‘এই টেস্ট সেই টেস্ট, কত টেস্ট...’
‘দুই-আড়াই হাজার ধরনের টেস্ট আমাদের মেডিকেল সেন্টারে করা যায়! নির্দিষ্ট করে কোন টেস্টের কথা বলব? তারচেয়ে অফিস টাইমে সময় কইরে আসেন, তখন সবকিছু জানতে পারবেন।’ অনেকটা স্বগতোক্তি করেই বললেন নগরের কাজলশাহ এলাকার পপুলার মেডিকেল সেন্টার লিমিটেডের ‘অনুসন্ধান’ কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত চন্দন আচার্য। ১১ এপ্রিল বিকেল সাড়ে চারটায় কথা হচ্ছিল তাঁর সঙ্গে। তিনি জানালেন, চিকিৎসকেরা রোগনির্ণয়ের জন্য রোগীদের যেসব পরীক্ষার কথা বলে থাকেন, এর প্রায় সবগুলোই এই মেডিকেল সেন্টারে করা যায়।চন্দন আচার্যের কথার সূত্র ধরে নগরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে খোঁজ নিয়ে দেখা যায়, প্রায় প্রতিটিতেই রোগীদের নানা ধরনের পরীক্ষার সুবিধা রয়েছে। রোগীরা অভিযোগ করে, রোগনির্ণয়ের জন্য চিকিৎসকেরা প্রয়োজন ছাড়াই বিভিন্ন ধরনের পরীক্ষা করার জন্য রোগীদের ব্যবস্থাপত্রে লিখে দিচ্ছেন। এমনকি চিকিৎসকেরা ব্যবস্থাপত্রে লিখে দেওয়া পরীক্ষাগুলো করতে একটি নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারের নামও বলে দিচ্ছেন। এসব ডায়গনস্টিক সেন্টারে রোগীদের পাঠানোর বিনিময়ে চিকিৎসকেরা মোটা অঙ্কর টাকা মাসোহারা পাচ্ছেন বলে অধিকাংশ রোগী জানিয়েছে।রিকাবীবাজার এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে দেখা হয় লামাবাজারের বাসিন্দা চল্লিশোর্ধ্ব আবদুস সালামের সঙ্গে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কয়েক দিন ধরে বুকে ব্যথা অনুভব করায় ডাক্তার দেখাতে এসেছিলাম। ডাক্তার সাহেব মিনিট দুয়েক আমার কথা শুনে কয়েকটি টেস্ট করার পরামর্শ দিলেন এবং ওই টেস্টগুলো যেন আমি একটি নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে করি, তাও বললেন। আমি ঠিক বুঝতে পারছি না, বুকে ব্যথা হলে কয়েকটি টেস্ট করতে হবে কেন? আমার যতদূর মনে হয়, কমিশন পাওয়ার জন্য ডাক্তার সাহেব অযথাই এই টেস্টগুলো আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন।’‘এই টেস্ট-সেই টেস্ট, কত টেস্ট...’—এ ধরনের একটি বিজ্ঞাপন আওড়িয়ে কুমারপাড়া এলাকার গৃহিণী নাজমুন আরা বেগম বলেন, ‘ডাক্তার দেখাতে গেলেই এখন অসংখ্য টেস্ট করা অনেকটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। সেটা টেস্ট করা লাগুক আর না-ই লাগুক। আগে তো এ ধরনের ছিল না। এখন ডাক্তাররা অনেকটা কসাইয়ের মতো আচরণ করে থাকেন। ডায়াগনস্টিক সেন্টারগুলোর ব্যবসার পসার ডাক্তাররাই তৈরি করে দিচ্ছেন।’