ইউএস ওপেন খেলতে যুক্তরাষ্ট্রে যাবেন আগামী মাসে। এটা তাঁর ক্যারিয়ারে বড় এক বাঁক। সেখানে খেলার প্রস্তুতি, নিজের সাম্প্রতিক পারফরম্যান্স ও অন্যান্য প্রসঙ্গে কথা বললেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান আগামী ১৬ জুন শুরু ইউএস ওপেন। বাছাইপর্ব খেলছেন শুনলাম?সিদ্দিকুর রহমান: খেলার তো ইচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ভিসাই তো পাচ্ছি না। কেন ভিসা পাচ্ছেন না?সিদ্দিকুর: হাতে সময় খুব কম। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য যে সময়টা দেওয়া দরকার, সেই সময়টা আমি আসলে দিতে পারছি না। তাই খুব কঠিন হয়ে পড়েছে। তবে আশা ছাড়ছি না, এখনো প্রক্রিয়া চলছে, দেখি কী হয়। চূড়ান্ত পর্বে খেলার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী?সিদ্দিকুর: আগে তো বাছাইপর্ব খেলি। তারপর দেখি কোয়ালিফাই করতে পারি কি না। বাছাইপর্ব খেলতে আমাকে ২ জুনের আগেই ওখানে যেতে হবে। এ জন্যই ভিসা নিয়ে ঝামেলায় পড়ে গেছি। প্রথমবারের মতো ইউএস ওপেনে খেলবেন। প্রস্তুতি কেমন আপনার?সিদ্দিকুর: (হেসে) প্রস্তুতি অবশ্যই ভালো। আমাকে প্রথমে কোয়ালিফাই করতে হবে। বাছাইপর্ব থেকে চারজন উঠবে চূড়ান্ত পর্বে। বাছাইয়ে সম্ভবত ৭০ জন খেলছে। ৭০ জনের মধ্যে চতুর্থ হওয়া অনেক কঠিন। মালয়েশিয়ান ওপেনে অষ্টম, ইন্দোনেশিয়ান মাস্টার্সে তৃতীয়। এরপর ব্যালেন্টাইন ও ফিলিপাইনে ৪৩ ও ৩৭তম। হঠাৎ পারফরম্যান্স খারাপ হলো কেন?সিদ্দিকুর: এটা খেলারই অংশ। ফিলিপাইনে একসময় আমি ১৩তম স্থানে ছিলাম। তখন আমার লক্ষ্য ছিল আমি জিতব। তাই খুব আক্রমণাত্মক খেলছিলাম। কিন্তু এভাবে খেলতে গিয়ে ফল হলো উল্টো। ছোট টুর্নামেন্টে হোঁচট খেলাম। এতে শিক্ষা হলো। ইন্দোনেশিয়ান মাস্টার্সে তো বিশ্বের এক নম্বর খেলোয়াড় লি ওয়েস্টউডের সঙ্গে খেললেন, কেমন অভিজ্ঞতা হলো?সিদ্দিকুর: দ্বিতীয় দিন থেকে ওর সঙ্গে কথাবার্তা ভালোই হচ্ছিল। আমি যখনই ভালো শট খেলি, তখনই ও আমাকে উৎসাহ দিয়েছে। আমার সঙ্গে ও কথা বলছে, এটা ভেবে আমি উৎসাহ পেয়েছি। তারকাসুলভ অহংকার নেই ওর। সাদামাটা আর খুব হাসিখুশি মানুষ। নিজেই এগিয়ে এসে কথা বলে। বেশির ভাগ সময়ই বিদেশে থাকতে হচ্ছে, দিনলিপি কি পাল্টে গেছে? ঠাসা সূচির এই জীবন কেমন উপভোগ করছেন?সিদ্দিকুর: এই জীবনটা অনেক উপভোগ করি। আমার স্বপ্নই ছিল, পেশাদার গলফ খেলব। দেশবিদেশে ঘুরব। যদিও অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি। তার পরও যতটুকু ক্লান্তি, এর চেয়ে বেশি উপভোগ করি। বিদেশে খেলার বাইরে অবসর কীভাবে কাটান। দর্শনীয় কোথাও কি বেড়াতে যান?সিদ্দিকুর: উল্লেখযোগ্য দর্শনীয় স্থান থাকলে যাই। অনেকে কেনাকাটা করে। শপিংমলে ঘোরে। আমার অবশ্য সে রকম কিছু ইচ্ছা করে না। দেশে এলে কী করেন?সিদ্দিকুর: গলফ খেলি। ভালো না লাগলে বাসায় চলে আসি। আজ যেমন খুব ভালো লাগছে। মা-বাবা আর পরিবারের সবাইকে নিয়ে অনেক মজা করলাম। একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করলাম। সময়টা খুব উপভোগ করছি।