‘এই দলের সবকিছুই জেতা সম্ভব’
বলছেন ফ্যাবিও ক্যাপেলো তাঁর বিশ্বকাপ অভিজ্ঞতা সুখকর নয়। ১৯৭৪ বিশ্বকাপ খেলেছেন ইতালির হয়ে। সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ১৯৭০-এর রানার্সআপরা। ৩৬ বছর পর ফ্যাবিও ক্যাপেলো আবারও যাচ্ছেন বিশ্বকাপে, কোচ হয়ে। এবার আর ব্যর্থতা নয়, সাফল্যের সুলুক সন্ধানই করছেন ইংল্যান্ডের এই ইতালিয়ান কোচ। ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাৎকার কোচ হিসেবে এবারই প্রথম বিশ্বকাপে যাচ্ছেন। কীভাবে প্রস্তুতি নিচ্ছেন?ফ্যাবিও ক্যাপেলো: বিশ্বকাপের অভিজ্ঞতা অবশ্য আমার কাছে নতুন কিছু নয়। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গিয়েছি। এখন আমরা সবকিছুরই প্রস্তুতি নিচ্ছি। সম্ভাব্য যেসব পরিস্থিতির উদ্ভব হতে পারে, সেগুলো নিয়ে চিন্তাভাবনা করছি। সবাই মিলে কঠোর পরিশ্রম করছি। শুধু খেলোয়াড়েরাই নয়; মিডিয়াকে সামলানোর ভার আছে যাদের ওপর; কিট, যাতায়াত, জিনিসপত্র সরবরাহ, আবাসনসহ বিভিন্ন কাজের ভার আছে যাদের ওপর—সবাই খেটে যাচ্ছে। আমার জন্য এটা অনেক বড় দায়িত্ব, কিন্তু তার পরও উত্তেজনাকর। কারণ আমাকে সবকিছু নিয়েই ভাবতে হচ্ছে। জানেনই তো, মাঝেমধ্যে খেলোয়াড়দের অজুহাতের শেষ থাকে না, এটা ভালো ছিল না, ওটা ভালো ছিল না, আমি ঠিকমতো ঘুমাতে পারিনি, মাঠ একটা সমস্যা ছিল...ইত্যাদি ইত্যাদি। বিশ্বকাপের সময় প্লেয়িং কন্ডিশন কেমন থাকবে বলে মনে করছেন?ক্যাপেলো: আপনি যখন সমুদ্রতটবর্তী মাঠে খেলবেন, যেটা আমাদের পোর্ট এলিজাবেথ, কেপটাউন আর ডারবানে খেলতে হবে; বাতাস থাকবে আর্দ্র, এর পর রাস্টেনবার্গ থাকবে খুবই ঠান্ডা। গত বছর জোহানেসবার্গ আর ব্লুমফন্টেইনে আমি দুটো ম্যাচ দেখেছিলাম, তাপমাত্রা ছিল মাত্র দুই ডিগ্রি, তীব্র ঠান্ডা। এ ধরনের কন্ডিশনে প্রাণশক্তি ধরে রাখা খুবই কঠিন। অবশ্য ইংলিশ খেলোয়াড়েরা এ ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত। এটা তাই আমাদের জন্য ভালোই হবে। এটাকে আমরা অজুহাত হিসেবে দেখাতে পারব না। সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে যে ম্যাচগুলো আছে, সেই ম্যাচগুলোয় কি গোলরক্ষকদের জন্য কোনো সমস্যা হবে?ক্যাপেলো: উচ্চতা খুব বেশি কোনো সমস্যা হবে না। তবে ক্রস করার সময় বলের বাঁক খাওয়া কিংবা দূরপাল্লার শটে প্রভাব ফেলতে পারে। গোলরক্ষকদের জন্য খুবই জরুরি হবে বলের বাঁকটা বুঝতে পারা। এবার দূরপাল্লার শট অনেক বেশি হবে। (অনুমানের চেয়ে বেশি দ্রুতগতিতে বল আসবে বলে) বল এখনো অনেক দূরে আছে ভেবে গোলরক্ষক যদি নির্ভাবনায় থাকে, তাহলে সেটি হবে একটি ভুল। আরও একটা সমস্যা হতে পারে। গোলরক্ষক হয়তো ভাববে, বল নিচের দিকে নেমে আসবে। সেটা না করে বল ওপরের দিকেই থেকে যাবে। ইংলিশ ফুটবল নিয়ে আপনার আগে ভাবনার সঙ্গে এখনকার ভাবনার কী পরিবর্তন দেখেন?ক্যাপেলো: ইংলিশ ফুটবলারদের সম্পর্কে আমি আমার ভাবনা পুরোপুরি পাল্টে ফেলেছি। ইতালিতে থাকার সময় টিভিতে যখন ওদের খেলা দেখতাম, মনে হতো ইংলিশ খেলোয়াড়েরা কেবল শক্তিশালী, দৃঢ় এবং দ্রুতগতির, কিন্তু কৌশলগতভাবে খুব ভালো নয়। কিন্তু ওদের সঙ্গে কাজ শুরু করার সময়ই বুঝতে পারলাম, ওদের মান কত উঁচুতে। এর ফলে ওদের কাছে আমি কী চাই, সেটা বোঝানো আমার পক্ষে আরও সহজ হয়ে গেছে। এ মানের খেলোয়াড়েরা দলে থাকলে সবকিছুই জেতা সম্ভব। আর ইংলিশদের খেলার ট্যাকটিক্যাল দিকটায় কী কী পরিবর্তন এসেছে?ক্যাপেলো: এখানে কাজ শুরুর পর থেকেই দেখছি, ক্লাবের কোচরা খেলার ধরনে অনেক পরিবর্তন এনেছেন। লম্বা বলগুলোর ক্ষেত্রেই শুধু নয়; পরিবর্তন দেখেছি আরও ভালো সমন্বয় এবং প্রতিপক্ষের জন্য গোল করার কাজটি কঠিন করে তোলার মধ্যেও। আগের তুলনায় দলগুলো এখন বলে আরও বেশি দখল রাখে। হ্যাঁ, এখনো এমন অনেক দল আছে, যাদের সেই মানের খেলোয়াড় নেই। ফলে লম্বা পাসই তাদের জন্য সবচেয়ে ভালো উপায়। ভিন্ন ভিন্ন ঘরানার ফুটবলের অনুসারী বিদেশি খেলোয়াড়দের হাত ধরে এসেছে কিছু কিছু পরিবর্তন, কিছু পরিবর্তন এসেছে বিদেশি কোচদের হাত ধরেও। বিশ্বকাপে আপনি কি কোনো প্রাথমিক লক্ষ্য স্থির করেছেন?ক্যাপেলো: না, আমি প্রতিটি ম্যাচেই ভালো খেলতে চাই। পেনাল্টি শ্যুট-আউট নিয়ে তো এক ধরনের আতঙ্ক আছে ইংলিশদের মধ্যে?ক্যাপেলো: পেনাল্টি আসলে সবগুলো দলের জন্যই একটা সমস্যা। বাজ্জো তার শটটা বারের ওপর দিয়ে মেরেছিল বলেই ইতালি ১৯৯৪ বিশ্বকাপ জিততে পারেনি। সম্প্রতি ওকে বলতে শুনেছি, পুরো জীবনে ওই একটা শটই সে ওপর দিয়ে মেরেছে। পেনাল্টি জিনিসটাই আসলে এমন। আপনি হয়তো জানেন, দলের কোন খেলোয়াড়েরা পেনাল্টি শটে ভালো। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময় শেষে, দুই ঘণ্টা ফুটবল খেলার পর অনেকেই ক্লান্ত হয়ে পড়ে। কারও কারও পেশিতে টানও ধরে। এই পরিস্থিতি জয় করাটাই হলো আসল।