পরাজয়ে হতাশায় মুষড়ে পড়েননি। সামনে বরং আশা দেখছেন। এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে ফিলিস্তিনের কাছে হারের পর বাংলাদেশ কোচ প্রশংসাই করেছেন খেলোয়াড়দের। ম্যাচের পর লোডভিক ডি ক্রুইফকে লাগল সত্যিকারের একজন অভিভাবকের মতোই ম্যাচটা জেতার মতো খেলেও হার। এ মুহূর্তে আপনার অনুভূতি কী?লোডভিক ডি ক্রুইফ: পরাজয় সব সময়ই হতাশার। আমি সব ম্যাচেই জিততে চাই। তবে এই পরাজয়ে আমি হতাশ নই। ছেলেরা ভালো খেলেছে। চেষ্টা করেছে জেতার জন্য। হলো না, কী আর করা! বাংলাদেশ ম্যাচটা কেন হারল? আপনার বিশ্লেষণ কী?ক্রুইফ: সোজা কথায়, রক্ষণের ভুলে আমরা ম্যাচে একমাত্র গোলটা খেয়েছি। এটা ঠিক হয়নি। ওই সময় ম্যাচটা আরও ধরে খেলা দরকার ছিল। তবে এটাও ঠিক, ওই ভুলটা না হলে ম্যাচের গল্পটা অন্য রকম হতে পারত। ম্যাচের টার্নিং পয়েন্ট কী ছিল?ক্রুইফ: শেষ ২৫ মিনিট। এ সময় ওরা দুই পাশ থেকে আক্রমণ করেছে। ফিলিস্তিনের খেলোয়াড়েরা শারীরিকভাবে অনেক শক্তিশালী। উচ্চতায়ও আমাদের চেয়ে এগিয়ে। এটা বড় দিক এ ম্যাচের। আমরা আসলে শেষ পর্যন্ত সমানতালে খেলতে পারিনি। শারীরিকভাবেই বাংলাদেশের ফুটবলাররা অনেক পিছিয়ে। এই ঘাটতিটা কীভাবে দূর করবেন?ক্রুইফ: হ্যাঁ, এটা বাস্তবতা। আমাদের ছেলেরা ফিলিস্তিনের চেয়ে পিছিয়ে ছিল। এখন আমি তো খেলোয়াড়দের শারীরিকভবে বড় বানাতে পারব না। আমি চাই, তাদের ফিটনেস লেবেলটা আরও বাড়াতে। ওদের আরও ফিট হতে হবে। যাতে আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে আরও মানিয়ে নিতে পারে। শাখাওয়াতের মিসটা নিশ্চয়ই আপনাকেও আক্ষেপে পোড়াচ্ছে?ক্রুইফ: অবশ্যই শাখাওয়াতের মিসটা খুবই হতাশার ছিল। ওটা গোল হয়ে গেলে ম্যাচটা আমরা জিততেও পারতাম। তবে ফুটবলে এমন হতেই পারে। শাখাওয়াতের ওপর আমার কোনো ক্ষোভ নেই। সে চেষ্টা করেছে, হয়নি। এখন এফসি চ্যালেঞ্জ কাপের পরের দুটি ম্যাচ নিয়ে কী ভাবছেন? বাংলাদেশ চূড়ান্ত পর্বে যেতে পারবে?ক্রুইফ: আশা ছাড়ছি না আমি। ফিলিস্তিনের কাছে পরাজয়ে আমাদের সব শেষ ব্যাপারটা এমন নয়। আমাদের এখনো সুযোগ আছে। আশা করি, সামনের দুটি ম্যাচে আমরা জিতব এবং চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করব। সেই সামর্থ্য আমাদের আছে বলেই আমার বিশ্বাস। গত ২২ ফেব্রুয়ারি আপনি এই দলটার দায়িত্ব নিয়েছেন। এই কদিনে কেমন উন্নতি দেখলেন?ক্রুইফ: উন্নতি তো আছেই। ছেলেরা শিখছে। ভালো করার ইচ্ছে সবার মধ্যেই আছে। তবে দল নিয়ে আরও কাজ করতে হবে আমাদের। আমি তো আসলে সময় পাইনি। আপনি ডাচ কৌশলে খেলাতে চান বাংলাদেশকে। তা প্রথম ম্যাচটায় আপনার পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে দল?ক্রুইফ: হ্যাঁ, আমার পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে ছেলেরা। এটা নিয়ে আমি খুশি। তবে ওই যে বললাম, আরও কাজ করা দরকার। সবাইকে ধৈর্য ধরতে হবে। এক দিনেই সব হয়ে যাবে না। আমরা এখন শেখার পর্যায়ে আছি। এমনিতে আপনি নিজে কতটা উপভোগ করছেন নতুন এই দায়িত্ব? ক্রুইফ: আমি অবশ্যই উপভোগ করছি। কোনো জাতীয় দল নিয়ে এটি ছিল আমার প্রথম ম্যাচ। জিততে পারলে খুবই ভালো লাগত। তবে এটা বলতে পারি, আমার খারাপ লাগছে না। সামনে অনেক পথ। সবার সহযোগিতা চাই। এ ম্যাচ শেষে ফুটবলারদের আপনি কী বলেছেন?ক্রুইফ: সেভাবে কথা হয়নি। তবে সামনে এটাই বলব, দেশের জন্য খেলো। ষোলো কোটি মানুষের প্রতিনিধি তোমরা। কাজেই নিজের সেরাটা দাও মাঠে।