‘এই পুরস্কার অনেক বড় প্রেরণা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে মেয়েদের খেলাধুলা মানেও একটা যুদ্ধ। সাফ মহিলা ফুটবলে অংশ নিতে বাংলাদেশে আসা আফগানিস্তানের মিডফিল্ডার হাইলি আরগান্দিওয়াল সেই যুদ্ধেরই একজন যোদ্ধা। টুর্নামেন্টে আফগানিস্তানের সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে ল্যাপটপ জিতে দারুণ খুশি তিনি টুর্নামেন্টে আফগানিস্তানের সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে ল্যাপটপ পেলেন, কেমন লাগছে? হাইলি আরগান্দিওয়াল: তা তো অবশ্যই খুব ভালো লাগছে। এই স্বীকৃতি আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। এটাই আমার ক্যারিয়ারের প্রথম পুরস্কার। আফগানিস্তানে মেয়েদের ফুটবল তো বেশি দিন শুরু হয়নি...হাইলি: হ্যাঁ। মেয়েদের ফুটবল বছর তিনেক শুরু হয়েছে। আমার মনে আছে, প্রথম ম্যাচ হয়েছিল কাবুলের আর্মি স্পোর্টস ক্লাব মাঠে। আইএসএফ (ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্স) দলের বিপক্ষে। ইউরোপিয়ান ফুটবল কি দেখেন?হাইলি: ইউরোপিয়ান ফুটবলের নিয়মিত দর্শক বলতে পারেন আমাকে। বার্সেলোনার খেলা খুবই ভালো লাগে। লিওনেল মেসি আমার প্রিয় খেলোয়াড়। আফগানিস্তানে তো মেয়েদের খেলাধুলায় অনেক বাধা। একটু বলবেন, কী কী সমস্যার মধ্য দিয়ে যেতে হয় আপনাদের?হাইলি: আমাদের পর্যাপ্ত মাঠ নেই, বল নেই। অনুশীলনের জায়গা পাই না সব সময়। এখানে-সেখানে ঘুরেফিরে অনুশীলন করা লাগে। হয়তো অনুশীলন শুরু করলাম, হুট করে হেলিকপ্টার নামল মাঠে। বাধ্য হয়ে অনুশীলন বন্ধ করে বসে থাকতে হয়। তবে এত কষ্ট করার পরও যে খেলছি, ভালো করছি...এটা ভেবে খুব ভালো লাগে। এখানে আসার আগে মাত্র ১০ দিনের অনুশীলন করেছি। পরিবার থেকে কেমন সমর্থন পাচ্ছেন?হাইলি: আমরা ক্রীড়াপ্রেমী পরিবার। আমার বড় ভাই ইদ্রিস জাতীয় দলের ফুটবলার। ওই দেখুন আমার বাবা (হাতের ইশারায় এক ভদ্রলোককে দেখিয়ে)। উনি এখানে এসেছেন আফগানিস্তান ফুটবল দলের কর্মকর্তা হিসেবে। বাবা আমাকে সব সময়ই উৎসাহ দেন। তাঁর স্বপ্ন, আমি অনেক বড় ফুটবলার হব।  গ্যালারিতে কয়েকজন দর্শকের হাতে ছিল আফগানিস্তানের পতাকা। দেখেছিলেন?হাইলি: হ্যাঁ, খেয়াল করেছি। এটা অবশ্যই একটা খুশির ব্যাপার। আমাদের প্রতি এ দেশের মানুষের সমর্থন আছে দেখে বেশি ভালো লাগছে। তালেবান শাসনের অভিজ্ঞতার কথা বলুন। খেলতে পারতেন তখন?হাইলি: ওই সময়ের কথা মনে হলে গা শিউরে ওঠে। আমরা তো বাড়ির বাইরেই যেতে পারতাম না। যেতে হলে বোরকা পরতে হতো। মেয়েদের কোনো খেলাধুলারই অনুমতি ছিল না। টিভি দেখাও ছিল নিষিদ্ধ। সারাক্ষণ ঘরের মধ্যে বন্দীর মতো কাটাতে হতো। আমাদের সব রকম খেলা শুরু হয় তালেবান-পরবর্তী সময়ে। ফুটবল ছাড়া ক্রিকেটেও তো আফগানিস্তান এগিয়ে যাচ্ছে?হাইলি: হ্যাঁ। আমাদের ছেলেদের ক্রিকেট দল গত এশিয়ান গেমসে ফাইনালে খেলেছিল। আমাদের ক্রিকেট দলটা খুব প্রতিভাবান। ফুটবল ছাড়া আর কী কী খেলে আফগান মেয়েরা? হাইলি: হ্যান্ডবল, টেবিল টেনিস, উশু, তায়কোয়ান্দোও খেলছে আমাদের মেয়েরা।