‘এই দেশটাকে খুব মিস করেছি’
‘এই দেশটাকে খুব মিস করেছি। খুব বেশি মিস করেছি নুহাশ পল্লী। নুহাশ পল্লীর গাছ, বাতাস ও পরিবেশ। বন্ধুদের মিস করেছি।’ক্যানসারের চিকিত্সার জন্য আট মাস যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরে এভাবেই দেশ ও নুহাশ পল্লী নিয়ে নিজের আবেগ ও অনুভূতি প্রকাশ করলেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।আজ শুক্রবার ভোররাত চারটার দিকে হুমায়ূন আহমেদ স্ত্রী মেহের আফরোজ শাওন ও দুই ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে ঢাকায় পৌঁছান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাছের মানুষেরা তাঁদের স্বাগত জানান। কেমন আছেন—জানতে চাইলে বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখক বলেন, ‘আমি ভালো আছি। আগেও ভালো ছিলাম, এখনো ভালো আছি, আর মৃত্যুর আগ মুহূর্তেও ভালো থাকব।’ জানালেন এবার মায়ের সঙ্গে দেখা করতে তিনি দেশে এসেছেন।যুক্তরাষ্ট্রে খুব ভালো চিকিত্সা হচ্ছে জানিয়ে হুমায়ূন আহমেদ বললেন, ২০ দিন দেশে থাকবেন। জানালেন, তাঁর লেখালেখি থেমে থাকেনি। লেখালেখি চলতে থাকবে। পাঠকদেরও তো আর বঞ্চিত করতে পারব না।শাওন জানালেন, হুমায়ূন আহমেদের ক্যানসার ছড়িয়ে পড়েছিল। এখন একটা পর্যায়ে এসেছে। দেশ থেকে ফিরে গিয়ে অস্ত্রোপচার করতে হবে। অস্ত্রোপচার সফল হলে পরবর্তী আর কোনো চিকিত্সা লাগবে না। তবে চিকিত্সকেরা তাঁকে নিয়ন্ত্রিত জীবনযাপনের কথা বলেছে বলে শাওন জানান। মানুষজনের সঙ্গে কথা বলা বা দেখা করা থেকে বিরত থাকার পরামর্শও আছে হুমায়ূনের প্রতি।বিমানবন্দর থেকে হুমায়ূন আহমেদ সরাসরি চলে যান গাজীপুরে তাঁর নুহাশ পল্লীতে।বৃহদান্ত্রের ক্যানসারের চিকিত্সার জন্য গত বছরের ১৪ সেপ্টেম্বর হুমায়ূন আহমেদ যুক্তরাষ্ট্রে যান। তিনি নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান-কেটারিং ক্যানসার সেন্টারে চিকিত্সা নেন। দুই পর্বে তাঁকে ১২টি কেমোথেরাপি দেওয়া হয়। এরপর গত সপ্তাহে এমআরআই করা হয় তাঁর। এমআরআই প্রতিবেদন পর্যালোচনা করে চিকিত্সকেরা গত সোমবার হুমায়ূন আহমেদের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।নিউইয়র্ক সিটির বেলভ্যু হাসপাতালে আগামী ১২ জুন অস্ত্রোপচারের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের তৃতীয় পর্বের চিকিত্সা শুরু হবে।