই জয় ভাগ্যগুণে পাওয়া নয়’
‘এই জয় ভাগ্যগুণে পাওয়া নয়। এটি কোনো দুর্ঘটনাও নয়। আপনারা যাঁরা আমাকে সমর্থন দিয়েছেন, তাঁরাই এ জয় ছিনিয়ে এনেছেন।’দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর সমর্থকদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় এ অনুভূতি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।চূড়ান্ত ফল ঘোষণার ঠিক আগ দিয়ে ওবামা ছিলেন শিকাগোতে। সেখানে বসেই তিনি তাঁর সমর্থকদের শুভেচ্ছা জানান। ওবামা বলেন, ‘আমি কিছুক্ষণের মধ্যেই শিকাগোয় উপস্থিত সবার উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছিলাম। কিন্তু এ মুহূর্তে আপনাদের ধন্যবাদ জানানোকেই আমি কর্তব্য মনে করছি।’পুনরায় নির্বাচিত এই প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা আমার পক্ষে জনসমর্থন তৈরি করেছেন। আমার প্রচারণার মালিকানা আপনারাই গ্রহণ করেছেন। পাঁচ-দশ ডলার জমা দিয়ে এর তহবিল গড়ে তুলেছেন। প্রতিকূলতা ঠেলে এ বিজয়কে সামনে নিয়ে গেছেন।’সমর্থকদের প্রতি নিজের আন্তরিক কৃতজ্ঞতা ব্যক্ত করে ওবামা আরও বলেন, এই জনসমর্থনের প্রতি সম্মান রেখে তিনি আরও চার বছর দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।গত চার বছরের অসমাপ্ত কাজগুলো ওবামা এই মেয়াদে শেষ করবেন বলে ই-মেইলে সমর্থকদের কথা দিয়েছেন।ওবামা বলেন, নির্বাচনের এই ফলাফল প্রমাণ করেছে যে সাধারণ মার্কিনরা অনেক কঠিন পরিস্থিতির মধ্যেও অনেক কিছু অর্জন করে নিতে জানে।ই-মেইলের শেষে এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি আছে বলে সমর্থকদের মনে করিয়ে দেন ওবামা। রয়টার্স।