পরশু রাতে সুখবরটা পেয়ে কাল দুপুরেই ঢাকা পৌঁছে গেছেন রাজশাহীতে জাতীয় লিগ খেলতে থাকা ডলার মাহমুদ। অধিনায়ক-ম্যানেজারের দেওয়া নৈশভোজে না গিয়ে কাল সন্ধ্যায় তাই হোটেলেই বিশ্রাম নিয়েছেন। সঙ্গে হয়তো একটা হিসাবও মেলাচ্ছিলেন—বারবার ডাক পেয়েও কেন স্থায়ী হতে পারছেন না জাতীয় দলে। হুট করেই আবার ডাক পেলেন জাতীয় দলে। শুনে কেমন লেগেছিল?ডলার মাহমুদ: এটা তো আসলে সব সময়ই ভালো লাগার খবর। শুনেই ভালো লেগেছে যে সুযোগ পেয়েছি। তখনই চিন্তা করেছি ম্যাচ খেলার সুযোগ পেলে কাজে লাগাতে হবে। আশা করেছিলেন এ রকম কিছু ঘটতে পারে?ডলার: স্ট্যান্ডবাই ছিলাম এই সিরিজের জন্য। মাথায় ব্যাপারটা ছিল যে কারও ইনজুরি হলে বা কেউ খারাপ খেললে হয়তো আমার ডাক পড়তে পারে। মানসিকভাবে তাই তৈরি ছিলাম। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেই ২০০৮-এ জাতীয় দলে এসেছিলেন। কিন্তু এর পর থেকে আসা-যাওয়াই করছেন। কেন এ রকম হচ্ছে?ডলার: আসলে এই প্রশ্নটা আমার নিজের কাছেও—এ রকম কেন হচ্ছে? স্বপ্ন যে রকম ছিল, ক্যারিয়ারটা সেভাবেই শুরু হয়েছিল। সবই ঠিকঠাকভাবে চলছিল। কিন্তু যেখানে ভালো খেলা জরুরি, যেটার জন্য এত কষ্ট, সেখানেই স্থায়ী হতে পারছি না। কষ্ট লাগে সে জন্য। তবে আমি আত্মবিশ্বাসী, এই পর্যায়েও আমি পারফরম্যান্স করতে পারব। পাকিস্তানে গত এশিয়া কাপে খুব বাজে বোলিং করেছেন। আপনার খেলা সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজেও ভালো পারফরম্যান্স ছিল না। আবার জাতীয় দলে ডাক পাওয়ার পর এসব স্মৃতি তাড়া করছে না তো?ডলার: খারাপ দিন-ভালো দিন এসব ক্রিকেটের অংশ। আগে কী হয়েছে, সেসব নিয়ে তাই ভাবছি না। আগে খারাপ গেছে, হয়তো এরপর খেলতে নামলেই ভালো কিছু হবে। খারাপ সময় নিয়ে ভাবতেই হবে এমন কিছু না। ভালো দিনও আসবে। গত বছর জিম্বাবুয়ে সফরে তো ভালো দিন এসেছিলও...বদলি হিসেবে উড়ে গিয়ে প্রথম ম্যাচেই ৪ উইকেট পেলেন। তখন কি মনে হয়েছিল ভালো দিন শুরু হয়ে গেল?ডলার: সব সময় একটা ভালো মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। সেটা পাওয়ার পর তা ধরে রাখতে চেয়েছিলাম। দুর্ভাগ্য, এরপর দেশে একটা ম্যাচ খারাপ করার পরই বাদ পড়লাম। তাতে আমার খারাপ লাগলেও ক্ষোভ নেই। দলের স্বার্থে বাদ দিলে তো আর আমার কিছু করার নেই। খেলার সুযোগ পেলে ভালো করার ব্যাপারে কতটুকু আশাবাদী?ডলার: আত্মবিশ্বাস না থাকলে কোনো পর্যায়ের ক্রিকেটেই ভালো করা সম্ভব না। যদি মনে মনে ভাবতে থাকেন ‘আমি ভালো করতে পারব না’, তাহলে ভালো করা সম্ভবও না। এটা নিজের ক্ষতিই করে। ভালো করার সম্ভাবনা কম। সে জন্য আত্মবিশ্বাসটা জরুরি যে, ভালো করতে পারব। নতুন বোলিং কোচের সঙ্গে তো কয়েক দিন কাজ করার সুযোগ পেলেন। বিশেষ কিছু বলেছেন উনি আপনার বোলিং নিয়ে?ডলার: উনি এসেছেন এই সিরিজের আগে আগে। টেকনিক্যাল ব্যাপারে এখনো সেভাবে কথা বলেননি কোচ। মৌলিক বিষয়গুলো দেখাচ্ছেন, সঙ্গে বিশেষ ধরনের একটা স্লোয়ার ডেলিভারি শেখানোর চেষ্টা করছেন, যেটা রপ্ত করতে পারলে আমাদের ভালোই হবে। তবে উনি বলেছেন, আমার বোলিং অ্যাকশন ঠিক আছে। শুধু লেংথের ওপর নিয়ন্ত্রণ আনতে হবে।